স্মৃতিশক্তি হারাচ্ছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ!
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার বিখ্যাত লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ক্রমেই স্মৃতিশক্তি হারাচ্ছেন। মার্কেজের ভাই জাইম গার্সিয়া মার্কেজ কার্তাজেনা শহরে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় এ কথা জানান বলে আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে।জেইম গার্সিয়া মার্কেজ বলেন, তাঁর ৮৫ বছর বয়সী ভাই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ খুব মামুলি বিষয় জানার জন্য তাঁকে বেশ ঘন ঘন ফোন করেন। তিনি বলেন, ‘তাঁর স্মৃতিশক্তিতে সমস্যা দেখা দিচ্ছে। মাঝেমধ্যে আমি এই ভেবে কাঁদি যে আমার ভাইটিকে বুঝি আমি হারিয়ে ফেলছি।’ মার্কেজ স্মৃতিভ্রষ্ট হয়ে পড়েছেন—এমন গুঞ্জন বহুদিন ধরেই চলছিল। ১৯৮২ সালে সাহিত্যে নোবেল বিজয়ী এই লেখকের ব্যাপারে এবারই প্রথম পরিবারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হলো। ভাইয়ের স্বাস্থ্য বিষয়ে জেইম বলেন, ‘শারীরিকভাবে তিনি (গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ) সুস্থ আছেন। তবে তিনি দীর্ঘদিন ধরে স্মৃতিভ্রষ্ট রোগে আক্রান্ত। তবে এখনো তাঁর রসবোধ, আনন্দ ও নান্দনিকতার বোধ আছে।’১৯৬৭ সালে প্রকাশিত গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিটিউড’ বইটিকে সাহিত্য আন্দোলনের জাদু বাস্তবতা (ম্যাজিক রিয়ালিজম) ধারার অন্যতম সেরা গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। বয়সের ভারে ভারাক্রান্ত দাদাকে দেখভালের ক্ষেত্রে পরিবারের অনীহাকে কেন্দ্র করে বইটির গল্প এগিয়ে যায়। এ ছাড়া গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের আরেকটি অনবদ্য সৃষ্টি ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’। এই লেখক বর্তমানে মেক্সিকোয় থাকেন। সাম্প্রতিক বছরগুলোতে তাঁকে প্রকাশ্যে তেমন দেখা যায়নি।