স্যারের আচরণে ক্ষুব্ধ ছিলাম, বলেছিলাম শাসাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশিদ তাঁর এক ছাত্রীর আক্রোশেই জীবন দিয়েছেন। ওই ছাত্রী তাঁর প্রেমিক কাওসার আহমদের কাছে শিক্ষক হারুনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। ক্ষিপ্ত হয়ে কাওসার শিক্ষককে তাঁদের চোখের সামনে মারধর ও ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান। শিক্ষক খুনে সহযোগিতা করার কথা স্বীকার করে গতকাল বৃহস্পতিবার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে জবানবন্দি দিয়েছেন ওই ছাত্রী। আদালতে ওই ছাত্রী বলেন, স্যারের আচরণে ক্ষুব্ধ ছিলাম। কাওসারকে বলেছিলাম শাসাতে। খুনের পরিকল্পনা ছিল না। হাকিম মো. শামসুদ্দিন মাসুম ছাত্রীর জবানবন্দি ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেন।পুলিশ সূত্র জানায়, গত রোববার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব-৯) শিক্ষক হারুন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের দুই ছাত্রীসহ পাঁচজনকে আটক করেন। সোমবার রাতে তাঁদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পুলিশ পাঁচজনকেই শিক্ষক হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়। পরদিন মঙ্গলবার আদালতে হাজির করে তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। তবে শিক্ষক খুনের মূল হোতা ওই ছাত্রীর প্রেমিক কাওসার আহমদকে গতকাল পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, মঙ্গলবার রাত থেকে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দুই ছাত্রী শিক্ষক হত্যার পেছনের কারণ বর্ণনা করেন। যে ছাত্রীর প্রেমিক শিক্ষক হত্যার মূল হোতা, একপর্যায়ে ওই ছাত্রী ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হন। গতকাল দুপুরে তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। ছাত্রী জবানবন্দি দেওয়ার পর হত্যাকাণ্ডে ব্যবহূত মোটরসাইকেলটি গতকাল বিকেলে বিশ্বনাথ থেকে উদ্ধার করে পুলিশ।সংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে ওই ছাত্রী পুরো ঘটনা বর্ণনা করেন। মোট তিন পৃষ্ঠায় জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। ছাত্রী জানান, প্রাইভেট পড়তে তিনি শিক্ষকের বাসায় যেতেন। শিক্ষক তাঁর চালচলনের ওপর অতিরিক্ত নজর রাখতেন। এ রকম খবরদারি তাঁর মনে এক ধরনের সন্দেহের সৃষ্টি করে। একদিনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ওই ছাত্রী তাঁর প্রেমিক কাওসারকে জানান। ঘটনা শুনে কাওসার শিক্ষককে শায়েস্তা করতে মরিয়া হয়ে ওঠেন। জবানবন্দিতে ওই ছাত্রী স্বীকার করেন, গত ২১ মার্চ বিকেলে নগরের গৌড়গোবিন্দ টিলায় শিক্ষকের বাসায় যান তিনি (ছাত্রী) ও তাঁর সহপাঠী এক বান্ধবী। কিছুক্ষণ পর তাঁর প্রেমিক কাওসার, সহপাঠীর প্রেমিক আলিমুল ও তাঁদের বন্ধু রাসেল মোটরসাইকেলযোগে শিক্ষকের বাসার সামনে গিয়ে অবস্থান নেন। তিনি প্রথমে শিক্ষক হারুনকে ফোন করেন। পরে শিক্ষকের আসার বিষয়টি ফোন করে কাওসারকে জানান। শিক্ষককে চেনানোর পর হামলার বিষয়টি নিশ্চিত হয়।ওই ছাত্রী জানান, শিক্ষককে খুন করার কোনো পরিকল্পনা ছিল না। তাঁদের চোখের সামনে একটু শাসিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল, শুরুতেই শিক্ষকের মাথায় কাঠের রুল দিয়ে আঘাত করে শিক্ষককে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপর উপর্যুপরি ছুরিকাঘাত করে তাঁরা পালান। বাসা থেকে তিনি ও তাঁর বান্ধবী ঘটনা দেখছিলেন। রক্তক্ষরণ দেখে তাঁরা বুঝতে পারেন, শিক্ষককে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এতে শিক্ষক মারাও যেতে পারেন—এ আশঙ্কায় তাঁরাও পালান। জবানবন্দিতে ওই ছাত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি শিক্ষকের আচরণে ক্ষুব্ধ ছিলাম। কাওসারকে বলেছিলাম, আমার নিরাপত্তার জন্য একটু শাসাতে। কিন্তু সে (কাওসার) যে সহযোগীদের নিয়ে এভাবে শিক্ষককে খুন করে ফেলবে, তা জানতাম না।’ গত ২১ মার্চ বিকেলে সিলেট মহানগরের গৌড়গোবিন্দ টিলার পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন শিক্ষক হারুন-অর-রশিদ। এ ঘটনায় শিক্ষকের শ্যালক আল আজিজ চৌধুরী বাদী হয়ে ২২ মার্চ কোতোয়ালি থানায় একটি মামলা করেন।