স্লুইসগেটটি কৃষকের কাজে লাগেনি
সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের করুম নদীর ওপর নির্মিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামোটি (স্লুইসগেট ওয়্যারটি) নির্মাণের প্রথম বছরই পরিত্যক্ত হয়ে গেছে। ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই স্লুইসগেট ওয়্যারটি কৃষকের কোনো উপকারে আসেনি। কৃষকদের দাবি, অপরিকল্পিতভাবে, আকারে ছোট এবং স্লুইসগেট নির্মাণ না করায় এটি পরিত্যক্ত হয়েছে। ফলে নির্মাণের পুরো টাকাই জলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।প্রকল্পের আওতায় চাকলাহাট ইউনিয়নের প্রায় ৬০০ হেক্টর জমিতে শুষ্ক মৌসুমে করুম নদী থেকে পানি সরবরাহ করা সম্ভব হবে। শুষ্ক মৌসুমে পার্শ্ববর্তী এলাকার ভূগর্ভস্থ পানির উচ্চতা বাড়বে। ফলে মাটির পানি ধরে রাখার ক্ষমতাও বাড়বে। শুষ্ক মৌসুমে জমিতে পানিও কম লাগবে। আমন মৌসুমে সম্পূরক সেচের কাজে লাগবে। কিন্তু এর কোনো সুফল কৃষকেরা পাননি, বরং তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় ৫০০ কৃষককে নিয়ে একটি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড নামের সংগঠন গড়ে তোলা হয়েছে। প্রকল্পটি চালু না হওয়ায় এই সমিতির কর্মকাণ্ড চালু করা সম্ভব হয়নি। সমিতির আওতায় সদস্যদের সঞ্চয় প্রকল্প, কৃষিঋণ বিতরণ, মৎস্য চাষসহ কৃষকের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার কথা। এ জন্য একজন সোসিও ইকোনমিস্ট (সমাজবিজ্ঞানী) কর্মকর্তা আছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে জমিতে সেচ এবং আমন মৌসুমে সম্পূরক সেচসুবিধার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের করুম নদীতে ৩০ মিটার দৈর্ঘ্য এই স্লুইসগেট ওয়্যার নির্মাণ করে। এলজিইডির দ্বিতীয় ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের আওতায় এই স্লুইসগেট ওয়্যার নির্মাণে ৭৮ লাখ টাকা ব্যয় হয়। এতে ৫০ সেন্টিমিটারের দুটি গেট এবং সাত ফুট উঁচু ওয়্যার (আরসিসি ওয়াল) নির্মাণ করা হয়। পানির প্রবাহ বাড়লে এই ওয়্যারের ওপর দিয়ে অতিরিক্ত পানি বেরিয়ে যাবে। ২০০৮-০৯ অর্থবছরে এটি নির্মাণ করা হয়। এই গেট নির্মাণের পর এলজিইডি গত বছর জুলাই মাসে চাকলাহাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কাছে হস্তান্তর করে।গত বর্ষা মৌসুমে সঠিকভাবে পানি নিষ্কাশন না হওয়ায় উজানে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। এতে নদীতীরবর্তী ফসলি জমি জলাবদ্ধ হয়ে পড়ে। এলাকার কৃষকদের অভিযোগ, এই স্লুইসগেটের কারণে উজানের ৫০০ একর জমিতে তাঁরা আমন ফসল আবাদ করতে পারেননি। অনেকে আমন রোপা লাগালেও পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। এই অবকাঠামোটি সমপ্রসারণ করে আরও চারটি গেট নির্মাণ করার দাবি জানান কৃষকেরা।এদিকে গত ১৯ থেকে ২১ মে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢল স্লুইসগেট ওয়্যারটি দিয়ে বেরিয়ে যেতে পারছে না। ফলে উজানে ব্যাপক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। উত্তর ভাটিয়াপাড়া, মেহেরপাড়া, চাকলাহাট, বীরপাড়া, বড়বাড়ি ও নতুনবন্দর এলাকার শতাধিক কৃষকের প্রায় ৬০০ একর বোরো ধানসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে যায়। স্থানীয় কৃষকদের দাবির মুখে পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান এলাকা পরিদর্শন করেন এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে ২২ মে স্লুইসগেটসংলগ্ন বাঁধ কেটে দেওয়া হয়। বাঁধ কেটে দেওয়ার পর এই অবকাঠামোটি পরিত্যক্ত হয়ে পড়ে। দক্ষিণ ভাটিয়াপাড়ার কৃষক ইসমাইল হোসেন জানান, অপরিকল্পিতভাবে এই স্লুইসগেট নির্মাণের ফলে উজানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকার ছয়টি গ্রামের শতাধিক কৃষকের প্রায় ৫০০ একর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও সাংসদকে জানানো হয়েছে। গত ২২ মে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে সাংসদ গেটের পাশের বাঁধ কেটে দেওয়ার নির্দেশ দেন। ওই এলাকার কৃষক ও সহকারী অধ্যাপক মো. আনিছুর রহমান প্রধান বলেন, এই স্লুইসগেটের ফলে উজানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে দক্ষিণ ভাটিয়াপাড়া, চাকলাহাট, মেহেরপাড়া, নতুনবস্তি, ডাঙ্গাপাড়া, বীরপাড়া, ডোলোপাড়া, উত্তর ভাটিয়াপাড়া এলাকার শতাধিক কৃষকের ৬০০ একর জমি জলাবদ্ধ হয়ে পড়ে। তিনি মনে করেন, পানির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ না করেই অপরিকল্পিতভাবে প্রাক-জরিপ ছাড়াই এই স্লুইসগেট নির্মাণ করে সরকারের অর্থের অপচয় করা হয়েছে।চাকলাহাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আবু দাউদ প্রধান জানান, গেট বন্ধ করে রাখলে বোরো আবাদ করতে পারছে না কৃষক, আবার গেট খুলে দিলে নদীতে পানি থাকছে না। আসলে ৩০ মিটার দৈর্ঘ্য এই স্লুইসগেটে মাত্র ৫০ সেন্টিমিটারের দুটি গেট রাখা হয়েছে। এটি ৫০ মিটার দৈর্ঘ্য ও পাঁচ মিটারের পাঁচটি গেট করলে কৃষকের কাজে লাগত। ওয়্যার না দিয়ে স্লুইসগেট করলে কৃষকের উপকারে আসত। এর আগে পানি উন্নয়ন বোর্ড এখানে একটি স্লুইসগেট নির্মাণ করেছিল। পানির তোড়ে নির্মাণের প্রথম বছরেই তা ভেসে গেছে। পানি প্রবাহের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ না করেই এখানে অপরিকল্পিতভাবে এই স্লুইসগেট নির্মাণ করায় কৃষকের জন্য অভিশাপ হয়ে দেখা দেয়। এ ছাড়া সাত ফুট উঁচু ওয়্যারের কারণে সামনে পলি জমে নদী ভরাট হয়ে গেছে। এই অবকাঠামো কার্যকর করতে হলে সমপ্রসারণ, সংস্কার এবং নদীও খনন করতে হবে। পাশাপাশি গেটের সংখ্যাও বাড়াতে হবে। আমরা প্রকৌশলীদের ৫০ মিটার এবং গেটের সংখ্যা পাঁচটি করতে বলেছিলাম। কিন্তু আমাদের কথা তাঁরা শোনেননি। আমাদের কথা শুনলে ৭৮ লাখ টাকা জলে যেত না।প্রকল্পের সোসিও ইকোনমিস্ট (সমাজবিজ্ঞানী) কর্মকর্তা মো. শাহিদুর রহমান বলেন, প্রকল্পটি চালু না হওয়ায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে কৃষকের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে অন্যান্য কার্যক্রমও চালু করা সম্ভব হয়নি।পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান বলেন, ‘অপরিকল্পিতভাবে এবং আকারে ছোট এই অবকাঠামো নির্মাণের ফলে উজানে অনেক কৃষকের ফসল পানির নিচে তলিয়ে যায়। কৃষকের স্বার্থে বাঁধ কেটে দিতে নির্দেশ দিই। নতুন করে বড় আকারের অবকাঠামো তৈরির কথা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বলেছি।’ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আবদুল বাছেদ বলেন, আসলে চাকলাহাটে করুম নদীর এই স্লুইসগেট ওয়্যারটি কৃষকের জন্য অভিশাপ হয়ে দেখা দিয়েছিল। প্রকল্পটি কৃষকের কোনো কাজে আসেনি। গেটের পাশে বাঁধ কেটে দেওয়ায় এটি এখন পরিত্যক্ত। এলজিইডির দ্বিতীয় ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের আওতায় এই স্লুইসগেট ওয়্যার নির্মাণ করা হয়। এখন এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে তৃতীয় ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের আওতায় এই অবকাঠামোটি আরও বড় আকারে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।