স্যান্ডির পর শীতের হানা
ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের নিউইয়র্কবাসী ঘুরে দাঁড়ানোর আগেই দরজায় কড়া নাড়ছে শীতের প্রচণ্ড হিম। স্যান্ডিতে বিধ্বস্ত ঘরবাড়ির বাসিন্দারা আশ্রয়কেন্দ্রসহ অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন। আবাসনের এই চরম সংকটের মধ্যে গতকাল রোববার হিমাঙ্কের কাছে নেমে আসা ঠান্ডার কারণে নতুন করে সমস্যার মুখোমুখি এই মানুষগুলো।নিউইয়র্ক নগরের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, শুধু নিউইয়র্ক শহরেই ৩০-৪০ হাজার মানুষের আশ্রয় প্রয়োজন। শহরে পর্যাপ্ত খালি বাড়ি নেই। এদের জন্য আশ্রয় খোঁজাটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই বলে কাউকে খোলা আকাশের নিচে রাস্তায় ঘুমাতে দেওয়া যায় না। দ্রুত এ সমস্যার সমাধানে কাজ চলছে বলে তিনি জানান।এদিকে স্যান্ডির এক সপ্তাহ পরও নিউইয়র্কের পার্শ্ববর্তী নিউজার্সির ১০ লাখ মানুষ বিদ্যুত্হীন অবস্থায় রয়েছে। উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে জ্বালানিসংকট ও বিদ্যুত্ সরবরাহ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। এ সপ্তাহের মধ্যে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিসহ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে। ম্যানহাটনে অভাবী মানুষের মধ্যে স্বেচ্ছাসেবী হয়ে খাবার বিতরণকারী অ্যাডেলিন কামাচো বলছিলেন, এখানে বিদ্যুত্ ফিরে এসেছে; তবে কোনো তাপ নেই। বহু মানুষ উষ্ণতাসুবিধা পাচ্ছে না। গত রাতে অনেক ঠান্ডা ছিল। আজ থেকে এ পরিস্থিতি আরও খারাপ হবে।যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জ্যানেট নেপোলিয়ানো সংবাদ সম্মেলনে বলেন, স্যান্ডিতে বাস্তুচ্যুত গৃহহীন মানুষের জন্য কেন্দ্রীয় সংস্থাগুলো অ্যাপার্টমেন্ট ও হোটেলকক্ষ খুঁজছে। গৃহায়ণ এখন সবচেয়ে বেশি চিন্তার বিষয়। সংবাদ সম্মেলনে নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টিও উপস্থিত ছিলেন। নিউজার্সিতে স্যান্ডিতে নিহত আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে স্যান্ডিতে মৃতের সংখ্যা বেড়ে ১১৩ জনে পৌঁছেছে।