স্মৃতির খোরপোশ আদায়ের লড়াই
স্মৃতি (১৮) একাদশ শ্রেণীর ছাত্রী, লেখাপড়ায় মোটামুটি ভালো। তাঁর বয়স যখন মাত্র ছয় বছর, তখন তাঁর বাবা ইদ্রিস আলী (ছদ্মনাম) তাঁর মা রেণুকাকে (ছদ্মনাম) তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে করেন। সেই থেকে স্মৃতির আশ্রয় হলো তাঁর মায়ের সঙ্গে মামাবাড়িতে। মামাবাড়িতে কষ্টেসৃষ্টে অনেকটা পরগাছার মতো তাঁরা থাকেন। তাঁর মা একটা বিড়ির কারখানায় কাজ করেন আর স্মৃতি লেখাপড়া করেন। স্মৃতির বাবা শিক্ষকতা করেন। তিনি তাঁর নতুন সংসার নিয়ে মোটামুটি সুখে-স্বাচ্ছন্দ্যেই আছেন। কিন্তু তিনি স্মৃতির কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করেন না। স্মৃতি পড়াশোনার প্রয়োজনে বা অন্য কোনো জরুরি দরকারি কাজে কখনো তাঁর বাবার কাছে টাকা-পয়সা চাইতে গেলে তিনি ও তাঁর (স্মৃতির) সৎমা দূর দূর করে তাড়িয়ে দেন। স্মৃতিদের কলেজের অধ্যক্ষ ছিলেন এলএলবি পাস। তিনি স্মৃতির কষ্টের কথা শুনে তাঁকে তাঁর খোরপোশের জন্য বাবার বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করার পরামর্শ দেন। অধ্যক্ষের কথামতো স্মৃতি তাঁর জন্মদাতা বাবার বিরুদ্ধে মামলা করেন। ঘটনায় চারদিকে হইচই পড়ে যায়। সবাাই বলাবলি করতে থাকে, বাবার বিরুদ্ধে মামলা করল মেয়ে! শুনানির তারিখে জজ সাহেব স্মৃতির বাবাকে খাসকামরায় ডেকে নিয়ে সবকিছু বুঝিয়ে আদালতের বাইরে মেয়ের সঙ্গে আপস-মীমাংসা করে নেওয়ার জন্য চাপ দিলেন। কিন্তু তিনি নানা টালবাহানা করতে থাকেন, মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে দায়িত্ব এড়াতে চান। অগত্যা জজ সাহেব বাধ্য হয়ে সাক্ষ্য গ্রহণ শেষে মামলার রায় ঘোষণা করেন। রায়ে ইদ্রিস আলীর বিরুদ্ধে স্মৃতির ছয় বছর থেকে ১৮ বছর বয়স পর্যন্ত মাসিক তিন হাজার টাকা হারে বকেয়া খোরপোশ এককালীন প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে স্মৃতির বয়স ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এভাবে খোরপোশ দেওয়ার জন্যও তাঁকে বলা হয় এবং স্মৃতির বিয়ের যাবতীয় খরচও বহন করার জন্য ইদ্রিস আলীকে নির্দেশ দেওয়া হয়। এ রায়টি এলাকায় ব্যাপক আলোচনায় আসে। লোকলজ্জার চাপে ও আইন-আদালতের ভয়ে শেষ পর্যন্ত ইদ্রিস আলী মেয়ের কাছে নতিস্বীকার করতে বাধ্য হন। স্মৃতির সঙ্গে আমার মাঝেমধ্যে কথা হয়, তিনি ভালো আছেন বলে জানান। লেখক জ্যেষ্ঠ বিচারিক হাকিম, নরসিংদী।