স্মৃতিসৌধে যাওয়ার পথে খালেদাকে বাধা দেওয়ার অভিযোগ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পথে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে কয়েকটি স্থানে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল সোমবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার গাড়িবহরকে বাধা দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, পুলিশ রোববার রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত খালেদা জিয়ার গুলশানের বাসভবন অবরুদ্ধ করে রেখেছিল। এমনকি বিরোধীদলীয় নেতার প্রটোকলের গাড়িও কিছু সময় আটকে রাখা হয়। ভোরে যাতে বিএনপির নেত্রী সাভারের স্মৃতিসৌধে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে যেতে না পারেন, সে জন্যই পুলিশ এমন আচরণ করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল।এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার বাড়ি ঘিরে রাখা হয়নি। সেখানে ঘিরে রাখার কোনো ব্যাপার ছিল না। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাওয়ার একটি সময়সূচি পুলিশকে দেওয়া হয়েছে। সেই সময়সূচি অনুযায়ী বিরোধীদলীয় নেতার বাসা থেকে বের হওয়ার কথা ছিল সকাল ছয়টায়। সাভারের স্মৃতিসৌধে পৌঁছানোর কথা ছিল সাড়ে ছয়টায়। পুলিশ শুধু সেটা মেনে চলার চেষ্টা করেছে।বিরোধীদলীয় নেতার গাড়িবহরে থাকা বিএনপির এক নেতা প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া তাঁর গুলশানের বাসা থেকে গতকাল ভোর সোয়া পাঁচটায় বের হন। বাসার সামনে গাড়ির বহর আটকে দেয় পুলিশ। কিছু সময় পর ছেড়ে দেওয়া হয়। এরপর গুলশান থেকে সাভারে যাত্রাপথে আরও কয়েক স্থানে রাস্তায় আড়াআড়িভাবে ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। খালেদা জিয়া সকাল পৌনে সাতটার দিকে সাভারে স্মৃতিসৌধে পৌঁছান।