স্যান্ডো, গরু এবং কপাল কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রিজ-ডিপফ্রিজের বিজ্ঞাপনে পত্রিকা সয়লাব। তার মানে কোরবানির ঈদ ‘নকিং অ্যাট দ্য ডোর’। এখন সবার ভাবনায় গরু-ছাগল আর টাকা-পয়সার চেহারা ভাসার দিন। চেহারা তো বটেই, সঙ্গে হাট-বাজার, দাম নিয়ে সাধ্য-অসাধ্য, ব্যবসায়ীদের তোড়জোড়, কেনাকাটায় সম্ভাব্য প্রতিযোগী ক্রেতা কারা হবে ইত্যাদি। আলাপ-আলোচনার আসর ঘরে-বাইরে। তো এসব নিয়ে তেমন এক আসরে কথা হচ্ছিল। আড্ডার সদস্য সবাই অবসরপ্রাপ্ত ছা-পোষা মানুষ। কেউকেটা চাকুরে ছিলেন না কেউই। হিসাব কষে মাস চালানোর পকেটধারী সবাই। কেউ কেউ তো আবার পেনশনের টাকা এদিক-সেদিক খাটিয়ে ধরা খাওয়া। তেমন একজনকে দিয়েই আড্ডায় আলাপ শুরু। তিনি বললেন, তাঁর পক্ষে এবার পশু কোরবানি দেওয়া সম্ভব নয়। কারণ, ইতিমধ্যে অনেক টাকা-পয়সা কোরবানি দিয়ে ফেলেছেন। কথাটা মনে ধরার মতোই। শেয়ারবাজারের ভিকটিম। এই দুঃখ-ভারাক্রান্ত কথার শেষে ভদ্রলোক মন খারাপি দীর্ঘশ্বাস ছেড়ে বেশ ফ্রাসট্রেটেড কথায় চলে গেলেন। ‘বুঝলেন, কী যে ভূত চাপল মাথায়, দুম করে অতগুলো টাকা খাটিয়ে ফেললাম বড়লোক হওয়ার আশায়। এখন ধরা খেয়ে অভাব-অনটনে খাবি খাচ্ছি। ভাবছি, গ্রামের বাড়িতে গিয়ে ওই টাকা গরুর পিছে ঢাললে বরং কাজে দিত।’ ক্ষোভের এই কথা শেষে দম নিলেন একটু। তারপর বললেন, ‘অনেককেই তো দেখছি বছর ধরে কয়েকটা করে গরু-ছাগল পুষে খাইয়ে-দাইয়ে, মোটাতাজা করে কোরবানিতে হেভি লাভটাব করছে! গোবর থেকেও টু-পাইস আসে। আবার কাউডাং-গ্যাসে বাতি-চুলায় সাশ্রয় হয়।’সব শুনে আসরের আরেকজন বললেন, ‘দূর! আবার ধরা খাবেন। আসলে সবই কপাল। আমার-আপনার সে কপাল নেই। যাদের আছে, তাদের সবদিকেই আছে। সবই ভালো। শেয়ারবাজারেও লাল, ব্যবসাপাতিতেও। তাদের হাতেই তো গেছে রে ভাই সব। তারা এবারও বিশাল গরুর ক্রেতা হবে। দুনিয়া কামড়ানো কপাল বানাবার বুদ্ধি-ফিকির তাদের জানা। ঝোপ বুঝে কোপ মারায় অতিশয় পারদর্শী। আসলে যে পারে সে পারে। আমরা আছি “অভাগা যেদিক চায়, সাগর শুকায়ে যায়” দলে।’‘ঠিকই বলেছেন,’ বললেন আরেকজন। তারপর যোগ করলেন, ‘ছা-পোষা থেকে গো-পোষা চেহারা নেওয়াও অত সহজ নয়। অনটনে পড়ে ছেলেমেয়ে মানুষ করাই কঠিন আর এত গবাদি। গরু মানুষ করা কি আর অত সহজ? ওতেও খরচখরচা কম নয়। ইনভেস্টমেন্টও স্বাস্থ্যবান হতে হয় তেমন জাঁদরেল গরুর জন্য। মোটাতাজা হতে পারে এমন এ ক্লাস জাতের দামি বাছুর কিনতে হয়, সেসবের দাম তো নেহাত কম নয়। শরীর ফোলাবার জন্য খাওয়াতে হয় দামি খাবার আর ওষুধপাতি। দেখাশোনার লোক রাখতে হয়। আরামের জন্য ভালো গোয়ালঘর বানাতে হয়। মশা আর অন্যান্য পোকামাকড় থেকে বাঁচাবার ব্যবস্থা রাখতে হয়। অসুখ-বিসুখ থেকে রক্ষা করতে ভেটেরিনারি ডাক্তার পুষতে হয়। সর্বোপরি গরুচোরদের এবং চাঁদাবাজদের ঠেকাবার জন্য প্রাণান্ত চেষ্টা চালাতে ডাকসাইটে রক্ষী দল রাখতে হয়। হাজারো সমস্যা। লাখ লাখ টাকার কাণ্ড। অতএব গো-পোষা ব্যাপারটিও অত সহজ নয়।’এসব নৈরাশ্যের কথা শুনে আড্ডার আরেকজন বললেন, ‘বাপ রে বাপ! হাঁফ ধরিয়ে দিলেন সমস্যার ফর্দ দিয়ে। এসব কথা বাদ দিন। এবারের ঈদে গরু কেনা যাবে কি না সেইটা বরং ভাবা যাক। দিনকাল যা পড়েছে, তাতে তো গরুর দাম আসমানে ঠেকা থাকবে। অত দূরে তো উঠতেই পারব না।’আড্ডার সবচেয়ে নাজুক হাড়জিরজিরে সদস্য, যিনি কোনোবারই কোরবানি দিতে পারেন না অভাবী সংসারের কারণে। তিনি এবার শুরু করলেন, ‘আমি ভাই এ বছরও কোরবানির লাইনে নাই। আমি তো মিস্টার স্যান্ডো নই। হতে পারলাম না এবারেও। অনেকে তো হয়ে যাচ্ছে।’মানে?! সবাই জিজ্ঞাসু নেত্রে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন। তিনি হেসে বললেন, ‘স্যান্ডোর গল্প জানেন না? তা হলে শুনুন। এটি পুরোনো দিনের ঘটনা। স্যান্ডো নামের একটি ছোট্ট ছেলে থাকত রোম শহরে। বাবা-মায়ের সঙ্গে একটা বাড়ির চারতলায়। সে যখন ৮-১০ বছরের, তখনই বাবা তাকে একটি সদ্য জন্মানো পিচ্চি বাছুর উপহার দিলেন। এতে মহাখুশি স্যান্ডো প্রতিদিন দুই বেলা করে বাছুরটিকে ঘাড়ে করে নিচে নিয়ে যেত খাওয়ানোর জন্য। খাওয়া শেষে আবার নিয়ে যেত চারতলায়। এভাবে করে-করে, কখন-কখন সে এবং বাছুরটি বড় হয়ে গেছে খেয়ালই করেনি। চিরকালের অভ্যাস অনুযায়ী বিশাল বপু ঢাউস হয়ে যাওয়া গরুটিকে একই রকম ঘাড়ে করে খাওয়াতে নিচে নামাত এবং ওঠাত। এই স্যান্ডো পরে বিশাল নামী কুস্তিগির বনে গিয়েছিল। যেহেতু চিরকাল এক ধরনের হাতকাটা গেঞ্জি পরত, তাই পরবর্তী সময়ে ওই ধরনের গেঞ্জির নামই হয়ে গিয়েছিল “স্যান্ডো”। এখনো আমরা তা-ই বলি।’তাঁর গল্পের এখানেই শেষ। কিন্তু কোরবানির সঙ্গে কী সম্পর্ক তা জানতে চাইলেন সবাই। তিনি অতএব ব্যাপারটি খোলাসা করে বললেন, ‘খেয়াল করে দেখেন, বছর বিশেক আগেও গরুর যে কম দাম ছিল, তাতেও নাক গলাতে পারতাম না টাকার অভাবে। পরের বছরের অপেক্ষায় থাকতাম দাম কমবার আশায়। কিন্তু কোনো দিনই কমল না। বরং বাড়তে বাড়তে এখন আকাশচুম্বী। নাগালের বাইরে।’ নিজের অপারগতার কথা শেষে বললেন, ‘ভেবেছিলাম ঈদে গরু কেনা কমে যাবে। কিন্তু বছর বছর দাম বাড়লেও যাদের কেনার তারা কিনছেই। দাম বাড়ছে যেমন, তেমনি এদের পয়সাও বাড়ছে। দাম যত ভারীই হোক, দিনে দিনে পকেটও ভারী হয়ে যাচ্ছে কীভাবে যেন। এরা সবাই বর্তমানের “স্যান্ডো-দ্য-মাইটি...”। আর আমরা হলাম গ্রামীণ “বচন”-এর ফলোয়ার। সেই যে কথায় আছে না—“যেই কপাল সেই মাথা, বইসা বইসা কপাল হাতা”-সেই গুড ফর নাথিং, হোপলেস গ্রুপ। কেনা তো দূরের কথা, হাটে গরুর চোখের দিকেও তাকাতে পারি না। যদি কমজোর আদমি ভেবে তেড়েফুঁড়ে আসে?’