স্মৃতি-বিস্মৃতির আলোয় মোহিনী মিল
বেলা গড়িয়ে গেছে। হেমন্তের বেলা গড়ানো মানেই সন্ধ্যার ছায়া ঘনিয়ে আসা। তবে এখনো ততটা মলিন হয়নি সূর্য। তার গনগনে উত্তাপ আর রোদের দীপ্তি চরাচরে ছড়িয়ে আছে। সেই রোদে মাটিতে লম্বা হয়ে ছায়া পড়েছে গাছগাছালির। হেলে পড়া বহু বছর বয়সী আমগাছটির পরগাছায় ছেয়ে থাকা কাণ্ড বেয়ে তরতর করে নেমে এল একটি ডোরাকাটা কাঠবিড়ালি। চকিতে মাথা ঘুরিয়ে চারপাশটায় নজর বুলিয়ে অনুমান করার চেষ্টা করল পরিস্থিতি। ভাবগতিক বোধহয় সুবিধাজনক মনে হলো না। অবাঞ্ছিত কারও উপস্থিতি আঁচ করতে পেরে লেজ উঁচিয়ে ত্বরিত গতিতে দে ছুট সামনের বিধ্বস্ত ইটের প্রাচীরের দিকে। টপকে গেল অনায়াসে।প্রাচীরের পাশ দিয়ে, ঢেঁকিশাক, কচু, আসাম লতা, আরও সব লতাগুল্মের ঘন ঝোপঝাড়। নিরুপদ্রবে বুনো উচ্ছ্বাসে বেড়ে উঠেছে। চারপাশটা সুনসান। অদূরেই একটি পুকুর। তার পানি দেখা যায় না। ওপরে পুরু হয়ে জমে আছে সবুজ খুদেপানা। একটি শেয়াল হঠাৎই বেরিয়েছিল পুকুরের উত্তর দিকের ঝোপ থেকে। সেও এমন অসময়ে লোকজনের সাড়া পেয়ে খানিকটা হকচকিত। যেমন এসেছিল, তেমনি আবার অদৃশ্য হলো ঝোপের ভেতরে।আমরাও খানিকটা অবাক হলাম এমন একটি জায়গায় প্রায় বিলুপ্ত হয়ে পড়া গ্রামীণ বনের শেয়াল পণ্ডিতের দেখা পেয়ে। আমাদের সঙ্গী রবিউল ইসলাম বললেন, ‘শেয়াল বেশ কয়েকটিই আছে এখানে। নিরুপদ্রবে।’ বেজি, ভাম এসবও নাকি আছে। পরিবেশটি জীববৈচিত্র্যসমৃদ্ধ অরণ্য বলে মনে হলেও স্থানটি তা নয়। এটি একটি শিল্পপ্রতিষ্ঠান। দেশের এককালের সুবিখ্যাত বস্ত্র উৎপাদন কারখানা কুষ্টিয়ার মোহিনী কটন মিল লিমিটেডের বর্তমান অবস্থা এ রকমই। গত ১৯ অক্টোবর মিলের ভেতরটায় ঘুরে দেখা গেল, প্রায় ২২ বছর ধরে বন্ধ থাকা বিখ্যাত কারখানাটির এমন আরণ্যক পরিবেশ।কারখানার ভবনগুলো জরাজীর্ণ। দেয়াল ধসে পড়েছে, বটপাকুড়ের গাছ গজিয়েছে ছাদের কার্নিশে। যন্ত্রপাতি মরচে ধরা। বিশাল চিমনিটির মাথা ভেঙে পড়ে আছে মাটিতে। কারখানায় আছেন নিরাপত্তার জন্য কয়েকজন আনসার। উত্তর দিকের প্রধান প্রবেশপথের পাশে দুটি ঘর ঝাড়ামোছা করে সেখানে থাকেন। যাত্রা হলো শুরু: মোহিনী মোহন চক্রবর্তী ১৯০৬ সালে কুষ্টিয়া শহরের দক্ষিণ-পূর্ব প্রান্তে এক বিঘা জমির ওপর একটি সুতা তৈরির কল প্রতিষ্ঠা করেন। দুই বছর পর আটটি তাঁত নিয়ে চালু করেন মোহিনী কটন মিল। শুরু থেকে ভালোই চলছিল। ১৯১২ সালে মোহিনী মোহন চক্রবর্তী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জগত কিশোর চৌধুরী ও চমন লালের সহযোগিতায় সুতাকলটিকে বাড়িয়ে ৯৯ বিঘা জমির ওপর প্রতিষ্ঠা করেন মোহিনী মিলস লিমিটেড নামে কাপড় তৈরির বিশাল কারখানা। পুরোনো সেই দিনের কথা: ‘মোহিনী মিলে একসময় পাঁচ হাজার শ্রমিক কাজ করতেন,’ এই কথাটি এখনো বেদনামাখা গর্ব নিয়ে বলে থাকেন কুষ্টিয়া শহরবাসী। শ্রমিক-কর্মচারীদের ভালো বেতন দিতেন মোহিনী মোহন। উপরন্তু চিকিৎসা, উৎপাদন বৃদ্ধি ও লভ্যাংশ থেকে ভাতাও দেওয়া হতো। মিলের নিরাপত্তার জন্য নেপাল থেকে প্রহরী ও কাজের জন্য কর্মচারী এনেছিলেন। তাঁদের আবাসনের জন্য নেপালি পল্লি নামের একটি আলাদা আবাসনই গড়ে দিয়েছিলেন কারখানার পশ্চিম দিকে।মোহিনী মিলের কাপড় খুবই খ্যাতি পেয়েছিল। বিশেষ করে এখানকার মার্কিন ও শাড়ি কাপড়ের চাহিদা ছিল প্রচুর। মোহিনী মোহন শহরে স্কুল, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনসহ অনেক জনকল্যাণমূলক কাজও করেছিলেন, যা এখনো চলছে।পালাবদল পর্ব: মোহিনী মিলের শনির দশা শুরু হয় ১৯৬৫ সালে। ভারত-পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তান সরকার মিলটিকে শত্রু সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করে ‘ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন’কে (ইপিআইডিসি) পরিচালনার দায়িত্ব দেয়। মালিকানা হারিয়ে মোহিনী মোহন চক্রবর্তীর পরিবার দেশ ত্যাগ করে ভারতে চলে যায়। এর পর থেকেই নানা রকমের অব্যবস্থাপনা, দলাদলি ঘোঁট পাকিয়ে ওঠে। শুরু হয় মিলটির পড়তি দশা। স্বাধীনতার পর ১৯৭২ সালে সরকার মোহিনী মিলকে জাতীয়করণ করে। কিন্তু ষড়যন্ত্র ও দুর্নীতির কারণে দ্রুতই বিখ্যাত এই কারখানাটি পরিণত হয় অলাভজনক প্রতিষ্ঠানে। এরপর শুরু হয় বেসরকারীকরণের পালা। ১৯৮৪ সালের ২৪ সেপ্টেম্বরে ১২৫ কোটি টাকারও বেশি বাজারমূল্যের মোহিনী মিল বিক্রি করে দেওয়া হয় মাত্র ২৫ কোটি ২৬ লাখ টাকায়। এটি কেনেন নজরুল ইসলাম নামের এক শিল্পপতি।নামটিও গেল বদলে: নতুন মালিক পুরোনো কারখানার নামটি দিলেন বদলে। নাম রাখলেন তিনি ‘শাহ মখদুম টেক্সটাইল মিল’। মাত্র ১০০ শ্রমিক নিয়ে মিলটি চালু করা হয় ১৯৮৫ সালের ৩১ জানুয়ারি।নতুন মালিক স্থানীয় অগ্রণী ব্যাংক বড় বাজার শাখা থেকে আট কোটি টাকা ঋণও নিয়েছিলেন। কিন্তু কারখানা শেষ পর্যন্ত পুরোপুরি চালু হয়নি। বরং শ্রমিকদের ১০ মাসের বেতন বাকি পড়ে এবং শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কর্তৃপক্ষ ১৯৮৭ সালের ১৫ অক্টোবর কারখানা লে-অফ ঘোষণা করেন এবং ১৯৮৮ সালে পুরোপুরিই বন্ধ হয়ে যায়।নতুন করে চালুর জন্য সরকার ১৯৯০ সালের ১৫ আগস্ট পুনরায় মিলটির দখল নিয়ে বিক্রির উদ্যোগ নেয়। কিন্তু ব্যাংক ও আগের ক্রেতা নজরুল ইসলাম মামলা করলে আদালতের নিষেধাজ্ঞায় বিক্রি কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং মিলটি বন্ধই থেকে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১৭ ডিসেম্বর মিলটি পুনরায় চালুর উদোগ নেয়।কর্তৃপক্ষ বলল: মোহিনী মোহন মিল চালুর জন্য সরকারের কাছ থেকে ইজারা নেওয়া প্রতিষ্ঠান দ্য পিপলস ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (পিডিএসসি) চেয়ারম্যান আবদুর রহমান প্রথম আলোকে বলেন, কারখানাটি এখন আগের মালিকানায় শাহ মখদুম টেক্সটাইল মিল লিমিটেড নামেই আছে। তবে চালু করার কাজটি তাঁরা তত্ত্বাবধান করছেন। কয়েক মাসের মধ্যে মিলের পুরোনো অংশের আবর্জনা ও জঞ্জাল পরিষ্কার করা হবে। সম্প্রতি চীনের একটি দল মিলটি পরিদর্শন করেছে। সেখানে সুতা তৈরির জন্য নতুন আরও ২২ হাজার টাকু (স্পিনডল) স্থাপন করা হবে। এর ফলে কুষ্টিয়ার মানুষের আরও কর্মসংস্থান হবে।এরই মধ্যে পিডিএসসির মাধ্যমে যন্ত্রপাতি আধুনিক ও পুনঃস্থাপন (বিএমআরই) করে মিলের একটি ভবনে গত ২১ মে সুতা তৈরির একটি ইউনিট চালু করা হয়েছে। এখানে ১৩ হাজার ৪০০টি মাকু বসানো হয়েছে। প্রতিদিন তৈরি হচ্ছে ৪০ কাউন্ট সুতা। কাজ করছেন প্রায় ২০০ শ্রমিক-কর্মচারী। অচিরেই ঐতিহ্যবাহী মিলটি নতুন করে চালু হবে এ আশা কুষ্টিয়াবাসীর।