স্মৃতির পাতায় ফয়সালাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশঙ্কা গুরুসিনহাকে পেলে সবচেয়ে ভালো হতো। কিংবা ফিল ডিফ্রেটাস বা রিচার্ড ইলিংওয়ার্থ। ঝড়ের প্রায় পুরোটা খুব কাছ থেকে দেখেছেন গুরুসিনহা। আর তাণ্ডবলীলার সবচেয়ে বেশি শিকার ডিফ্রেটাস ও ইলিংওয়ার্থ। দেশের ক্রিকেটের ওপর অভিমান করে এখন মেলবোর্নে স্থায়ী হয়েছেন গুরুসিনহা। ডিফ্রেটাস-ইলিংওয়ার্থ কোথায় আছেন, জানা নেই। তবে এটা নিশ্চিত, শ্রীলঙ্কায় নেই। ঝড়ের অভিজ্ঞতা শোনার জন্য সবচেয়ে উপযুক্ত তিনজনকেই পাওয়া যাচ্ছে না।তবে শেষ পর্যন্ত যে দুজনকে পাওয়া গেল, ঝড়ের খুব কাছাকাছি ছিলেন তাঁরাও। একজন প্যাড-ট্যাড পরে ড্রেসিংরুমে বসেছিলেন উইকেটে যাওয়ার অপেক্ষায়। আরেকজন জানতেন সেই ব্যাটিংয়ে নামার ঝামেলায় যেতে হবে না। নিরাপদ জায়গায় বসে তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন। অরবিন্দ ডি সিলভা ও চামিন্ডা ভাস। ও হ্যাঁ, ওই ঝড়ের নাম সনাৎ জয়াসুরিয়া!এবারের আগে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ফরম্যাট ছিল একবারই—১৯৯৬ সালে। বিশ্বকাপ ইতিহাসের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-শ্রীলঙ্কা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবারও একে অন্যের বাধা এই দুই দল। এই ম্যাচের আগে অবধারিতভাবেই তাই চলে আসছে সেই ম্যাচ। চলে আসছে তাই জয়াসুরিয়া-ঝড়ও। ১৯৯৬ সালের ৯ মার্চ, ফয়সালাবাদের যে ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল ইংল্যান্ড।৯৬ বিশ্বকাপে জয়াসুরিয়ার অনেক কীর্তি নিয়েই অনেক কথা হয়, লেখা হয়। একটা ব্যাপার অনেকেরই মনে থাকে না। দুজন পেসারকে সেবার স্পিনার বানিয়ে ছেড়েছিল জয়াসুরিয়ার ব্যাট! গ্রুপ পর্বের ম্যাচে দিল্লিতে মার খেয়ে মিডিয়াম পেসার মনোজ প্রভাকর শুরু করেছিলেন অফ স্পিন। একই অবস্থা ডিফ্রেটাসেরও। প্রথম ২ ওভারে ৩২ রান দেওয়ার পর দ্বিতীয় স্পেলে করেছিলেন অফ স্পিন! জয়াসুরিয়ার হাতে ধোলাইয়ের আগে অবশ্য দিনটা দারুণ কাটছিল ডিফ্রেটাসের। রান বাড়ানোর তাগিদে হঠাৎই সেদিন ৫ নম্বরে প্রমোশন দেওয়া হয়েছিল তাঁকে, সুযোগ পেয়ে ডমিনিকায় জন্ম নেওয়া পেসারও করে ফেলেন ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র ফিফটি (৬৪ বলে ৬৭)। ২৩৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইংল্যান্ড।জয়াসুরিয়া-কালুভিতারানার ঝড় থামাতে বাঁহাতি স্পিনার ইলিংওয়ার্থকে দিয়ে বোলিং ওপেন করায় ইংল্যান্ড। ফাটকাটা কাজেও লেগে গিয়েছিল। ইলিংওয়ার্থের প্রথম দুই বলে চার মারার পর তৃতীয় বলে বোল্ড হয়ে যান কালুভিতারানা। কিন্তু একার ঝড়েই যদি সব লন্ডভন্ড করে দেওয়া যায়, যৌথ ঝড়ের আর প্রয়োজন কী! এক পাশে পড়ে থাকলেন গুরুসিনহা, আরেক পাশে ইংলিশ বোলারদের রীতিমতো কচুকাটা করতে থাকলেন জয়াসুরিয়া। মাত্র ১৩ ওভার উইকেটে ছিলেন, ম্যাচের ভাগ্য ঠিক হয়ে যায় ওটুকুতেই। ডারমট রিভের বলে স্টাম্পিং হয়ে যখন ফিরছেন, নামের পাশে ৪৪ বলে ৮২, ১৩ চার ও ৩ ছয়। পরের কাজটুক স্বচ্ছন্দে সেরে ফেলেন ডি সিলভা-রানাতুঙ্গা-তিলকারত্নেরা। ৫ উইকেটে জিতে বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ওঠে শ্রীলঙ্কা আর প্রথমবার সেমির আগে বাদ পড়ে ইংল্যান্ড।প্যাড-ট্যাড পরে তৈরি হয়েছিলেন বটে, তবে একপর্যায়ে ডি সিলভার মনে হচ্ছিল ব্যাটিংটা বুঝি আর পাবেনই না, ‘জয়া যেভাবে মারছিল, মনে হচ্ছিল ২০-২৫ ওভারেই আমরা বুঝি জিতে যাব! বোলাররা জায়গাই খুঁজে পাচ্ছিল না কোথায় বল করবে। ও আউট হওয়ার পরও আমাদের পরিকল্পনা ছিল ইতিবাচক খেলে যাওয়া। আমরা সেটা পেরেছি। এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছিল।’আত্মবিশ্বাসের কথাটা আরও ভালো করে উঠে এল ১ উইকেট নেওয়া ভাসের কণ্ঠে, ‘ইংল্যান্ডকে হারানো এবং সেই জয়টা যেভাবে এল, জয়াসুরিয়ার ওই ইনিংস—সব মিলিয়ে আমাদের মাঝে কেমন যেন একটা বিশ্বাস চলে এসেছিল যে এবার একটা কিছু হবে। আমরা সেটা প্রমাণ করেছি। শিরোপা জয়ের পথে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ছিল ওই জয়।’এবারের কোয়ার্টার ফাইনালও কি হবে সাঙ্গাকারাদের জন্য এমন কোনো ধাপ?