স্মৃতির ইচ্ছাশক্তির জয়
নীলফামারীর নটখানার ডিবিএলএম হাসপাতাল কম্পাউন্ডের পথটি ধরে মোটরসাইকেল চালিয়ে যে মেয়েটি এল, ওর নাম স্মৃতি রায়। পঞ্চগড় জেলার দেবীগঞ্জের মালচণ্ডী গ্রামে বাড়ি। মেয়েটির সঙ্গে দুদণ্ড কথা বললেই ও যে আপনার স্মৃতিতে চিরস্থায়ী হবে সেটা নিশ্চিত। এমনই আন্তরিক আর আত্মপ্রত্যয়ী ওর ভাষা! আজকাল অনেক মেয়ে মোটরসাইকেল চালালেও তাদের মনে থাকার কথা নয়।স্মৃতি শারীরিক প্রতিবন্ধী। স্মৃতির বাঁ হাতটি ডান হাতের চেয়ে বেশ ছোট, তালু আর বুড়ো আঙুলটা ঠিক থাকলেও বাকি আঙুলগুলো প্রায় নেই বলা যায়।ছয় বোনের মধ্যে ও মেজো। দেড় বছর বয়সে আগুনে ওর হাত-মুখ পুড়ে গিয়েছিল। পোড়া ছোট্ট হাতটি যত দিনে শুকালো তত দিনে হাতের নিচের অংশ কনুইয়ের ওপরের অংশের সঙ্গে জোড়া লেগে গেছে।দরিদ্র বাবার প্রতিবন্ধী মেয়েটির লেখাপড়ায় আগ্রহ দেখে স্কুলশিক্ষক মেসোমশাই তাকে নীলফামারীতে নিজেদের কাছে নিয়ে এলেন। এখানের ডিবিএলএম হাসপাতাল সম্পর্কে জেনে স্মৃতি নিজেই একদিন জানতে এল তার হাতটি ভালো হবে কি না। সুইজারল্যান্ডের চিকিত্সক জ্যঁ ফ্রাসোয়া নিগ্রিনি তাকে আশ্বস্ত করলেন। সেটা ২০০৫ সাল। এক বছরে সাতটি অপারেশনের পর সে এখন বাঁ হাতটি সোজা ও ভাঁজ করতে পারে, পারে কিছু কাজ করতে। চিকিত্সার পাশাপাশি পড়াশোনা চালিয়ে ২০০৮-এ স্মৃতি এইচএসসি পাস করেছে।এমন সময় সে লেপ্রসি মিশনের কমিউনিটি প্রোগ্রামের মাঠকর্মী নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখল। চাকরির শর্ত, মোটরসাইকেল চালাতে হবে। মনে সংশয় ‘পঙ্গু’ হাত নিয়ে মোটরসাইকেল চালানো যাবে তো? স্মৃতি দরখাস্ত করলে অপ্রত্যাশিতভাবে চাকরিটি তার হয়েও গেল।এবার মোটরসাইকেল চালানোর পালা। প্রকল্প পরিচালক সুরেন সিং এবং রিহ্যাবিলিটেশন কনসালটেন্ট বাব বাওয়ার্সের উত্সাহে সে বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করল। লাইসেন্স পেতে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা দিতে হবে। তাই সে মন দিয়ে বইপত্র পড়া আর মাঠে গিয়ে মোটরসাইকেল চালানোর অনুশীলন শুরু করল। ওর অনুশীলন দেখতে অস্বস্তিকর ভিড় জমে গেলেও সে তার লক্ষ্যে এগিয়ে গেছে।লিখিত পরীক্ষায় পাস করে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে মোটরসাইকেল চালিয়ে রংপুর যাওয়ার পথে লাইসেন্স নেই বলে মোবাইল কোর্ট স্মৃতিকে ধরল। সব কথা শুনে ম্যাজিস্ট্রেট উল্টো তাকে শুভকামনা জানালেন। ২০০ জন পরীক্ষার্থীর মধ্যে একমাত্র মেয়ে স্মৃতির ডাক এল সবশেষে। কিন্তু মোটরসাইকেল নিয়ে মাঠে নামার আগেই কর্তৃপক্ষ তার পরীক্ষা নিতে অপারগতা জানালেন। বললেন, তারা প্রতিবন্ধিতার কথা জানিয়ে বিশেষ আবেদন করতে। পরে আরেক দিন তার ইন্টারভিউ হলো। সবকটি টেস্টে উত্তীর্ণ হয়েও প্রতিবন্ধী বলে স্মৃতি লাইসেন্স পেল না। সেদিন তার চোখ ফেটে পানি এসেছিল। কর্তৃপক্ষ আইনি জটিলতার কথা জানিয়ে বললেন তাকে একটি বিশেষ বোর্ডের সামনে ইন্টারভিউ দিতে হবে। অবশেষে ২০০৯-এর ১০ আগস্ট বিশেষ বোর্ডের কাছ থেকে সে তার ড্রাইভিং লাইসেন্সটি পেল।স্মৃতি এখন কুষ্ঠ রোগি এবং সাধারণ প্রতিবন্ধী অসহায় মানুষকে স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে। সঙ্গে নীলফামারী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স প্রথম বর্ষে পড়ছে। মানুষ আর স্রষ্টার প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। তাই বোধহয় তার মুখ থেকে বেরিয়ে আসে, ‘ঠাকুর, যেটুকু যোগ্যতা দিয়েছ, ক্ষমতা দিয়ো যেন তা ব্যবহার করে আমি আমার দায়িত্ব পালন করতে পারি।’