স্যান্তোস চলে যাচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ শুরু করেছে দুই বছরও হয়নি। এরই মধ্যে বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অস্ট্রেলীয় তেল-গ্যাস কোম্পানি স্যান্তোস। সমুদ্রবক্ষের একমাত্র উৎপাদনশীল সাঙ্গু গ্যাসক্ষেত্রের জন্য খ্যাত ১৬ নম্বর ব্লকে নতুন বাণিজ্যিক বিনিয়োগের সম্ভাবনা না দেখে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।কোম্পানির সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বরের পর যেকোনো দিন আনুষ্ঠানিক চিঠি দিয়ে স্যান্তোস সরকারকে সিদ্ধান্ত জানাবে। চিঠিতে ১৬ নম্বর ব্লকের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য সরকারকে তিন মাসের সময় দেওয়া হবে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্যান্তোস সাঙ্গু ফিল্ড লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট সিরাজ উদেদৗলা প্রথম আলোকে বলেন, কার্যক্রম গুটিয়ে ফেলা ছাড়া স্যান্তোসের সামনে কোনো বিকল্প নেই। ব্লকটিতে বাণিজ্যিক বিনিয়োগের জন্য সম্ভাবনাময় আর কোনো জায়গা দেখা যাচ্ছে না।২০১০ সালের ২০ ডিসেম্বর ব্রিটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জির কাছ থেকে ব্লকটির দায়িত্ব নেয় স্যান্তোস। এরপর তারা ব্লকটিতে প্রায় ১৮ কোটি মার্কিন ডলার ব্যয় করে ভূকম্পন জরিপ ও তিনটি অনুসন্ধান কূপ খনন করে একটি মাত্র কূপে (সাঙ্গু-১১) স্বল্প পরিমাণ গ্যাস পায়।ওই কূপ থেকে বর্তমানে দৈনিক দুই থেকে আড়াই কোটি ঘনফুট গ্যাস তোলা হচ্ছে। এটুকু এখন চট্টগ্রামের বড় ভরসা। মজুদ কম হওয়ায় ছয় মাসের মধ্যে কূপটি থেকে উৎপাদন কমতে শুরু করবে। দেশের অন্য ক্ষেত্রগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়লেও, অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তা চট্টগ্রামে সরবরাহ করা সম্ভব হবে না। বর্তমানে চট্টগ্রামে দৈনিক গ্যাসের ঘাটতি প্রায় দুই কোটি ঘনফুট, যা দেশের মোট ঘাটতির প্রায় ৪০ শতাংশ।জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, চট্টগ্রাম অঞ্চলে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, শিল্প ও অন্যান্য ক্ষেত্রে গ্যাসের চাহিদা পূরণের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির যে পরিকল্পনা সরকার করেছিল, তা বাস্তবায়িত হচ্ছে না। নতুন দরপত্র আহ্বানের (বিডিং রাউন্ড) মাধ্যমে নতুন ক্ষেত্র আবিষ্কার এবং সেখান থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহে ছয় থেকে সাত বছর সময় লাগবে।গত ৮ আগস্ট এক চিঠিতে তাদের চলে যাওয়ার সম্ভাবনার কথা সরকারকে জানায় স্যান্তোস। তার পরও অনিশ্চয়তা ছিল কুতুবদিয়ার ক্ষেত্রটি পরিচালনার সরকারি অনুমোদন নিয়ে। সরকার কুতুবদিয়া গ্যাসক্ষেত্রটি পরিচালনার অনুমোদন দিলে স্যান্তোস বাণিজ্যিক বিনিয়োগের নতুন একটি জায়গা পেত বলে কোম্পানি সূত্র জানায়।ওই চিঠিতে স্যান্তোস সরকারকে জানায়, ১৯৭৪ সালে আবিষ্কৃত কুতুবদিয়া গ্যাসক্ষেত্রটি তাদের পরিচালনার দায়িত্ব দিলে সরকারের শর্ত অনুযায়ী স্যান্তোস ৫ শতাংশ গ্যাস বেশি দিতে রাজি আছে। সে ক্ষেত্রে তারা কুতুবদিয়ায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালিয়ে কূপ খনন করবে। এ ছাড়া, মগনামায় সম্ভাবনা কম থাকলেও তারা অনুসন্ধান কূপ খনন করবে। কুতুবদিয়া ও মগনামার কূপ দিয়ে চট্টগ্রামে আরও কয়েক বছর গ্যাস সরবরাহ করা যাবে।কিন্তু সরকার সেই চিঠির কোনো জবাব এখন পর্যন্ত দেয়নি। মৌখিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কুতুবদিয়ার ক্ষেত্রটি সরকার স্যান্তোসকে দিতে পারছে না। কারণ, নতুন উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে দেওয়ার জন্য আসন্ন তৃতীয় দফার দরপত্রে (থার্ড রাউন্ড বিডিং) ক্ষেত্রটি অন্তর্ভুক্ত করা হয়েছে।কুতুবদিয়া ক্ষেত্রটি ১৬ নম্বর ব্লকে হলেও আগে আবিষ্কৃত হওয়ায় ক্ষেত্রটির সীমানা নির্ধারণ (রিং ফেঞ্জ) করে সরকারি তত্ত্বাবধানে রাখা হয়েছে। প্রথমে সরকারের শর্ত ছিল, পিএসসির মাধ্যমে নির্বাচিত ১৬ নম্বর ব্লকের পরিচালক কুতুবদিয়া ক্ষেত্রটি নিতে চাইলে সরকারকে নগদ দেড় কোটি ডলার এবং উৎপাদিত গ্যাস বণ্টনের ক্ষেত্রে ৫ শতাংশ বেশি দিতে হবে।এরপর তৃতীয় দফা দরপত্রে ক্ষেত্রটি অন্তর্ভুক্ত করে নগদ দেড় কোটি ডলার দেওয়ার শর্ত বাদ দেওয়া হয়। এ পর্যায়ে স্যান্তোস ৫ শতাংশ গ্যাস বেশি দিয়ে ক্ষেত্রটি পরিচালনার দায়িত্ব চাইছে। সরকার তাতে সাড়া না দেওয়ায় স্যান্তোস চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।স্যান্তোস এ বছরের মধ্যেই চলে গেলে সমুদ্রবক্ষে সাঙ্গুর প্লাটফর্ম, চট্টগ্রামের সিলিমপুরে স্থাপিত গ্যাস প্রক্রিয়াকরণ কারখানা প্রভৃতি সরকারকে বুঝে নিতে হবে। কিন্তু সিলিমপুর থেকে বেতার তরঙ্গ ও দূরনিয়ন্ত্রণ পদ্ধতিতে পরিচালিত ওই অবকাঠামো পরিচালনার মতো কারিগরি ও অর্থিক সামর্থ্য সরকারের নেই। তা ছাড়া সাঙ্গু থেকে বাণিজ্যিক উৎপাদন বন্ধ হয়ে গেলে ওই অবকাঠামো চালিয়ে রাখা হবে শুধুই খরচের ব্যাপার। আবার চালিয়ে না রাখলে তা নষ্ট হয়ে যাবে।তবে চলে যাওয়ার আগে স্যান্তোসকে সরকার বলতে পারে ওই সব অবকাঠামো ভেঙে দিতে। সে ক্ষেত্রে ওই কাজে প্রায় তিন কোটি ডলার ব্যয় হলেও চুক্তি অনুযায়ী স্যান্তোস তা করতে বাধ্য।