স্যান্ডির ক্ষয়ক্ষতি নিয়ে ব্যস্ত ওবামা-রমনি
গরম হাওয়া ভালোভাবেই বইছিল। কিন্তু হঠাৎ করে পরিস্থিতি হাড়কাঁপানো শীতের মতো থরথরে অবস্থার দিকে মোড় নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের গরম হাওয়া এখন বরফশীতলতায় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় স্যান্ডি আঘাত হানার পর এখন কোণঠাসা প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিট রমনির প্রচারণা শিবির।আগামী ৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। হাতে সময় আর এক সপ্তাহও নেই। এই সময়ে ওবামা-রমনির ব্যস্ত থাকার কথা ছিল প্রচারণার মাঠে। কিন্তু স্যান্ডির তাণ্ডবের কারণে দুই প্রার্থীকেই তাঁদের নির্বাচনী প্রচারণা স্থগিত করে ভাবতে হচ্ছে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা।বিশ্লেষকেরা বলছেন, মার্কিন নির্বাচনে মোড় ঘুরিয়ে দিতে পারে এই স্যান্ডি। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলিয়ান জেলিজারের মতে, এটা দুই প্রার্থীর জন্যই ঝুঁকি ও আশীর্বাদ হিসেবে কাজ করতে পারে। এ কারণে দুই দলের রাজনৈতিক পরামর্শকেরা এখন ভীষণ ভয়ের মধ্যে আছেন।দুর্যোগ আঘাত হানার পরপরই ওবামা ঘোষণা দিয়েছেন, ‘আগামী সপ্তাহে নির্বাচন হবে। কিন্তু এখন আমাদের প্রথম দায়িত্ব, জীবন রক্ষা করা।’ প্রচারণার মাঠ ছেড়ে গত সোমবার থেকে ওবামা ব্যস্ত সময় কাটাচ্ছেন স্যান্ডির গতিবিধি ও ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ এবং যাবতীয় পদক্ষেপ গ্রহণসংক্রান্ত কাজে।দুর্যোগ মোকাবিলায় নিজের ও প্রশাসনের দক্ষতা প্রমাণের এ সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন ওবামা। আর এ জন্য খোদ রিপাবলিকান শিবির থেকেও ওবামার প্রশংসা শোনা যাচ্ছে।মিট রমনি নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখার পরিকল্পনা করলেও সোমবার তা পুনর্বিবেচনা করার কথা ভাবতে বাধ্য হন। উইসকনসিনে সোমবার রাতে একটি প্রচারণা শোভাযাত্রা অনুষ্ঠানের কথা ছিল ম্যাসাচুসেটসের সাবেক গভর্নরের নেতৃত্বে। তা স্থগিত করা হয়েছে। ক্ষমতায় না থাকলেও দুর্যোগপীড়িত মানুষের পাশে অবস্থান নিয়েছেন রমনি।এই মহাদুর্যোগের সময় দুই প্রার্থীর কর্মতত্পরতা, নেতৃত্বের দক্ষতা ও রাজনৈতিক কৌশল মার্কিন ভোটারদের মনে একটা প্রভাব ফেলবে বলেই ধারণা করছেন বিশ্লেষকেরা। তাই ওবামা-রমনির ভাগ্যের নির্ধারক হয়ে উঠতে পারে এই দুর্যোগের রাজনীতি।