স্যামসন চৌধুরীকে সমাহিত করা হবে পাবনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিশিষ্ট শিল্পপতি ও স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীকে কাল শনিবার পাবনার আতাইকুলায় তাঁর পৈতৃক নিবাসে সমাহিত করা হবে। এর আগে পাবনার স্কয়ার ফার্মায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।সিঙ্গাপুর থেকে আজ শুক্রবার রাত নয়টার দিকে স্যামসন এইচ চৌধুরীর মরদেহ দেশে এসে পৌঁছায়। সেখান থেকে মরদেহ নেওয়া হবে কাকরাইলের সেন্ট ম্যারিস ক্যাথিড্রাল চার্চে। রাত সাড়ে ১০টায় সেখানে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। এতে স্যামসন এইচ চৌধুরীর পরিবারের সদস্যসহ শুভানুধ্যায়ীরা যোগ দেন।প্রার্থনা সভা শেষে রাতে মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমাগারে। পারিবারিক সূত্রে জানা গেছে, কাল শনিবার ভোর সাড়ে চারটায় মরদেহ গাড়িতে করে পাবনার উদ্দেশে নেওয়া হবে। প্রথমে মরদেহ নেওয়া হবে পাবনার আতাইকুলায় পৈতৃক নিবাসে। সেখানে শ্রদ্ধা জানানোর পর পাবনা শহরের স্কয়ার ফার্মা চত্বরে নেওয়া হবে মরদেহ। সেখানে কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের প্রিয় মানুষটিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। এরপর আবার আতাইকুলায় নিয়ে তাঁকে সমাহিত করা হবে।চার বন্ধু মিলে ১৯৫৮ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড গড়ে তুলেছিলেন স্যামসন এইচ চৌধুরী। সময়ের পরিক্রমায় তাঁর স্কয়ার আজ দেশের বিশাল একটি শিল্প গ্রুপে পরিণত হয়েছে। পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশের শিল্প, কৃষি, সেবা ও আর্থিক খাতে বিনিয়োগ করেছেন। ফার্মাসিউটিক্যালস দিয়ে শুরু হলেও প্রসাধনসামগ্রী, টেক্সটাইল, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও গণমাধ্যমেও বিস্তৃত এখন স্কয়ার। বর্তমানে স্কয়ার শিল্পগোষ্ঠীর অধীনে ১৯টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ২৮ হাজারের বেশি কর্মী কাজ করছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে স্কয়ারের পণ্য। স্কয়ার গ্রুপের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ৬১ কোটি ৬০ লাখ ডলার।দেশের বিশিষ্ট এ শিল্পপতি সিঙ্গাপুরের র্যাফেলস হাসপাতালে বার্ধক্যজনিত রোগে গতকাল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, পাঁচ নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।