কীভাবে মারা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর? কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত? তাঁর মাথায় কিসের আঘাত লেগেছিল? ওই ঘটনায় প্রক্টরের কী ভূমিকা ছিল?আবু বকর হত্যাকাণ্ডের পাঁচ মাস পেরিয়ে গেলেও এমন অনেক প্রশ্নেরই উত্তর মেলেনি এখনো। বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ— কারও উদ্যোগও নেই এসব প্রশ্নের উত্তর খোঁজার। ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি বা পুলিশ—কেউই প্রকৃত দোষীদের চিহ্নিত করতে পারেনি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করার থাকলেও সেটিও হয়নি।আবু বকর এখন স্মৃতি থেকে প্রায় বিস্মৃতির পথে। তবে ছেলের হত্যাকারীদের বিচার হবে সেই আশায় দিন কাটছে তাঁর বাবা ও মায়ের। টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী গ্রামের দিনমজুর রুস্তম আলী এবং তাঁর স্ত্রী রাবেয়া খাতুন ভেবেছিলেন মেধাবী ছেলে পড়ালেখা শেষ করে তাঁদের দুঃখ ঘোচাবেন। কিন্তু এখন ছেলে হারানোর বেদনা নিয়ে দিন কাটে তাঁদের। আবু বকরের মৃত্যু সম্পর্কে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘বকরের মৃত্যু একটি হত্যাকাণ্ড, এতে সন্দেহ নেই। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই, তবে এটা আমরা করতে পারব না। এটা করবে আদালত।’ বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রস্তাব অনুযায়ী শিগগিরই আরেকটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে বলে তিনি জানান। উপাচার্য বলেন, আবু বকরের পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয়ের নজর আছে। আর্থিক সহায়তার পাশাপাশি বকরের এক ভাইকে একটি বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবারটির খোঁজখবর রাখবে।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ বছরের ১ ফেব্রুয়ারি স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে হলে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে আবু বকর গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ ফেব্রুয়ারি তিনি মারা যান। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ৩ ফেব্রুয়ারি নয় সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করে। কমিটির ২ মার্চে দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করে। প্রতিবেদনে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের সুপারিশ করেছিল। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও এখনো সেই কমিটিই গঠিত হয়নি।মৃত্যুর কারণ এখনো অজানা: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি বলেছে, মাথায় ভারী কিছুর আঘাতেই আবু বকর গুরুতর আহত হন এবং পরে মারা যান। এটি শক্ত ও ভোঁতা কোনো অস্ত্রের আঘাত। তবে সেই ভারী জিনিসটি পুলিশের টিয়ার শেল নাকি অন্য কিছু তা স্পষ্ট হয়নি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সদস্যসচিব ও প্রক্টর কে এম সাইফুল ইসলাম বলেন, ‘আমরা আবু বকরের মৃত্যুর ঘটনা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করিনি। এটা করা সম্ভবও নয়।’তদন্তের কথা ভুলে গেছে হল প্রশাসন: হলের সংঘর্ষ ও আবু বকরের মৃত্যুর ঘটনা তদন্তে এফ রহমান হল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কমিটির প্রধান ছিলেন জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক আবুল কাশেম। তিনি অবশ্য প্রথম আলোকে বলেন, ‘এমন কোনো কমিটি হয়নি।’ পরে তিনিই বলেন, ‘এত দিন পর কেন এ ব্যাপারে বলতে হবে?’ এরপর বলেন, ‘বকরের মৃত্যুর ঘটনায় কোনো তদন্ত কমিটি হয়নি। তবে ঘটনার কারণ অনুসন্ধান ও হল প্রশাসনের ভূমিকা নিয়ে একটি কমিটি হয়েছিল। আমরা অনেক আগে প্রাধ্যক্ষের কাছে এ ব্যাপারে প্রতিবেদন জমা দিয়েছি।’প্রাধ্যক্ষ আবদুস সাত্তার বলেন, ‘আমার কাছে কেউ এ ব্যাপারে কোনো প্রতিবেদন জমা দেয়নি।’ হলের বর্তমান প্রাধ্যক্ষ আজিজুর রহমান বলেন, ‘এমন কোনো তদন্ত কমিটি আছে কি না আমার জানা নেই। আমার কাছে কেউ কোনো প্রতিবেদনও দেয়নি।’ তদন্তে ধীরগতি: সংঘর্ষের পর হলের ছাত্র ওমর ফারুক বাদী হয়ে শাহবাগ থানায় ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলাটিকে পরে হত্যা মামলা হিসেবে বিবেচনা করে তদন্ত করছে পুলিশ। তবে তদন্ত চলছে ধীরগতিতে।অনুসন্ধানে জানা গেছে, মামলাটি স্থবির হয়ে আছে। মামলার তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত বকরের কক্ষের ছাত্রদের সঙ্গে কোনো কথা বলেননি। কারও সাক্ষ্যও নেননি। অনেকেরই আশঙ্কা, এ মামলাটির তদন্ত আর কখনোই হবে না।মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এমদাদুল হক শুক্রবার প্রথম আলোকে জানান, তেমন কোনো অগ্রগতি নেই। এ পর্যন্ত ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ, আহতদের মেডিকেল সনদ চেয়ে চিঠি ইস্যু এবং কয়েকজন আহত ছাত্রের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তদন্ত শেষ হতে কত দিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, এটা বলা সম্ভব নয়। এক সপ্তাহও লাগতে পারে। আবার ছয় মাস বা এক বছরও লাগতে পারে।আবু বকর হত্যার ঘটনায় কয়টি মামলা হয়েছে তা নিয়েও ধোঁয়াশা কাটেনি। প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে শোনা যায়। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও ওই মামলার কথা জানিয়েছেন। তবে শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলাই হয়েছে। ওসির এ বক্তব্য সম্পর্কে প্রক্টর বলেন, ‘আমার জানা মতে আরেকটি মামলা হয়েছিল। এ ব্যাপারে আমি নিশ্চিত। তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার সময় ওই হলের সাবেক প্রাধ্যক্ষও বিষয়টি নিশ্চিত করেছিলেন।’গ্রেপ্তার হয়নি ছয় আসামি: সংঘর্ষের রাতেই শাহবাগ থানার পুলিশ ছাত্রলীগের হল শাখার সভাপতি সাইদুজ্জামান ফারুক, লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের ফয়সাল, ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের জসীম, ইতিহাস বিভাগের প্রথম বর্ষের রফিক ও কায়েস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের রাকিব, সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের আলাল ও দ্বিতীয় বর্ষের জুয়েল এবং হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের রকিবকে গ্রেপ্তার করে।পরের দিন হলের শিক্ষার্থী ওমর ফারুক ওই আটজনসহ আরও ছয়জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করেন। তাঁরা হলেন রনি, আলমগীর, জুয়েল, এনামুল, তুষার ও আলমগীর-২। হলে ওঠার প্রথম দিনে প্রথম বর্ষের তিনজন শিক্ষার্থী জেলে থাকলেও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট পরের ছয় আসামি এখনো গ্রেপ্তার হয়নি। এদের গ্রেপ্তার না করা প্রসঙ্গে তিনি বলেন, এখনো প্রয়োজন হয়নি। প্রয়োজন হলেই গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।প্রক্টরের ভূমিকা প্রশ্নবিদ্ধ: আবু বকরের মৃত্যু ও পুলিশের নির্দয় আচরণ সম্পর্কে হলের ছাত্র এমনকি হল প্রশাসনও প্রক্টর কে এম সাইফুল ইসলামকেই দুষছেন।হল প্রশাসনের অভিযোগ, প্রক্টরের নির্দেশেই সেদিন পুলিশ হলে গিয়েছিল।নাম প্রকাশে অনিচ্ছুক ৫০৩ কক্ষের একজন ছাত্র বলেন, হলে পুলিশ ঢোকানোর নির্দেশ দিয়েছিলেন প্রক্টর। তিনি পুলিশকে নির্দয় আচরণ করতেও বলেছিলেন। অথচ তদন্ত কমিটির সদস্যসচিব করা হয়েছে তাঁকেই। মামলার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।এ ব্যাপারে প্রক্টর বলেন, ‘সেদিন হলের পরিস্থিতি যা ছিল তাতে পুলিশ না ঢুকিয়ে কোনো উপায় ছিল না। তবে হয়তো আমাদের সামগ্রকিভাবে ভুল থাকতে পারে। ঘটনা হয়তো আমাদের আগেই আঁচ করা উচিত ছিল।’ নিজের তদন্ত কমিটিতে থাকা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনায় প্রক্টর নিয়ম অনুযায়ী সদস্যসচিব থাকেন। তবে তিনি পক্ষপাতহীনভাবে সবার সাক্ষ্য নিয়েই প্রতিবেদন তৈরি করেছেন বলে জানান। বহিষ্কৃতদের ব্যাপারে সিদ্ধান্তহীনতা: বিশ্ববিদ্যালয় কমিটির প্রতিবেদনের আলোকে সিন্ডিকেট ১০ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে। একইসঙ্গে তাদের পুরোপুরি বহিষ্কার করা হবে না কেন তা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়। শিক্ষার্থীরা ওই চিঠির জবাব দিলেও বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত তাদের ব্যপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।