স্লোগানমুখর উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের মিষ্টি রোদের সঙ্গে বসন্তের ঝিরিঝিরি বাতাস—দিনের এমন শুরুতে কচিকণ্ঠের স্লোগান ‘রাজাকারের ফাঁসি চাই’ বইমেলায় নতুন এক উচ্ছ্বাস তোলে। স্লোগান দিচ্ছিল ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা শিশুসংগঠন নবরাগের ছেলেমেয়েরা। মেলা প্রাঙ্গণে উপস্থিত বড়দেরও কেউ কেউ ওদের সঙ্গে কণ্ঠ মেলালেন। ছোটদের বেশির ভাগের কপালে বাঁধা এক ফালি কাপড়ে লেখা মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি। নবরাগের সংগঠক শরিফুজ্জামান ভুঁইয়া জানালেন, শিশুদের প্রথমে নিয়ে গিয়েছিলেন লাখো প্রাণের উচ্ছ্বাসমুখর প্রজন্ম চত্বরে। ওই চত্বর ঘুরে নিয়ে এসেছেন অমর একুশে বইমেলায়, শিশু প্রহরে যোগ দিতে। দুপুরের খাওয়া-দাওয়াটা বাইরে কোথাও সেরে নিয়ে আবার যাবেন প্রজন্ম চত্বরে।গতকাল শুক্রবার বইমেলার পঞ্চদশ দিনটি এভাবেই প্রজন্ম চত্বরের সঙ্গে একাকার হয়ে গিয়েছিল। একই ব্যক্তি দুই জায়গায় ঘুরেফিরে আন্দোলনকে উৎসবে রূপ দিয়ে দিলেন, আবার আন্দোলনের বার্তা বইয়ে এনে উৎসবকে করলেন স্লোগানমুখর। এরই মধ্যে সকাল নয়টা থেকে বইমেলা মঞ্চে ছিল শিশু-কিশোরদের সংগীত প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব। ছোটদের কণ্ঠে দেশের গান মেলায় অন্য রকমের আবহ তৈরি করে। বিকেলে একটু একটু করে ভিড় বাড়তে শুরু করে। তবে সন্ধ্যায় শুরু হয় বাঁধভাঙা জোয়ার। নতুন বই: বাংলা একাডেমীর জনসংযোগ বিভাগের তথ্যানুযায়ী, বইমেলায় গতকাল ২০০টি নতুন বই এসেছে। মেলায় আসা নতুন বইয়ের মধ্যে রয়েছে সৈয়দ মনজুরুল ইসলামের উপন্যাস দিনরাত্রিগুলি। প্রথমা প্রকাশনের আনা দিনরাত্রিগুলি উপন্যাসের পরিচিতিতে লেখা হয়েছে, ‘মনের ডাক্তার আমাকে প্রশ্ন শুরু করলে আমি প্রথমেই তাঁকে জানিয়েছিলাম, আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে মনিকার একটি বিয়ে হয়েছিল। সেই স্বামীর সংসার সে করেছিল আড়াই বছর। এই আড়াই বছরে লোকটি চেয়েছিল, মনিকা যেন অন্তত আড়াইটি সন্তান তাকে উপহার দেয়। আমার ‘আড়াই সন্তান’ শুনে ডাক্তার হেসেছিলেন। কিন্তু মনিকার প্রথম স্বামী কথাটা হেসে বলেনি, কখনো হাসত না লোকটা। এক রাতে আধখানা সন্তানও না দেওয়ার অপরাধে মনিকাকে সে মারল; এবং ঘর থেকে বের করে তাকে রাস্তায় রেখে এল।’ আহমদ রফিকের রবীন্দ্রচর্চা বাংলাদেশ এনেছে অনিন্দ্য। এ বইয়ে মুক্তিযুদ্ধপূর্বকালে রবীন্দ্রচর্চার বিতর্কিত সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং ওই চর্চার ধারাবাহিকতা সংক্ষিপ্ত রূপরেখায় তুলে ধরেছেন লেখক। আনোয়ারা সৈয়দ হকের উপন্যাস ঘুম নান্দনিক, রেজাউর রহমানের গল্পের বইকার্নিস ছুঁয়ে পড়া সূচীপত্র, মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ইস্টিশন, আনিসুল হকের হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা দখিন হাওয়ার দক্ষিণ বারান্দায় তাম্রলিপি, মনি হায়দারের মঙ্গলবার রাতে তিন পরি আসে রূপকথা, আহমেদ বাদলের কাব্যগ্রন্থ পুরুষপুরাণ সংবেদ, আবু সাঈদ শিমুলের শিশুর সুস্থতায় কী করবেন, কী করবেন না ঐতিহ্য মেলায় এনেছে। মেলামঞ্চে: ‘আবদুল কাদির: গবেষক-সম্পাদক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন গোলাম মুস্তাফা। আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা করেন ভীষ্মদেব চৌধুরী, সলিমুল্লাহ খান ও হাবিব রহমান। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বিকেল চারটায় ‘শহীদুল জহির: কোথায় পাবো তারে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন প্রশান্ত মৃধা। একটি প্রতিবাদ: ১২ ফেব্রুয়ারি বইমেলাবিষয়ক প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ জানিয়েছে পাঁচটি প্রকাশনী সংস্থা: নওরোজ কিতাবিস্তান, নবযুগ প্রকাশনী, বাঁধন পাবলিকেশন, জোনাকী প্রকাশনী ও আবিষ্কার। ১৪ ফেব্রুয়ারি পাঠানো এক প্রতিবাদলিপিতে তারা জানিয়েছে, পাইরেসির সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয়। কপিরাইট আইন ও প্রকাশনার নীতিমালা অনুসরণ করে ভারতীয় লেখকদের বই মুদ্রণ ও বাজারজাত করে আসছে তারা। বাংলা একাডেমী পাইরেসির ব্যাপারে তাদের সতর্ক করেনি এবং এ বিষয়ে কোনো চিঠিও দেয়নি। অথচ প্রথম আলোতে সতর্ক করে চিঠি দেওয়ার কথা লেখা হয়েছে।প্রতিবেদকের ব্যাখ্যা: প্রকৃতপক্ষে প্রথম আলোয় সতর্ক করার সিদ্ধান্ত হচ্ছে লেখা হয়েছে। এ ব্যাপারে গতকাল বাংলা একাডেমীর উপপরিচালক (জনসংযোগ) মুর্শিদ আনোয়ারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এ পাঁচটিসহ মোট ৩০টি প্রকাশনা সংস্থাকে লিখিতভাবে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে মেলা কমিটিতে অন্তর্ভুক্ত প্রকাশক প্রতিনিধিরা তাঁদের অবহিত করার দায়িত্ব নেওয়ায় শেষ পর্যন্ত চিঠি দেওয়া হয়নি।