স্মৃতিসৌধ এলাকায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে অর্ধশত আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আজ সোমবার সকালে বিএনপির দুই পক্ষে এবং পরে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। সংঘর্ষের সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা প্রায় ২০টি যানবাহন ভাঙচুর করেন।সকালে প্রথমে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি স্মৃতিসৌধের ভেতরে থাকাকালে আগে থেকেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা স্মৃতিসৌধের সামনে নবীনগর ফিলিং অ্যান্ড সার্ভিস সেন্টারে অবস্থান নেন। তাঁদের প্রত্যেকের হাতে ছিল কাঠের রোলার। যার এক প্রান্তে জাতীয় পতাকা বাঁধা ছিল। এ সময় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্মৃতিসৌধের মূল ফটকে অবস্থান করছিলেন।অন্যদিকে, সকাল সোয়া ছয়টার দিকে বিএনপির একপক্ষের কিছু নেতা-কর্মী ওই ফিলিং স্টেশনের সামনে থাকা বিএনপির অন্যপক্ষকে ধাওয়া করেন। এ সময় ফিলিং স্টেশনে অবস্থান করা ওই পক্ষের নেতা-কর্মীরা দৌড়ে স্মৃতিসৌধের মূল ফটকের দিকে যান। আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করতে আসছে মনে করে বিএনপির নেতা-কর্মীদের ওপর পাল্টা হামলা করেন। এ সময় উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। উভয় পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে আঘাত করেন। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ফিলিং স্টেশনসহ অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেন। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।এদিকে সকাল সোয়া আটটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ স্মৃতিসৌধে পৌঁছলে তাঁকে স্বাগত জানানোকে কেন্দ্র করে স্থানীয় জাতীয় পার্টির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং মারামারি হয়। এরশাদের উপস্থিতিতেই স্মৃতিসৌধের ভেতরে এ ঘটনা ঘটে।স্মৃতিসৌধ এলাকায় রাজনৈতিক দলগুলোর কর্মীদের এ ধরনের সংঘর্ষের ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলমের কাছে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান।