স্মৃতিসৌধ এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় গতকাল সোমবার সকালে প্রথমে বিএনপির দুই পক্ষ এবং পরে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় দলের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। ক্ষুব্ধ নেতা-কর্মীরা অন্তত ২০টি যানবাহনসহ জ্বালানি তেলের একটি পাম্প ও একটি খাবারের দোকান ভাঙচুর করেন। এ সময় কয়েকটি দোকানে লুটপাট চালানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভোর পাঁচটা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন। এর পর পরই স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভেতরে থাকাকালে স্মৃতিসৌধের বাইরে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।পরে সকাল সোয়া আটটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে স্বাগত জানানো নিয়ে জাতীয় স্মৃতিসৌধের ভেতর দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরশাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।এর আগে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী এবং প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রের বিবরণ অনুযায়ী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে ভোর থেকে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী স্মৃতিসৌধ থেকে প্রায় ৫০ গজ দূরে নবীনগর ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টারে অবস্থান নেন। তাঁদের প্রায় সবার হাতে ছিল জাতীয় পতাকা বাঁধা লাঠি। তাঁরা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আশুলিয়া থানা শাখার সভাপতি দাবিদার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং সাভার পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. রেফাত উল্লাহর অনুসারী। অন্যদিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন স্মৃতিসৌধের মূল ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে।সকাল সোয়া ছয়টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আশুলিয়া থানা শাখার আরেক সভাপতি দাবিদার মিজানুর রহমানের অনুসারীরা ফিলিং স্টেশনে অবস্থানরত বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া করেন। তখন বেশ কিছু নেতা-কর্মী স্মৃতিসৌধের দিকে দৌড় দেন। বিএনপির নেতা-কর্মীরা ধাওয়া করতে আসছেন, এই আশঙ্কায় স্মৃতিসৌধের সামনে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। জানা যায়, সংঘর্ষ চলাকালেই স্মৃতিসৌধ ত্যাগ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ফিলিং স্টেশনে থাকা বাস ও ছোট গাড়িসহ অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করেন। ফিলিং স্টেশন ও সেখানে থাকা একটি ফাস্টফুডের দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। ভেঙে ফেলা হয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাভার প্রতিনিধির ক্যামেরা। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, সংঘর্ষের সময় বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কোনো ভূমিকা নেয়নি।নবীনগর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক কামাল হোসেন বলেন, ক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁদের ফিলিং স্টেশন ও ফাস্টফুডের দোকানে ব্যাপক ভাঙচুরের পর অর্ধলাখ টাকাসহ দেড় লাখ টাকার মালামাল লুট করে। সব মিলিয়ে তাঁদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিএনপির নেতা মিজানুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, ভোর সাড়ে পাঁচটার দিকে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ও মো. রেফাত উল্লাহর অনুসারীরা তাঁর অনুসারী নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এর প্রতিবাদে সকাল সোয়া ছয়টার দিকে তাঁর অনুসারীরা অন্য পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এর পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে।অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতা দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, খালেদা জিয়াকে স্বাগত জানাতে তাঁর দলের নেতা-কর্মীরা নবীনগর ফিলিং স্টেশনে অপেক্ষা করছিলেন। বিনা উসকানিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান।এ ব্যাপারে আওয়ামী লীগের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে তাঁর দলের নেতা-কর্মীরা ভোর থেকে স্মৃতিসৌধের সামনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়েছিলেন। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় আত্মরক্ষার্থে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের প্রতিহত করার চেষ্টা করেন। বিএনপির হামলায় আওয়ামী লীগের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হন বলে তৌহিদ জং দাবি করেন।জাতীয় পার্টির দুই পক্ষের সংঘর্ষ: সকাল সোয়া আটটার দিকে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ সময় তাঁকে স্বাগত জানাতে এগিয়ে যান দলের সাভার উপজেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম ও আশুলিয়া থানা শাখার সভাপতি আবুল কালাম আজাদ। মাজহারুলের অনুসারীরা বাধা দিলে আবুল কালাম আজাদের অনুসারীরা মাজহারুলকে মারধর করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে দলের নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের জন্য জাতীয় পার্টির নেতা মাজহারুল ও আবুল কালাম আজাদ একে অপরকে দায়ী করেছেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন আওয়ামী লীগ ও বিএনপিসহ জাতীয় পার্টির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সংঘর্ষের সময় পুলিশ কোনো ভূমিকা রাখেনি কেন জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। লক্ষ্মীছড়িতে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ: মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, গতকাল সকাল আটটার দিকে জেলার লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপজেলা শহীদ মিনারে ফুল দেওয়ার পর মিছিল নিয়ে ফিরছিলেন। পথে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা চালান। বিএনপির নেতা-কর্মীরা পাল্টা হামলা চালালে উভয় পক্ষের সাতজন নেতা-কর্মী আহত হন।লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বিকেলে প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। এখনো কেউ কোনো অভিযোগ করেনি।