‘একাত্তরের বীরযোদ্ধা’ গ্রন্থের প্রকাশনা
স্মৃতি-আলোচনায় ফিরে এল মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলো
এখন তাঁদের মাথায় পক্বকেশ। অনেকেরই অসমর্থ শরীর। জীবনসায়াহ্নে উপনীত তাঁরা। কিন্তু চার দশক আগে তাঁরাই বীরদর্পে এগিয়ে এসেছিলেন জীবন হাতের মুঠোয় করে। দাঁড়িয়ে ছিলেন শত্রুর মুখোমুখি মাতৃভূমির পরাধীনতার নিগড় ছিন্ন করতে। সেই উত্তাল দিনের স্মৃতি ফিরে এসেছিল আবার গতকাল শুক্রবার শেষ চৈত্রের অপরাহে। বহুদিন পর রণাঙ্গনের সঙ্গীকে পেয়ে ভাবাবেগে উদ্বেলিত হয়ে পড়েছিলেন দেশের এই বীর সন্তানেরা।সোনারগাঁও হোটেলের বলরুম পরিণত হয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলায়। উপলক্ষ ছিল খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে একাত্তরের বীরযোদ্ধা নামের গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। তবে গ্রন্থ প্রকাশের রীতিমাফিক আনুষ্ঠানিকতা অতিক্রম করে এই আয়োজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং সমবেত সুধীজনকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল জাতির চিরগৌরবময় মুক্তিযুদ্ধের বীরত্বব্যঞ্জক দিনগুলোতে।বলরুম সাজানো হয়েছিল মুক্তিযুদ্ধের রণাঙ্গনের আলোকচিত্র ও গ্রন্থের প্রচ্ছদের ব্যবহূত মুক্তিযোদ্ধার ছবি দিয়ে। ভেতরে মৃদু শব্দে বাজছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উদ্দীপনা জাগানো গান। বেলা তিনটা থেকেই আসতে শুরু করেছিলেন গ্রন্থভুক্ত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা। সবিনয়ে তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানিয়ে আসন গ্রহণের ব্যবস্থা করে দেওয়া হচ্ছিল। রণাঙ্গনের সঙ্গীদের দেখা পেয়ে পারস্পরিক কুশলবিনিময় ও স্মৃতিচারণায় মগ্ন হয়ে পড়েছিলেন তাঁদের অনেকে। শ্রদ্ধা, গৌরব ও স্মৃতিচারণায় অনুষ্ঠানের পরিবেশটাই হয়ে উঠেছিল আবেগাপ্লুত।তৌহিদুল্লাহ বীর বিক্রম, গোলাম মোস্তাফা বীর প্রতীক, মোজাম্মেল হক বীর প্রতীক ও সায়েদুর রহমান বীর প্রতীক বসেছিলেন এক টেবিলে। বুকে ঝোলানো পদক। যেন ফিরে গিয়েছিলেন তাঁরা চার দশক আগের দিনগুলোতে। তৌহিদুল্লাহ বললেন, ‘এই আয়োজন মনে হচ্ছে আমাদের মিলনমেলা। পুরোনো সঙ্গীদের পেয়ে মনের মধ্যে আবার সেই আগের শক্তি ফিরে পাচ্ছি। মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন অনুষ্ঠানের আয়োজন আরও হওয়া উচিত। অবহেলার শিকার মুক্তিযোদ্ধারা এতে কিছুটা হলেও মনে শান্তি পাবেন।’গ্রন্থের মোড়ক উন্মোচন করে প্রধান অতিথি এ কে খন্দকার বলেন, ‘এই অসমসাহসী সন্তানদের জন্যই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। কোনো কিছুর প্রত্যাশা না করে দেশের জন্য জীবন বাজি রেখে যাঁরা যুদ্ধ করেছিলেন, তাঁদের সম্মান না দিলে আমরা কাদের সম্মান দেব?’ মুক্তিযোদ্ধাদের বীরত্বের বিবরণ নিয়ে গ্রন্থ প্রকাশ এবং এই অনুষ্ঠানের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান তিনি।বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘স্বাধীনতা লাভ করলেও মুক্তির সংগ্রাম আমাদের শেষ হয়নি। ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তির সংগ্রামে আমরা গত চার দশকে অনেক দূর অগ্রসর হয়েছি। অবশ্যই আমরা উন্নত দেশ হিসেবে উঠে দাঁড়াতে পারব।’এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী অ্যান্ড্রু টিল্ক বলেন, ‘বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ নিয়ে আয়োজিত এ ধরনের একটি কর্মকাণ্ডে অংশ নিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।’ এইচএসবিসির বাংলাদেশের করপোরেট প্রধান মাহবুব-উর-রহমান মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এই গ্রন্থ প্রকাশে অংশ নিতে পেরে প্রথম আলোকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানের সূচনা ভাষ্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চার দশক পূর্তি উপলক্ষে প্রথম আলোর নানা কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বের কাহিনি ধারাবাহিকভাবে প্রকাশ করা। এটি ছিল অত্যন্ত দুরূহ কাজ। অনেকেরই ঠিকানা পাওয়া যায় না। অনেকের কথা লোকে বিস্মৃত হয়েছেন। অনেকে মারা গেছেন। প্রথম আলোর সারা দেশের প্রতিনিধিদের সহায়তায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের খুঁজে এই প্রতিবেদনগুলো তৈরি করা হয়েছে।প্রথম পর্যায়ে প্রায় অপরিচিত বা স্বল্প পরিচিতদের নিয়ে বীরত্বের বিবরণ নিয়ে এই গ্রন্থ প্রকাশিত হলো। ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মধ্যে ৩০০ জনের যুদ্ধবৃত্তান্ত এই গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয় খণ্ডে অন্যদের বৃত্তান্ত প্রকাশিত হবে।একাত্তরের বীরযোদ্ধা সংকলনের সম্পাদনা করেছেন মতিউর রহমান, মুক্তিযোদ্ধাদের বৃত্তান্ত সংগ্রহ ও গ্রন্থনা করেছেন রাশেদুর রহমান। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান শোনান মিতা হক, আলম আরা মিনু ও বাপ্পা মজুমদার।