স্মৃতিমন্দিরে সুখস্বর্গ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শালিকে দুঃখ, দুই শালিকে সুখ—জনপ্রিয় একটা জনশ্রুতি। আর কোথাও যদি একসঙ্গে থাকে শত শত শালিক, তাকে কি সুখের স্বর্গ বলা যায়? যদি যায়, তবে এমন একটি স্বর্গ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভেতরে গেলে নাগাল পাওয়া যাবে এর। পরিত্যক্ত সুইমিংপুলের পাশে আছে দুটি স্মৃতিমন্দির। নানা কারুকাজে মুদ্রিত মন্দির দুটির অসংখ্য কোটরে থাকে শত শত শালিক। নিরাপদ ও সুরক্ষিত বলে মন্দির এলাকাটি দীর্ঘকাল ধরেই পাখির অভয়াশ্রম হয়ে আছে। মন্দিরগুলোর পাশেই আছে একটি উঁচু শিমুলগাছ। শালিকগুলো ডানা দুটো তালপাতার পাখার মতো মেলে দিয়ে উড়ে এসে বসে শিমুলের ডালে। পাতার ফাঁকে ফাঁকে থাকে বলে অনেক সময় তাদের দেখাও যায় না। তবে বাতাসে শালিকের কিচিরমিচির গান ভেসে বেড়ায় সারাক্ষণ। তারা শিমুলের ডাল থেকে ঝাপটা দিয়ে উড়ে বসে নিম, আমড়া, সুপারি কিংবা কাঁঠালগাছে। কিছুক্ষণ থেকে আবার উড়ে আসে কোটরে। শালিকের বাসায় অতিথির মতোই যেন দুটি কোটরে থাকে পেঁচা। কোটরের ভেতর পুরো শরীর রেখে শুধু চোখ দুটি বের করে রাখে শান্ত প্রকৃতির এই পেঁচা দুটি। আবার মাঝেমধ্যে উড়াল দিয়ে মন্দিরের গায়ে এসে বসে একজোড়া গোলাপিকণ্ঠী টিয়া আর লালপিঠ কাঠঠোকরা। স্মৃতিমন্দিরে যে শালিকগুলো থাকে, এগুলো ঝুঁটিশালিক। ঠোঁটের গোড়ায় খাড়া ঝুঁটি আছে বলে এমন নাম। এরা নকল করতে পারে অন্য পাখির ডাক। এই পাখি সুন্দর গানও গায়, হাঁটে নাচের ভঙ্গিতে। লোকমুখে যেটুকু জানা যায়, বর্তমান স্মৃতিমন্দিরে একসময় এখানে শ্মশান ছিল। মৃত ব্যক্তিদের স্মরণে শ্মশানের ওপর নির্মিত হয়েছে মন্দির দুটি—এমনটা জানালেন টিএসসির পরিচালক আলমগীর হোসেন।টিএসসির নিরাপত্তারক্ষী শাহ আলম (শিক্ষার্থীদের ‘খোকন মামা’) জানান, ছোটবেলায় নিজ গ্রামে অনেক পাখি দেখেছেন। এখন ইট-সুরকির আস্তরণে ঘেরা এই নগরে থাকলেও তাঁর কোনো আক্ষেপ নেই। কারণ, তিনি থাকেন সুখস্বর্গের কাছাকাছি। রাতে মন খারাপ হলে শালিকের বাসার কাছে আসেন, তাঁর মন ভালো হয়ে যায়।পৃথিবীতে প্রায় ১১৫ আর বাংলাদেশে ১২ প্রজাতির শালিক দেখা যায়। এগুলোর মধ্যে ঝুঁটিশালিক, ভাতশালিক, গোশালিক, কাকশালিক ও গাঙশালিক খুব চোখে পড়ে। ঝুঁটিশালিকের ইংরেজি নাম জাঙ্গল ময়না (Jungle myna)। বৈজ্ঞানিক নাম acridotheres Fuscus। ঝুঁটিশালিক দেখে মনে হয় রাগী পাখি। সাহস ও চেঁচামেচিতে এরা চ্যাম্পিয়ন। শরীরের রং কালচে বাদামি, মাথা কালো, চোখ লাল, চোখের চারপাশের রং হালকা লাল ও মণি গাঢ় হলুদ। ঠোঁট হলুদ, পা কমলা-হলুদ। দেহের ওপরের পালক ধূসর ছাই রঙের। পালকের শেষ প্রান্তে সাদার আভা। পেট ধূসর পাটকিলে। লেজের তলা সাদা। ঝুঁটিশালিক ডিম দেয় দুই থেকে পাঁচটি, রং হালকা নীল। বাচ্চা ফোটানোর সময় এরা আনন্দ-উৎসবে মেতে ওঠে। একই বাসায় পরপর দুবার বাচ্চা ফোটায়। শালিকের খাদ্যতালিকায় আছে: ধান, চাল, গম, ফড়িং, ঝিঁঝি পোকা, ছোট ব্যাঙ, কেঁচো, জলপোকা, মাকড়সা, উড়ন্ত উইপোকা, বট-অশ্বত্থের ফলসহ বিভিন্ন রকমের ফল, তাল-খেজুরের রস, শিমুল-মাদার ফুলের মধু প্রভৃতি। বাসা বাঁধার উপকরণ হচ্ছে খড়কুটো, শুকনো ঘাস, পাটের আঁশসহ বিভিন্ন রকম লতাপাতা।টিএসসির স্মৃতিমন্দিরের পাখি দীর্ঘদিন পর্যবেক্ষণ করেছেন পাখিবিদ শরীফ খান। তিনি তাঁর নথি থেকে জানালেন, এই মন্দিরে ১৯৮১, ১৯৮২ ও ১৯৮৪ সালে একজোড়া বাদামি পেঁচা বাসা বেঁধেছিল। ১৯৯৭ সালের মে মাসে বাসা বেঁধেছিল কাকশালিকের দল। আর তারও অনেক আগে ১৯৭৭ সালে বাসা বেঁধেছিল রামগাংরা পাখি। কিন্তু বাজ টুরমতির হামলায় ওরা মন্দির ছেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্মৃতিমন্দিরে যুগ যুগ ধরে একসঙ্গে থাকে শালিক, পেঁচা, টিয়া ও কাঠঠোকরা। যদিও টিয়া ও পেঁচার সঙ্গে শালিকের সার্বক্ষণিক আড়ি, তবুও জীবনযাপন, বাচ্চা ফোটানো—কোনো কিছুতেই যেন বাদ সাধে না। ওদের মিলেমিশে থাকা ও শৃঙ্খলাবোধ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু।