জামায়াতে ইসলামীর ডাকা গতকাল সোমবারের হরতাল প্রত্যাখ্যানের ডাক দিয়েছিল শাহবাগের প্রজন্ম চত্বর। সেই আহ্বানে সাড়া দিয়েছে মানুষ। সকালে শাহবাগ থেকে হরতালবিরোধী মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রজন্ম চত্বরে ফিরে যায়। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে স্লোগান, গান, বক্তব্যে গতকালও মুখর ছিল শাহবাগ।ব্লগার ও শাহবাগ আন্দোলনের কর্মী আহমেদ রাজীব হায়দার হত্যার ঘটনায় গতকাল প্রজন্ম চত্বরে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। রাজীবের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। গণজাগরণ মঞ্চের এ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।বিকেলে তরুণ নাট্যকার ও আন্দোলনকারী তারিকুল ইসলাম স্লোগান দিতে দিতে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় সেখানে শোকের ছায়া নেমে আসে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।দুই দিনের কর্মসূচি শেষে গতকাল রাতে শাহবাগ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। নতুন কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি শাহবাগে মহাসমাবেশ। এ ছাড়া একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ২০ ফেব্রুয়ারি বিকেল চারটা ১৩ মিনিটে শহীদদের উদ্দেশে লেখা চিঠি বেলুনে ওড়ানো।হরতালবিরোধী মিছিল: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে প্রজন্ম চত্বর থেকে হরতালবিরোধী মিছিল বের হয়। গণজাগরণ মঞ্চের ব্যানারে এই মিছিল থেকে জামায়াত-শিবিরকে প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়। মিছিলটি শাহবাগ থেকে সায়েন্স ল্যাবরেটরি-কলাবাগান-কারওয়ান বাজার হয়ে আবার শাহবাগে আসে। মিছিলে ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। মিছিল থেকে পান্থপথে ইসলামী ব্যাংকের একটি বুথ ভাঙচুর করা হয়।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেল থেকে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এই আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দেন নানা শ্রেণী-পেশার মানুষ।আন্দোলনের ১৪তম দিনে গতকালও প্রতিবাদী গান আর স্লোগানে মুখর ছিল প্রজন্ম চত্বর। স্লোগান, গান, আবৃত্তিতে আগুন ঝরেছে তারুণ্যের কণ্ঠে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ছুটে গেছে শাহবাগে। কণ্ঠ মিলিয়েছে স্লোগানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের ভিড়। শাহবাগে যেতে চারদিকের প্রতিটি প্রবেশপথে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। পুলিশ ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য ওই এলাকায় মোতায়েন ছিলেন।সংহতি প্রকাশ: বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে শাহবাগে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, তরুণেরা জেগে উঠেছেন। তাঁদের কেউ আটকাতে পারবে না। এ দেশে রাজাকার-আলবদরের ঠাঁই নেই। তিনি বলেন, একসময় মানুষ ভুল ইতিহাস জেনেছে। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস এমনই শক্তিশালী যে একে মিথ্যা দিয়ে আটকানো যায়নি। তরুণেরা সঠিক ইতিহাস ফিরিয়ে এনেছেন।সংহতি জানাতে এসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, তরুণেরা এই জাতিকে আরও সামনের দিকে নিয়ে যাবেন।সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক শাহবাগে গিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় তাঁরা মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ সাজা ফাঁসি এবং জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন সংহতি জানিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ছাড়া অন্য কিছু আমরা মানি না। রাজাকারদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’ শাহবাগের আন্দোলনে শিক্ষকদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি।দিগন্ত টেলিভিশন বর্জনের ঘোষণা শিল্পী ও নির্মাতাদের: গতকাল টেলিভিশন ও চলচ্চিত্রের শতাধিক শিল্পী ও কলাকুশলী শাহবাগে এসে সংহতি জানান। এই শিল্পীদের মধ্যে রয়েছেন: তারিক আনাম খান, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, শম্পা রেজা, নাদের চৌধুরী, বদরুল আলম সৌদ, জয়া আহসান, কে এস ফিরোজ, কুসুম শিকদার, হাসান মাসুদ, রিচি সোলায়মান, ঝুনা চৌধুী, রোকেয়া প্রাচী প্রমুখ। এ সময় তাঁরা জানান, দিগন্ত টেলিভিশনসহ সমমনা চ্যানেলে আর কোনো নাটক করবেন না তাঁরা। পরে তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে আন্দোলনকারীরাও স্লোগান দিতে থাকেন।