স্যান্ডিতে মৃতের সংখ্যা বেড়ে ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার কার্যক্রম চালানোর কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ৪৫ লাখ মানুষ ঘূর্ণিঝড় আঘাত হানার তিন দিন পরও বিদ্যুিবহীন অবস্থায় আছে। কাল শনিবার নাগাদ নিউইয়র্কের অনেক এলাকায় বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। তবে কিছু এলাকায় বিদ্যুত্ ব্যবস্থা স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। নিউইয়র্কে স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য ন্যাশনাল গার্ড খাবারের ১০ লাখ প্যাকেট ও পানির বোতল বিতরণ করেছে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ডু কোমো গতকাল বৃহস্পতিবার ১০ লাখ বাসিন্দার জন্য খাবার বিতরণের নির্দেশ দেন। এ সময় তিনি শিশু ও বয়স্কদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে খাবার বিতরণের জন্য ন্যাশনাল গার্ডের সদস্যদের নির্দেশ দেন। নিউইয়র্কে সাতটির মধ্যে চারটি ট্রেন টানেলে এখনো বন্যার পানি আটকে আছে। তার পরও সীমিত আকারে সাবওয়ে সেবা চালু করা হয়েছে। নিউইয়র্ক শহর ও নিউজার্সি অঙ্গরাজ্যে বহু পেট্রল স্টেশন এখনো বন্ধ রয়েছে। ম্যানহাটনের নিম্নাঞ্চলে যেখানে স্যান্ডির সময় রেকর্ড পরিমাণ ১৪ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস আঘাত হেনেছিল, সেখানকার সাবওয়ে সেবা এখনো বন্ধ আছে। হাজার হাজার বাড়ি এখনো বিদ্যুিবহীন। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের আতঙ্ক এখনো কাটেনি। এ ব্যাপারে আলফাবেট শহরের রেস্তোরাঁ মালিক ওলফগং বান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দিনে লোকজন নিরাপদ বোধ করলেও রাত নামার সঙ্গে সঙ্গে আতঙ্ক তাদের ঘিরে ধরে। এদিকে ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০০০ কোটি মার্কিন ডলার হতে পারে বলে নতুনভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির আগের হিসাবের তুলনায় এটি প্রায় দ্বিগুণ। গত সোমবার ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের নগর-জনপদ বিপর্যস্ত হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি ক্যারিবিয়ান অঞ্চলে আঘাত হানে। এতে ৬৯ জন নিহত হয়।