স্যান্ডির আঘাতে নিহত ১৩
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে গতকাল সোমবার মধ্যরাতে প্রবল বেগে আঘাত হেনেছে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী সামুদ্রিক ঝড় ‘হারিকেন স্যান্ডি’। ঝড়ে বিভিন্ন অঙ্গরাজ্যে ১৩ ব্যক্তির প্রাণহানির খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সর্বশেষ খবর অনুযায়ী, গতকাল মধ্যরাতে নিউ জার্সি উপকূল অতিক্রম করছিল স্যান্ডি। এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১২৯ কিলোমিটার। হারিকেন স্যান্ডির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ১০ লাখেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সাতটি অঙ্গরাজ্যে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে বিদ্যুিবহীন অবস্থায় আছে ৩০ লাখ মানুষ।ঝড়ের কারণে পূর্ব উপকূলের শহরগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। নিউইয়র্ক শহর অচল হয়ে পড়েছে। ঝড় আঘাত হানার পর জলোচ্ছ্বাসের কথাও শোনা গেছে। নিউইয়র্ক ও নিউ জার্সির নিচু এলাকা ইতিমধ্যেই তলিয়ে গেছে।বাতিল করা হয়েছে পাঁচ হাজারের মতো ফ্লাইট। বাস চলাচল ও পাতাল রেলের চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল-কলেজ ও স্টক এক্সচেঞ্জও বন্ধ রয়েছে। ৭৬টি স্কুলে খোলা হয়েছে জরুরি আশ্রয়কেন্দ্র।হারিকেন স্যান্ডিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় হারিকেন বলে উল্লেখ করা হচ্ছে।