স্মিতা পাতিল স্মারক পুরস্কার পাচ্ছেন বিদ্যা বালান
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান স্মিতা পাতিল স্মারক পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানিয়েছে, ভারতের চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় বিদ্যা বালানকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বরে মুম্বাইয়ে ওবেরয় হোটেলে এক অনুষ্ঠানে পুরস্কারটি প্রদান দেওয়া হবে।সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষামূলক কাজে জড়িত এনজিও ‘প্রিয়াদর্শিনী একাডেমি’ ১৯৮৪ সাল থেকে এ পুরস্কারটি দিচ্ছে। প্রতি দুই বছর পর এটা দেওয়া হয়।প্রিয়াদর্শিনী একাডেমির চেয়ারম্যান ননিক রূপানী জানিয়েছেন, বিদ্যা বালান একজন চমত্কার অভিনেত্রী। তিনি বেশ আধুনিক এবং মার্জিত ও শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। পা চলচ্চিত্রে তাঁর অভিনয় ছিল অসাধারণ। চলচ্চিত্রের অভিনয়ে অসামান্য অবদান রাখায় আমাদের বিচারকমণ্ডলী তাঁকে এবার নির্বাচন করেছে।২০০৮ সালে প্রীতি জিনতা পুরস্কারটি পান। বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব যশ চোপড়া এবং অভিনেত্রী কারিশমা কাপুর, উর্মিলা মান্ডোটকার, ঐশ্বরিয়া রাই, মাধুরী দিক্ষিত ও কারিনা কাপুরও পুরস্কারটি পেয়েছেন।২০০৫ সালে প্রদীপ সরকারের পরিনীতা ছবির মাধ্যমে নিজেকে প্রকাশ করেন বিদ্যা বালান। এরপর লাগে রাহো মুন্না ভাই, ভুলভুলাইয়া, পা ও ইশকিয়া চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।