একটা অতৃপ্তি নিয়ে শুরু হয়েছিল তাঁদের দিন। ম্যাচের আগে সারি বেঁধে দাঁড়িয়ে, বড় আবেগ নিয়ে তাঁরা গাইছিলেন জাতীয় সংগীত। কিন্তু কী আশ্চর্য, সেই জাতীয় সংগীত বাজাতে হয়ে গেল গড়বড়!ম্যাচে কিন্তু কোনো অতৃপ্তি রাখেনি দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটের বড় জয় দিয়ে শুভসূচনা করেছে বিশ্বকাপে। শুরুর অতৃপ্তিটুকু মুছে গেছে অধিনায়ক গ্রায়েম স্মিথের। তাঁর একের পর এক কৌশল যে দারুণ কাজে দিয়েছে পরশু।প্রথম ওভারেই স্পিনারকে দিয়ে আক্রমণ করিয়েছেন। ১৯৯২ বিশ্বকাপের পর আর কোনো অধিনায়ক যেটি করেননি। ইয়োহান বোথা প্রথম ওভারে উইকেটও এনে দিয়েছেন। স্মিথ জানালেন, ‘এটা নিয়ে আমি পুরো সপ্তাহেই চিন্তাভাবনা করেছি। শুরুর দিকে ওদের দুজন বাঁহাতি। তাই আমি ইয়োহানকে (অফ স্পিনার) বলেছিলাম নেটে বাড়তি একটু অনুশীলন করে নিতে। যখন আপনি নতুন কিছু পরিকল্পনা করবেন, সেটি ফল দিলে দারুণ লাগে। আজ ছিল তেমনই এক দিন।’পরশু তিন স্পেশালিস্ট স্পিনার নিয়েও খেলেছে দক্ষিণ আফ্রিকা। যেটিও বিরল। তাদের জন্য সবচেয়ে আনন্দের সংবাদ এনে দিয়েছেন ইমরান তাহির। বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই লেগ স্পিনার পরশু চারটি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছেন। ‘ওকে আমরা ছোট ছোট স্পেলে বল করাতে চেয়েছি। ও দারুণ বল করেছে’—তাহিরের প্রশংসায় স্মিথ।তবে সবচেয়ে প্রশংসা করলেন ডি ভিলিয়ার্সের, ‘এবি অবিশ্বাস্য ভালো খেলেছে। আসলে অভিজ্ঞতা যত সমৃদ্ধ হবে, আপনি ততই ভালো খেলবেন। পরিস্থিতি বুঝতে পারবেন। আজ ও সেটাই দেখিয়ে দিল। ও এমন একটা উইকেটে খেলেছে, যেখানে হাত খুলে খেলার সুযোগ ছিল না। তার পরও সব সময়ই ও বলের চেয়ে দ্রুত রান করেছে। ও ম্যাচের নিয়ন্ত্রণটা সব সময় আমাদের হাতে রেখেছে।’ম্যাচের নিয়ন্ত্রণ একসময় ওয়েস্ট ইন্ডিজের হাতেও ছিল। যখন দুর্দান্ত ব্যাটিং করছিলেন ড্যারেন ব্রাভো। ১ উইকেটে ১১৩ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে তাদের স্কোর হয়ে যায় ১২০/৪। এরপর ছোট দুটো জুটি। কিন্তু আবারও ১৩ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট ২২২ রানে।অধিনায়ক ড্যারেন স্যামির তাই আক্ষেপ থাকলই, ‘আমরা আরও বেশি রান করার সুযোগ পেয়েছিলাম। আসলে আমাদের দলেও এবির মতো কাউকে ব্যাটিং করতে হতো। ড্যারেন তো দুর্দান্ত ব্যাটিং করল। আশা করব, পুরো টুর্নামেন্টে ও এভাবেই খেলবে। কিন্তু আমরা যখনই উইকেট হারাচ্ছিলাম, একই সঙ্গে বেশ কয়েকটি উইকেট পড়ে যাচ্ছিল।’ এএফপি, ওয়েবসাইট।