স্মৃতিচারণা আর নৌবিহারে কাটিয়েছেন বিদেশি বন্ধুরা
একাত্তরের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে বিদেশি বন্ধুদের সম্মাননা জানিয়ে বাংলাদেশ শুধু তার বন্ধুদেরই সম্মানিত করেনি, চার দশক পর এ উদ্যোগ নিয়ে বাংলাদেশ সম্মানিত করেছে নিজেদেরও।গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত স্মৃতিচারণায় এ মন্তব্য করেছেন সম্মাননা নিতে আসা বিদেশি বন্ধুরা।অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ছাড়াও বিদেশি বন্ধুদের পক্ষ থেকে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসনের ছেলে রবিন উইলসন ও ভারতীয় সেনাবাহিনীর পূর্ব রণাঙ্গনের অধিনায়ক লে. জেনারেল জগজিৎ সিং অরোরার প্রতিনিধি বক্তৃতা করেন। অনুষ্ঠানে বক্তৃতা পর্বের পর দেখানো হয় জহির রায়হান পরিচালিত প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড। এর আগে সকালে বিদেশি বন্ধুরা পদ্মার নৈসর্গিক দৃশ্য দেখতে নৌবিহার করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীতে নৌভ্রমণে দেশাত্মবোধক গান ও দেশীয় নৃত্য তাঁদের মুগ্ধ করে। একুশে পদকপ্রাপ্ত কাদেরী কিবরিয়ার নেতৃত্বে একদল শিল্পী দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া এলাকা থেকে সেনাবাহিনীর ভ্রমণ জাহাজ ‘শক্তি সঞ্চার’-এ চড়ে নৌবিহারে বের হন বিদেশি বন্ধুরা। ভ্রমণের জাহাজটি মাওয়া থেকে শ্রীনগরের ভাগ্যকুল পর্যন্ত গিয়ে আবারও মাওয়া ঘাট হয়ে পূর্ব দিকে মুন্সিগঞ্জের মেঘনা নদীতে পৌঁছায়।