স্যাটেলাইট ম্যাপিংয়ে সহযোগিতা দিতে চায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি উন্নয়নের জন্য স্যাটেলাইট ম্যাপ তৈরি করতে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ জানিয়েছে ভারত। আজ সোমবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবিরের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেছেন ভারতের পল্লি উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে ভারতের স্যাটেলাইট ম্যাপিংয়ের কাজ নিয়ে মতবিনিময় হয়। ভারতের রুরাল ডেভেলপমেন্ট, ড্রিংকিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন বিষয়কমন্ত্রী জয়রাম রমেশ জানান, ভারতে স্যাটেলাইট ম্যাপিং প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষি ও মত্স্য খাতের ব্যাপক উন্নয়ন ঘটানো হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকেও সহযোগিতা দেওয়া সম্ভব। বৈঠকে দুই দেশের পল্লি উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন-সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বাংলাদেশের একটি বাড়ি একটি খামার প্রকল্পের কাজকর্ম নিয়ে আলোচনা হয়।রমেশ ভারতের সেলফ হেলপ কোম্পানির কাজের অগ্রগতি দেখার জন্য বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানান। তিনি বর্তমান সরকারের দারিদ্র্য বিমোচন, গ্রামীণ উন্নয়ন, পল্লি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানীয় জল সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার প্রশংসা করেন। বৈঠকে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির বাংলাদেশের পল্লি উন্নয়ন একাডেমি এবং বগুড়ার পল্লি উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে চলমান প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি এসব প্রকল্পের সুফল ভারতের জনগণকে পৌঁছে দেওয়ার আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার এবং স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খানসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।