স্মৃতিকথা নিয়ে অ্যাসাঞ্জের অনুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন ধারার গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অনুমতি না নিয়ে তাঁর স্মৃতিকথার খসড়া প্রকাশ করায় যুক্তরাজ্যের এক প্রকাশকের সমালোচনা করেছেন। অ্যাসাঞ্জ বলেছেন, এডিনবার্গের ক্যানোনগেট নামে ওই প্রকাশনা সংস্থাটি অনুমতি না নিয়েই তাঁর স্মৃতিকথা দোকানে দোকানে ও অনলাইনে বিক্রির ঘোষণা দিয়েছে। তিনি অনুযোগ করেছেন, তাঁর ওই স্মৃতিকথার সংশোধনের কাজ চলছিল। কিন্তু ক্যানোনগেট বেশি মুনাফার আশায় ভুলে ভরা তাঁর স্মৃতিকথার খসড়া অনুমতি ছাড়াই বিক্রি করে দিয়েছে।অ্যাসাঞ্জ এক বিবৃতিতে জানান, ক্যানোনগেটের যা ইচ্ছা, তা-ই ছাপানোর স্বাধীনতা নেই। তারা পুরোনো কৌশলে চাতুরী করে স্মৃতিকথা প্রকাশ করেছে। তারা জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে।এদিকে ক্যানোনগেট এক বিবৃতিতে জানায়, ২০১১ সালের ৭ জুন ওই স্মৃতিকথা প্রকাশ করার ব্যাপারে অ্যাসাঞ্জের সঙ্গে চুক্তি হয়েছিল। বিশ্বের ৩৮টি প্রকাশনা সংস্থা একসঙ্গে স্মৃতিকথা প্রকাশ করবে—চুক্তিতে এমন কথাই ছিল। কিন্তু পরে অ্যাসাঞ্জ চুক্তি ভাঙতে চান। তাঁকে অগ্রিম অর্থ আগেই দেওয়া হয়েছিল। তাই স্মৃতিকথাটি প্রকাশ করা হয়েছে।স্মৃতিকথায় অস্ট্রেলিয়ায় অ্যাসাঞ্জের শৈশব ও বেড়ে ওঠার কথা রয়েছে। এরপর কীভাবে তিনি কম্পিউটার নিয়ে কাজ শুরু করলেন, হ্যাকিং করতেন এবং উইকিলিকস প্রতিষ্ঠার কথা বর্ণনা করেছেন। বিবিসি।