স্যান্ডিতে বিপর্যস্ত বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে স্যান্ডির তাণ্ডবে বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিরা। ঘরবাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তবে কোনো বাংলাদেশির প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্যান্ডি আঘাত হানার আগেই ঝুঁকিপূর্ণ আটলান্টিক সিটি থেকে গত রোববার সরে যান অধিকাংশ বাংলাদেশি। পরিবার ও স্বজনদের নিয়ে আশ্রয় নেন নিরাপদ স্থানে। আটলান্টিক সিটিতে বসবাসরত নাসের আহমেদ জানান, স্ত্রী, মেয়ে, বোনসহ ১১ জনকে নিয়ে তিনি প্যাটারসন শহরে এক আত্মীয়র বাসায় আশ্রয় নেন। নিজের ফেলে আসা বাড়িঘরের খোঁজও নিতে পারছেন না। নিউব্রান্স-উইক শহরে বাংলাদেশি ব্যবসায়ী এনাম চৌধুরী ও মোহাম্মদ চৌধুরী জানান, তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান এবং ঘরবাড়িতে বিদ্যুৎ নেই। বাড়ির সামনে গাছ পড়ে একরকম অবরুদ্ধ হয়ে আছেন।নিউজার্সির হ্যালটন শহরে ৩৪ বছর ধরে বসবাস করছেন বাংলাদেশি ব্যবসায়ী মামুন ইউ আহমেদ। দীর্ঘ প্রবাসজীবনে এমন দুর্বিপাক দেখেননি উল্লেখ করে তিনি বলেন, হারিকেনের কারণে তাঁর ১৪টি দোকান বন্ধ রাখতে হচ্ছে। বড় অঙ্কের আর্থিক ক্ষতির শঙ্কায় পড়েছেন তিনি। ম্যানহাটনে বাংলাদেশি ক্যাবচালক বদরুল আসলাম জানান, তিনি ঝুঁকি নিয়ে কাজ করছেন। সড়ক-মহাসড়ক বন্ধ থাকায় ঠিকমতো ক্যাব চালানো যাচ্ছে না। তিনি জানান, অধিকাংশ বাংলাদেশি ক্যাবচালক সোম ও মঙ্গলবার কাজ করেননি। নগর সচল হলে বৃহস্পতিবার থেকে ভালোভাবে কাজ শুরু করা যাবে বলে জানান আরেক ক্যাবচালক মোহাম্মদ রহমান।