স্লোগান দিতে দিতে চলে গেলেন কার্টুনিস্ট শান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের প্রজন্ম চত্বরে স্লোগান দিতে দিতে হূদরোগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে চলে গেলেন ব্লগার, কার্টুনিস্ট, নাট্যকার ও পরিচালক তারিকুল ইসলাম শান্ত (৩৯) (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ সোমবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।শাহবাগের আন্দোলনকারী ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রজন্ম চত্বরে সংহতি জানাতে অন্য শিল্পীদের সঙ্গে তারিকুল ইসলাম শান্তও প্রতিদিনের মতো বিকেলে শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে শুরু করেন দৃপ্তকণ্ঠের স্লোগান। স্লোগান দিতে দিতে একপর্যায়ে হূদরোগে আক্রান্ত হয়ে সেখানেই পড়ে যান তিনি। অন্যরা তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এ খবর শুনে স্লোগানমুখর শাহবাগ কিছুক্ষণের জন্য স্তব্ধতায় ঢেকে যায়। শান্তর মৃত্যুর ঘটনায় বিকেলে ৫টা ৫৯ মিনিট থেকে এক মিনিট নীরবতা পালন করা হয়।শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক বিভাগের প্রধান সজল ব্যানার্জি প্রথম আলো ডটকমকে বলেন, ‘শান্ত হঠাত্ হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।’ তারিকুল ইসলাম শান্তর বাড়ি টাঙ্গাইলের বাসাইলে। কার্টুনিস্ট হিসেবে দৈনিক ‘ভোরের কাগজ’ পত্রিকায় কর্মজীবন শুরু করেন। পাশাপাশি ‘উন্মাদ’ পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ‘কল্পদূত কমিকস’ ছিল তাঁর নিজস্ব উদ্যোগ। নাট্যকার ও পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন। ‘প্রথম আলো’র জ্যেষ্ঠ সহসম্পাদক শরিফুল ইসলাম ভূঁইয়ার ছোট ভাই শান্ত। শরিফুল ইসলাম ভূঁইয়া প্রথম আলো ডটকমকে জানান, সন্ধ্যায় পশ্চিম নাখালপাড়ার বাসায় তাঁর মরদেহ আনা হয়েছে। পরে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। রাতে তাঁর মরদেহ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিমঘরে রাখা হবে। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর জানাজার পর বনানীর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেল থেকে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন।