স্যান্ডির ক্ষতি পোষাতে অর্থ-প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মার্কিন কংগ্রেস ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ৯ দশমিক ৭ বিলিয়ন ডলারের আইন প্রস্তাব গত শুক্রবার অনুমোদন করেছে।প্রেসিডেন্টের অনুমোদনের পর এ অর্থসাহায্য দ্রুত স্যান্ডি-দুর্গত এলাকার বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণে ব্যয় করা হবে। নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি ও কংগ্রেসম্যান পিটার কিং তাত্ক্ষণিক এক বিবৃতিতে এ অর্থ বরাদ্দকে প্রাথমিক ও জরুরি পদক্ষেপ বলে উল্লেখ করেন। স্যান্ডি-দুর্গত এলাকার জন্য দ্রুত একটি সমন্বিত অর্থ আইন প্রণয়নের জন্য তাঁরা কংগ্রেসের প্রতি আহ্বান জানান।নিউইয়র্ক ও নিউজার্সির জনপ্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত সাহায্য পাওয়ার প্রত্যাশায় ছিলেন। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে স্যান্ডি-দুর্গত এলাকায় অর্থসাহায্যের জন্য দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হয় কংগ্রেস। গত বছরের ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের জনপদে হারিকেন স্যান্ডি আঘাত হানে। স্মরণকালের ভয়াবহতম এ প্রাকৃতিক দুর্যোগে ১২৫ জনের বেশি লোকের প্রাণহানি ঘটে। নিউইয়র্ক ও নিউজার্সির সমুদ্র উপকূলবর্তী এলাকায় সাড়ে তিন লাখ বাড়িঘর পুরোপুরি বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক হিসাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ছয় হাজার কোটি ডলার ধরা হলেও অবকাঠামো পুনর্নির্মাণ ও পুনর্বাসন খাত সামাল দিতে এখন হিমশিম খাচ্ছে রাজ্য সরকারগুলো। উত্তর-পূর্বাঞ্চলের জনপদে হারিকেন স্যান্ডির রেখে যাওয়া তাণ্ডবের রূপ এখনো প্রকট। ব্যাপক পুনর্বাসন-প্রক্রিয়া শুরু হলেও জীবনযাত্রা স্বাভাবিক হয়ে ওঠেনি।