স্মৃতিচারণায় পুরান ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূত্রাপুরের হূষিকেশ দাস রোডের এক কোণে বসে রোদ পোহাচ্ছিলেন কজন। গল্পগুজব চলছিল সমান তালে। কান পেতে শোনা গেল গল্পের বিষয় একাত্তর আর মুক্তিযুদ্ধ নিয়ে। রোদের উষ্ণতার পাশাপাশি একাত্তরের টান টান উত্তেজনার নানা গল্প করছিলেন আড্ডাবাজ মানুষগুলো। কথা হয় এঁদের একজন ইকরাম হোসেনের সঙ্গে। তিনি জানান, একাত্তরে টিকাটুলি থেকে যাত্রাবাড়ী যাচ্ছিল পাকিস্তানি বাহিনীর একটি কাভার্ড ভ্যান। বিপরীত পথে আসছিল তাদের আরও একটি বহর। দুই দিকে পাকিস্তানি বাহিনী থাকায় স্থানীয় কিছু মুক্তিযোদ্ধা মাঝখান থেকে গুলি ছুড়ে একই পক্ষের দুটি দলের মধ্যে (সেমসাইড) যুদ্ধ বাধিয়ে দেন। ফলে অনেকখানি ক্ষতি হয় পাকিস্তানি বাহিনীর। একাত্তর নিয়ে মুক্তিযোদ্ধাদের এমন নানা ঘটনা রয়েছে পুরান ঢাকায়। এখানকার মানুষ আড্ডাপ্রিয় বলে এখনো সময়-সুযোগ হলে শুরু হয়ে যায় একাত্তরের স্মৃতিচারণা।এমন ঘটনার আরও একটি দেখা মিলল মালিটোলার মেঘদূত ক্লাবের পাশে। চার-পাঁচজন দল বেঁধে বসে আছেন। আর বয়োবৃদ্ধ একজন স্মৃতি আউড়ে চলছেন। কখনো বা স্মৃতি ভেসে চলে একাত্তরের এপ্রিলে কেরানীগঞ্জে আশ্রয় নেওয়া দিনের ঘটনায়। আবার কখনো বা স্মৃতি দৌড়ে বেড়ায় একাত্তরের স্বজন হারানো কোনো দিনে। মালিটোলার বাসিন্দা মুনির আহমেদ জানান, ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলেও সেদিনও তাদের গুলিতে মারা পড়েছে অনেক নিরীহ বাঙালি। ১৬ ডিসেম্বর দুজন পাকিস্তানি সেনা রিকশায় করে নবাবপুর রোড ধরে যাচ্ছিল রেসকোর্সের ময়দানে। এমন সময় বনগ্রামের একটি কিশোর ওই দুই পাকিস্তানির গায়ে ঢিল মারলে গুলি ছোড়ে তারা। সঙ্গে সঙ্গে মারা যায় ওই কিশোর। এমন নানা মর্মস্পর্শী ঘটনার বিবরণ মেলে পুরান ঢাকার বিভিন্ন আড্ডা থেকে।দুপুরে ভাত-ঘুম সেরেও চলে আড্ডা। তাঁতীবাজার-শাঁখারীবাজারের মোড়ে পোগোজ স্কুলের পাশে দেখা মেলে এমন একটি আড্ডাবাজ দলের। বিষ্ণু পোদ্দার, বিনয় পোদ্দার আর লিটন পোদ্দার বয়সে তরুণ। তাই বলে মুক্তিযুদ্ধের বীভসৎ আর ভয়ংকর কালরাতের কথা তাঁদের অজানা নয়। তাই বিজয়ের এই আনন্দে তাঁরা স্মরণ করেছেন বাপ-দাদার মুখে শোনা সেসব অহংকারের ঘটনা।পুরান ঢাকার বিজয় উদ্যাপনের চিত্রটিও ছিল ব্যতিক্রম। পথেঘাটে বসেছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা আয়োজন। কোথাও তারা খেলনা ট্যাঙ্ক তৈরি করে রেখেছে। কোথাও কাগজের তৈরি বাংলাদেশের পতাকা দিয়ে সাজিয়েছে গলি কিংবা মাঠ। সিদ্দিক বাজার, সুরিটোলা, বংশাল, মালিটোলা, রায়সাহেব বাজার, কলতাবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, বাংলাবাজার, ইসলামপুরের পথঘাট দুপুর পর্যন্ত সরগরম ছিল এসব আয়োজনে। চলেছে বিস্কুট দৌড়, লং জাম্প, মার্বেল দৌড়ের মতো খেলা। আবার বংশাল পুকুরের পাড়ে ছিল সাঁতার প্রতিযোগিতা। এসব আয়োজনে বিজয়ীদের হাতে সন্ধ্যার পর বেশ ঘটা করে তুলে দেওয়া হয় পুরস্কার। এদিকে বাংলাবাজারের কেএল জুবিলি হাইস্কুলে চলছে বিজয়ের মেলা। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ মেলা শেষ হবে আজ রাতে।