স্মৃতির আয়নায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম টসএশিয়া কাপ তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই বাংলাদেশের প্রথম ম্যাচ। সেই ম্যাচে টস করা, সেটাও আবার ইমরান খানের মতো মহাতারকার সঙ্গে, এই স্মৃতি তো ভোলার নয়! গাজী আশরাফ হোসেনকে এখনো ছুঁয়ে যায় সেই রোমাঞ্চের অনুভূতি। স্মৃতির ঝাঁপি খুলে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক অধিনায়ক ফিরে গেলেন ১৯৮৬ এশিয়া কাপে...‘ইমরান, মিয়াঁদাদ, আকরামরা তখন আমাদের কাছে দূর আকাশের তারা। ওদের এত কাছ থেকে দেখতে পারাটাই ছিল বিরাট ব্যাপার। এশিয়া কাপের সময় যত এগিয়ে আসছিল, সবাই যেন রোমাঞ্চে কাঁপছিল। আমার উত্তেজনা একটু বেশিই ছিল, ইমরানের সঙ্গে টস করব! দুজন কেবল মাঠে ঢুকেছি, ইমরান বলল, “চলো, এখানেই টস করে ফেলি!” আমি তো অবাক, ইমরানকে নাও করা যায় না। টস হেরে ব্যাটিংয়ে আমরা ৯৪ রানে গুটিয়ে গেলাম। আমি নিজেও ভালো করতে পারিনি। ওয়াসিম আকরামের বল হাফভলি ভেবে খেলতে গিয়েছিলাম, শেষ মুহূর্তে সুইং করে ভেতরে ঢুকল, শূন্য রানে বোল্ড।’তবে ওই ম্যাচে স্মরণীয় আরেকটা স্মৃতিও আছে আশরাফের, ‘নিয়মিত বোলার ছিলাম না, তবু জাভেদ মিয়াঁদাদের উইকেট পেয়ে গেলাম। মিয়াঁদাদের নিশ্চয়ই মনে নেই, এমন কত শত বোলারের বলে আউট হয়েছে। তবে আমার কাছে এটা গর্বের স্মৃতি।’ আরিফুল ইসলামঅম্লমধুর১৯৯৬ এসিসি ট্রফিতে জাপানের বিপক্ষে ৬ উইকেট পেয়েছিলেন ৫ রানে। তবে সেই ভরসায় নয়, জয়াসুরিয়া-আতাপাত্তুর জুটি ভাঙতে আকরাম খান বল হাতে নিয়েছিলেন দলের ম্যানেজারের ভরসায়। অনুশীলনে আকরামের বোলিং দেখে সেই সময়ের ম্যানেজার প্রয়াত তানভীর হায়দার একরকম জোরই করেছিলেন ম্যাচে বোলিং করার জন্য। ১৩তম ওভারে বোলিংয়ে এসে দিলেন ৭ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলে ১ রান নিলেন আতাপাত্তু, সর্বনাশ হলো আকরামের। পরের দুই বলে টানা ছয়, তার পরের দুই বলে চার, শেষ বলে আবার ছয়—মোট ২৭!‘দুটি ছয় খাওয়ার পর আর জানি না কী বোলিং করেছি।’ ১৯৯৭ এশিয়া কাপের ম্যাচটা মনে করে এখন মজাই পান আকরাম। ‘জয়াসুরিয়া তখন বোলারদের আতঙ্ক, ওয়াকারের মতো বোলারের ওভারেও ২৫-২৬ নিত। পরে যখনই কোনো বোলারকে ওর হাতে মার খেতে দেখতাম, আমার খুব মজা লাগত।’এশিয়া কাপে সুখস্মৃতিও আছে আকরামের। ২০০০ এশিয়া কাপে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৫২ বলে করেছিলেন ৬৪। ‘আমি যখন নেমেছিলাম, দলের দ্রুত রান প্রয়োজন ছিল। আমি সেটাই করার চেষ্টা করেছি’—আকরামের সরল ব্যাখ্যা। ৪৭ বলে ফিফটি ছুঁয়েছিলেন, যা ছিল ওই সময়ের বাংলাদেশ-রেকর্ড।  আরিফুল ইসলামপ্রথম ম্যাচসেরা‘প্রথম বলটা মাঝ ব্যাটে লাগার পরই মনে হলো, আজ ভালো কিছু করব। একটু পর বাঁহাতি স্পিনার অনুরাসিরির একটা বলে ফরোয়ার্ড পুশ মতো করলাম, কীভাবে যেন ছয় হয়ে গেল! আত্মবিশ্বাস দারুণ বেড়ে গেল, ওই ওভারেই মারলাম আরেকটা ছয়। পরের ওভারে ডি সিলভাকে আরেকটি’—২২ বছর আগের ইডেনের টুকরো টুকরো ছবি যেন জীবন্ত হয়ে উঠছিল আতহার আলী খানের কণ্ঠে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হাঁটি হাঁটি পা পা করার দিনগুলোতে সবচেয়ে বীরত্বপূর্ণ ইনিংসগুলোর একটি খেলেছিলেন আতহার। ১৯৯০ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে যে ইনিংস তাঁকে এনে দিয়েছিল ম্যাচসেরার সম্মান, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ!৪৫ ওভারে ২৫০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ হারে ৭১ রানে। তবে ২৩ রানে ২ উইকেট পড়ার পর নামা আতহার ৯৫ বলে ৭৮ রানে অপরাজিত থেকে যান। ম্যাচ শেষেই ডি সিলভা-রানাতুঙ্গারা অভিনন্দন জানিয়েছেন। তবু ম্যাচসেরা হবেন, ভাবতেই পারেননি। খেলা শেষে ক্লান্ত হয়ে বসে পড়েছিলেন মাঠে। নাম ঘোষণার সময়ও খেয়াল করেননি, সতীর্থরা বলার পর ছুটে যান। স্বপ্নের ইডেনে স্বপ্নের ওই ইনিংসের পাশে অবশ্য ছোট্ট একটা আফসোসও শুয়ে আছে, ‘কারও ভালো সমর্থন পেলে হয়তো ম্যাচটা জেতাতেও পারতাম!’ আ. ই.স্বমহিমায়একটা ব্যতিক্রমী দিন। রহস্য উন্মোচনের দিন...কিংবা আরও বাড়ানোর দিন!তাঁর প্রতিভা আর সামর্থ্য নিয়ে সংশয় ছিল না কারও। কেন পারছেন না, এটাই ছিল রহস্য। ২০০৮ এশিয়া কাপে করাচিতে ভারতের বিপক্ষে অলক কাপালি আবির্ভূত হলেন স্বমহিমায়। নেমেছিলেন ২৪তম ওভারে। ১২০ রানে ৪ উইকেট পড়ার পর। শুরুতে কিছুটা সময় নিয়েছেন, প্রথম বাউন্ডারি ২১তম বলে। সময়ের সঙ্গে সঙ্গে ছোটালেন স্ট্রোকের ফোয়ারা। ইউসুফ পাঠানকে স্লগ সুইপে ছয় মেরে ফিফটি ৬৫ বলে, পরের ফিফটিতে বল লাগল মাত্র ২১টি! মানপ্রিত গনির এক ওভারে নিলেন ১৯। পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে ৪৯ রানের জুটি। ষষ্ঠ উইকেটে ১১২ রানের জুটিতে মাহমুদউল্লাহর অবদান মাত্র ২৪! এমন কিছু করবেন, ভাবতে পারেননি নাকি অলক নিজেও, ‘আমার আর রিয়াদের ভাবনা ছিল ৪০ ওভার পর্যন্ত ধরে খেলা। প্রথম ছয়টা (প্রজ্ঞান ওঝাকে স্লগ সুইপে) মারার পর মনে হলো, আজ দিনটা মনে হয় আমারই। কখন সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছি, বুঝিইনি। হঠাৎ রিয়াদ বলল, আর ৩ রান লাগবে। প্রথম সেঞ্চুরি অবশ্যই স্মরণীয়, তবে আমার তৃপ্তি বেশি ছিল দলকে বড় স্কোর এনে দিতে পারায়।’২৮৩ রান তুলেও অবশ্য হেরেছিল বাংলাদেশ। অলকের ব্যাটও আর হাসেনি অমন। ওই ঝলকের পর অলক-রহস্য রহস্যই থেকে গেছে!  আ. ই.শুরু থেকে শেষকী যে বৃষ্টি সেবার! মনে হচ্ছিল, বাংলাদেশে দ্বিতীয় এশিয়া কাপ (২০০০) বুঝি ভেসেই যাবে। টানা তিন দিনের বৃষ্টিতে পিছিয়ে গেল প্রথম ম্যাচ। রিজার্ভ ডেতে অবশ্য পুরো খেলাই হলো এবং বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা জিতল ৯ উইকেটে। তার পরও জাভেদ ওমরের কাছে স্মরণীয় এক ম্যাচ। ইনিংস শুরু করতে নেমে ব্যাট করেছিলেন পুরো ৫০ ওভার। বাংলাদেশের কারও আদ্যন্ত ব্যাটিংয়ের প্রথম নজির।রান যদিও করেছিলেন ১৪৬ বল খেলে ৮৫, মাত্র তিনটি চারের সঙ্গে মুরালিধরনের বলে লং অফ দিয়ে মারা একটি ছয়। কিন্তু সেই সময়ে ভাস-মুরালিদের বিপক্ষে বাংলাদেশের কারও ৫০ ওভার ব্যাটিং করাটাই তো বড় এক বিস্ময়! জয়াসুরিয়া-ডি সিলভা, শ্রীলঙ্কার সেই সময়ের কোচ ডেভ হোয়াটমোর দারুণ প্রশংসা করেছিলেন জাভেদের। হোয়াটমোর অবশ্য বেশি প্রশংসা করেছিলেন ফিল্ডিংয়ের! ম্যাচ শেষে অরবিন্দ ডি সিলভার সঙ্গে তাঁর ইন্টারভিউ করেছিলেন হার্শা ভোগলে, যেটা জাভেদের ক্যারিয়ারের অন্যতম সেরা স্মৃতি। তবে একটা আক্ষেপ তাঁকে এখনো পোড়ায়, ‘তিন দিনের বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের আউটফিল্ড খুব স্লো হয়ে গিয়েছিল। ২০-২৫টা রান অন্তত তাই কম হয়েছে, না হলে সেঞ্চুরিটা হয়ে যেত। টেস্ট সেঞ্চুরি পেলেও ওয়ানডে সেঞ্চুরি আর পাওয়া হয়নি।’ আ. ই.প্রথম বলেইসাত ওয়ানডেতেই শেষ হয়ে গেছে আন্তর্জাতিক ক্যারিয়ার। সেই আক্ষেপ আছে। তবে সেটি ভুলে যখন ওই ছোট্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকান সাইফুল ইসলাম, সবার আগে চোখে ভাসে ১৯৯৫ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি।সব স্পষ্ট মনে আছে সাইফুলের, ‘প্রথম বলেই আউট করেছিলাম গুরুসিনহাকে, পয়েন্টে ক্যাচ নিয়েছিল বুলবুল ভাই। জয়াসুরিয়াকেও শুরুতে ফেরাতে পারতাম, কিন্তু পাইলট ক্যাচ ছাড়ল। পরে জয়াসুরিয়াকেও আউট করেছিলাম, আর রানাতুঙ্গাকে বোল্ড। আরেকটা উইকেট ছিল ভাসের।’ সাইফুলের হাত ধরে সেদিন একটা বন্ধ প্রকোষ্ঠের দ্বার খুলতে পেরেছিল বাংলাদেশ। সেই প্রথম ইনিংসের প্রথম বলে উইকেট, সেই প্রথম বাংলাদেশের কোনো বোলারের ৪ উইকেট। ওই এশিয়া কাপের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরেও উঠে এসেছিলেন সাইফুল, এটাও প্রথম! ৩৬ রানে ৪ উইকেট ওয়ানডেতে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড হয়ে ছিল প্রায় নয় বছর। শারজার নিষ্প্রাণ উইকেটেও সেদিন বেশ সুইং পেয়েছিলেন সাইফুল। ডানহাতির জন্য ইনসুইঙ্গার ছিল তাঁর সহজাত ডেলিভারি, বাঁহাতির জন্য যেটা আউট সুইং। সেই আউট সুইংয়েই চার বাঁহাতির ‘মৃত্যু’! ওই ম্যাচ নিয়ে একটা আক্ষেপও আছে সাইফুলের, ‘শ্রীলঙ্কা ২৩৩ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যানেজার রকিবুল ভাই বলেছিলেন, আমরা জিতে যাব। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় পারলাম না।’ আ. ই.