স্মৃতিতে ও ভালোবাসায় হুমায়ূন আহমেদ
১৯৭৫ সাল। নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হয়েছি। কার্জন হলের গাছগাছালিতে ভরা মায়াময় পরিবেশ। দেশ তখন টালমাটাল রাজনীতির হাওয়ায়। বিশ্ববিদ্যালয়ের মুক্ত পরিবেশে বিজ্ঞান নিয়ে আমরা ব্যস্ত। রসায়ন বিভাগের তরুণ-প্রবীণ শিক্ষকেরা আর আমরা নতুন শিক্ষার্থীরা এ নিয়ে ছিল আমাদের এক বৃহৎ পরিবার।আর আমার রসায়ন বিভাগের ছাত্রজীবন যাঁর অন্তরঙ্গ সান্নিধ্যে আলোকিত হয়ে উঠেছিল, তিনি হুমায়ূন আহমেদ। বিভাগের চেয়ারম্যান এক অনুষ্ঠানে তাঁকে পরিচয় করিয়ে দিলেন একজন শক্তিশালী উদীয়মান লেখক হিসেবে। আমাদের বললেন উঠে দাঁড়াতে। আমরা জানতে পারলাম, যদিও তিনি রসায়নের শিক্ষক, কিন্তু তাঁর খ্যাতি সাহিত্যে। বাজার থেকে কিনে নন্দিত নরকে বইটি পড়লাম। মুগ্ধবিস্ময় নিয়ে পড়লাম শঙ্খনীল কারাগার। কিছুটা লাজুক, কিন্তু কর্মচঞ্চল স্যার হাঁটতেন মাটিতে চোখ রেখে। মনে হতো কোনো গভীর চিন্তায় আচ্ছন্ন। তাঁর লাজুকতা, আমরা যারা ছাত্র ছিলাম, তাদের জন্য ছিল আলোচনার বিষয়। আমরা দেখতাম, ক্লাসে আমাদের উদ্দেশে কথা বলার সময় তাঁর দৃষ্টি ছাপিয়ে যেত আমাদের ছাড়িয়ে।ভৌত রসায়ন পড়তে পড়তে তাঁর সঙ্গে ক্রমান্বয়ে যোগাযোগ বাড়ল। পড়ানোর সময় কথায় মিতব্যয়ী কিন্তু ব্যাপারগুলো বলেন খুব সহজে। বিজ্ঞানকে তুলে ধরেন কল্পনার আবরণে। বিজ্ঞান সাময়িকীতে তখন ধারাবাহিক বেরোচ্ছে তাঁর বিজ্ঞান কল্পকাহিনি তোমাদের জন্য ভালোবাসা। তার সম্পাদক ড. মুহাম্মদ ইব্রাহীম পদার্থবিদ্যা বিভাগের আমাদের আরেক প্রিয় শিক্ষক।পদার্থবিজ্ঞানের ছিপছিপে জাফর ইকবাল কার্টুন আঁকেন, শিক্ষক ড. আবদুল মঈন খানের কবিতার বইয়ের প্রচ্ছদ একে দিয়েছেন। ছাত্র, শিক্ষক, বিজ্ঞান, সাহিত্য মিলিয়ে তখন আমাদের বড় আনন্দের সময়। একদিন হুমায়ূন স্যার আমাকে তাঁর বাসায় যেতে বললেন। আমি তখন খিলজী রোডে থাকি, পাশেই বাবর রোডে স্যারের বাসা। মনে আছে, বন্ধু নওয়াব, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবরার চৌধুরীও ছিলেন সে আড্ডায়। একটা আলুকে কতভাবে কাটা যায়, কতভাবে চিপস বানানো যায়, তা নিয়ে হুল্লোড়ে আলোচনা। আর বানানো হয়েছে চিপস।সিলেট থেকে নিয়ে আসা বাগানের সেরা চা তাঁর বড় প্রিয় ছিল। আমি বাড়িতে গেলে তার জন্য চা পাতা নিয়ে আসতাম। চা কেন সুগন্ধি, কী কী রাসায়নিক দ্রব্য চা থেকে বেরিয়ে আসে, নাকের ভেতর হয়ে কীভাবে তা মস্কিস্কে যায়—এ নিয়ে তাঁর প্রচণ্ড আগ্রহ ছিল। আমাদের অনুভূতি যে মূলত রাসায়নিক, শব্দের যোগাযোগ মস্তিস্কে মাতিয়ে তোলে এক ব্যাপক রসায়ন। শিল্প ও বিজ্ঞান যে আদিমভাবে যুক্ত—এমন চিন্তায় সে সময় আমরা ক্ষণিকের জন্য সঙ্গী হয়েছিলাম। আমি ছাত্র তিনি শিক্ষক, কিন্তু শিল্প-বিজ্ঞানের পিঠাপিঠি এ মুক্ত আলোচনায়, আড্ডার মজলিশে আমরা সবাই সে সময়ে হয়েছি পরম বন্ধু। সে সময়ে আমাদের সবার গুরু ছিলেন আহমদ ছফা। হুমায়ুন স্যার ছিলেন তার বিশেষ প্রিয়পাত্র।পরে স্যার গেলেন ফার্গো, নর্থ ডাকোটায় আর আমি অরেগন আর সিয়াটল, ওয়াশিংটনে। সে সময় তাঁর ছোট ভাই জাফর ইকবালের বাসায় তাঁর সঙ্গে আমার দেখা হয়েছে। নর্থ ডাকোটাতে তাঁর কাজ পলিমার রসায়ন নিয়ে। সেই বিষয়ে তাঁর অভিসন্দর্ভ। এতেই তাঁর পিএইচডি। দেশে ফিরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ সময় তিনি লেখালেখিতে প্রচুর সময় দেন এবং সৃষ্টি করেন ইতিহাস। সে সময়, ১৯৮৪ থেকে ১৯৯০ সালে দেশে এলে রসায়ন বিভাগে যেতাম। সেখানে তাঁর সঙ্গে আমার দেখা হতো। আমাদের কথোপকথন বেশির ভাগই হতো এ রকম—হুমায়ূন আহমেদ: তুমি কি একেবারে চলে এসেছ দেশে?আমি: না, বেড়াতে।হুমায়ূন আহমেদ: একেবারে আসো নাই কেন?তাঁর কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু ছিল না। তিনি চাইতেন আমাদের সবাইকে। আমরা যারা বিদেশে, তারা সবাই যেন দেশে চলে আসি। আমি যেহেতু সে সময় সিয়াটলে থাকি, তাই আমাকে প্রায় তিনি বলতেন জাফরকে কনভিন্স করে দেশে ফেরাতে। তারপর বহু বছর গেছে। রসায়নের সেই ঈষৎ লাজুক তরুণ সাহিত্য, নাটক, কল্পবিজ্ঞান ও চলচ্চিত্রের জগৎ জয় করেছেন। তাঁর কল্পনা ও মনন ছড়িয়েছে সারা দেশে। দূর থেকে শুনেছি তাঁর কথা। ভিন্ন জগতে তাঁর তখন অবাধ যাতায়াত। টেলিভিশনে তাঁর সৃষ্ট চরিত্রের ‘মৃত্যু’ মেনে নিতে পারেনি দর্শক। তারা মিছিল করেছে। এমনকি ওই সময় তাঁর চলাফেরাও সীমিত হয়ে পড়েছিল। তিনি পরিণত হয়েছেন আইকনে, জীবন্ত কিংবদন্তিতে—বাংলা ভাষার এ যাবৎকালের জনপ্রিয়তম লেখকে। এসবই দেখেছি দূর থেকে।সম্প্রতি তিনি ছবিও এঁকেছেন। ক্রমাগত আবিষ্কার করেছেন নিজেকে এবং তা ছড়িয়ে দিয়েছেন শিল্পের মোড়কে। গিয়েছেন কল্পনার এমন জায়গায়, সেখানে রসায়ন আর নিছক বিজ্ঞান নয়, তা হূদয়শৈলীর এক প্রাণবন্ত প্রকাশ।আমি ভাগ্যবান যে এমন এক শিক্ষক আমি তারুণ্যের সূচনায় পেয়েছি। শিল্প ও বিজ্ঞানের যে আকুতি আমার ভেতর ছিল, এর এক প্রবল রূপ তাঁর ভেতর দেখে আশ্বস্ত হয়েছিলাম, শক্তি পেয়েছিলাম।পরে অনেকবার তাঁর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। জাফর ভাই, আহসান হাবীব ও তাঁদের ছেলেমেয়ে সবাইকে মনে হয়েছে আমার নিজের বৃহত্তর পরিবারেরই অংশ। এই সেদিনও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নোভার সঙ্গে দেখা হলো, সে যেন তার পিতার আদলে গড়া এক নারীমূর্তি—বিজ্ঞতায়, নিষ্ঠায়, বিজ্ঞানচারিতায়। আমার স্যারের সেই তরুণ সময়ের কথা মনে পড়ল। হুমায়ূন আহমেদের প্রিয় শব্দ ছিল ‘ভালোবাসা’। লাখো মানুষ আজ তাঁর প্রয়াণে একত্র হয়েছে। মিলিত হয়েছে বিজ্ঞান ও শিল্পে যুক্ত মানুষেরা। আমরা সবাই তাঁকে উদ্দেশ করে বলি, আপনি চলে গেছেন বটে, তবে রয়ে গেছেন আমাদের ভেতরে এক কালজয়ী ভালোবাসায়। আবেদ চৌধুরী, জিন বিজ্ঞানী