স্যান্ডির কবলে নিউইয়র্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় স্যান্ডির প্রভাবে মেরিল্যান্ডের কিছু অংশে ও নিউজার্সির দক্ষিণাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। দক্ষিণ ম্যানহাটানের উপকূলজুড়ে পানির উচ্চতা বেড়ে গেছে। বার্তা সংস্থা সিবিএস নিউজে গতকাল সোমবার মধ্যরাতের খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত আটটা থেকে নয়টার মধ্যে সবচেয়ে বড় আঘাত হানার কথা। এ সময় উঁচু জলোচ্ছ্বাস সৃষ্টি হবে। নিউইয়র্ক পাবলিক রেডিওর খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের ফলে নগরের বিভিন্ন অংশের প্রায় ১০ হাজার মানুষ ইতিমধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাতাসের গতি ক্রমশ বেড়ে যাচ্ছে। সিএনএনের খবরে বলা হয়েছে, সোমবার বিকেল নাগাদ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে সাতটি অঙ্গরাজ্যের প্রায় তিন লাখ মানুষ। সন্ধ্যার পর কোনো অঘটন ঘটলে অন্ধকারে উদ্ধারকাজ ব্যাহত হবে বলে নগর কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।নিউইয়র্কের স্টক এক্সচেঞ্জ সোমবার বন্ধ করে দেওয়া হয়। আজ মঙ্গলবারও বন্ধ থাকবে। নাইন-ইলেভেন হামলার পর এবারই প্রথম স্টক এক্সচেঞ্জ বন্ধ করে দেওয়া হলো।বিবিসির খবরে বলা হয়েছে, স্যান্ডির আঘাতে ইতিমধ্যে ৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ জন মারা গেছে হাইতিতে। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ১২টি অঙ্গরাজ্যজুড়ে ভীতিকর অবস্থা বিরাজ করছে। নিউইয়র্ক ও নিউজার্সির সমস্ত রাস্তাঘাটে কারফিউ অবস্থা বিরাজ করছে। ছোট-বড় শহরের আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেই অবস্থা। বেতার-টিভিতে সার্বক্ষণিক স্যান্ডির পূর্বাভাস ও ভয়াবহতা জানিয়ে দেওয়া হচ্ছে। ওয়েদার বেনেলের আবহাওয়াবিদ কেলি কেস স্যান্ডিকে এযাবৎকালের ভয়াবহতম ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছেন। সাগর নিকটবর্তী এলাকায় সোমবার দুপুরে ৯০ মাইল গতিতে বাতাস বইছিল। জনপদে বাতাসের গতি ৭৫ মাইল বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। নিউজার্সিতে অবস্থানরত বাংলাদেশিরা একে অন্যের খোঁজ রাখছেন। নর্থব্লাক্স উইকে বসবাসরত শওকত রহমান এ প্রতিবেদককে জানান, তিনি জরুরি পরিস্থিতির জন্য মাত্র দুটি মোমবাতি সংগ্রহ করতে পেরেছেন। পরিস্থিতি নাজুক হয়ে পড়লে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয়ের প্রস্তুতি নিয়ে রেখেছেন। ৪৮৫ ব্যাসার্ধের ঘূর্ণিঝড় স্যান্ডি ঘণ্টায় ১৮ মাইল করে মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৭৫ মাইল। কানেকটিকাট, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি ও নর্থ ক্যারোলাইনা রাজ্যে স্যান্ডির তাণ্ডব টের পাওয়া যাবে বলে বারবার সতর্ক করা হচ্ছে।