যে কিশোর কোনো দিন রাজপথে নামেনি, যে তরুণ কোনো দিন মিছিল করেননি, যে যুবক কোনো দিন স্লোগান দেননি তাঁরাই আজ মিছিল-স্লোগানের অগ্রভাগে রাজপথে। মুষ্টিবদ্ধ হাত তুলে, সর্বশক্তি দিয়ে চিৎকার করে তাঁরা বলছেন, ‘জয় বাংলা’। দাবি জানাচ্ছেন মানবতাবিরোধীদের ফাঁসির। স্বপ্ন দেখাচ্ছেন নতুন এক বাংলাদেশের যেখানে রাজাকার থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না। কাদের মোল্লার ফাঁসির দাবিতে গত মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড়ে যে আন্দোলন শুরু হয়েছিল গতকাল সেই আন্দোলনের এক সপ্তাহ পূর্ণ হলো। টানা সাত দিন রাজপথে কাটালেও এতটুকু ক্লান্তির ছাপ নেই আন্দোলনকারীদের কণ্ঠে। বরং শাহবাগের প্রজন্ম চত্বরে স্লোগানের শব্দ আরও প্রকম্পিত হচ্ছে। সেই ঢেউ ছুঁয়ে যাচ্ছে শিশু-কিশোর-তরুণ-যুবক-বৃদ্ধ সব শ্রেণী-পেশার মানুষকে। শাহবাগ থেকে সেই আওয়াজ ছড়িয়ে পড়ছে সারা দেশে। এই আন্দোলনের সঙ্গে সারা দেশ একাত্ম হয়ে গেছে অনেক আগেই। তার পরও আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার পুরো দেশে একসঙ্গে সংহতি কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া এর মাধ্যমে একাত্তরের শহীদদেরও সম্মান জানানো হবে। আয়োজকেরা এ জন্য আজ বিকেল চারটা থেকে চারটা তিন মিনিট পর্যন্ত সময়ে যে যেখানে থাকবেন সেখানে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একাত্মতা জানানোর আহ্বান জানিয়েছেন।সাদা-নীলে দৃষ্টিনন্দন শাহবাগ: শাহবাগের প্রজন্ম চত্বরে এখন সবচেয়ে বেশি সরব বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জীবনে প্রথমবারের মতো তাঁরা নেমেছেন রাজপথে। প্রতিদিন সকাল হওয়ার পর থেকেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন রঙের স্কুলপোশাক পরে দলে দলে হাজির হচ্ছে শাহবাগে। স্লোগানে-মিছিলে মুখর করে রাখছে তারা শাহবাগকে।বারডেম হাসপাতালের ছাদ থেকে প্রজন্ম চত্বরের দিকে তাকালেই চোখে পড়বে মূল মঞ্চের চারপাশ ঘিরে বসে আছে ইউনিফর্ম পরা ছোট ছোট শিক্ষার্থী, আছেন অ্যাপ্রোন পরা মেডিকেলের শিক্ষার্থীরাও। কপালে লাল-সবুজের ব্যান্ড লাগিয়ে তাঁরা যখন নেচে নেচে গলা ফাটিয়ে, দুলে দুলে স্লোগান দিচ্ছেন, যখন মুষ্টিবদ্ধ হাত তুলে বলছেন ফাঁসি, ফাঁসি—তখন মনে হচ্ছে এ যেন উত্তাল তরঙ্গ। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরে ঘুরে স্লোগান দিয়ে শাহবাগ মাতিয়ে রেখেছিলেন মিরপুর কমার্স কলেজের হাজার দেড়েক শিক্ষার্থী। কলেজের বাংলার শিক্ষক সাইদুর রহমান জানালেন, ১১টি বাসে করে তাঁরা সব শিক্ষার্থীকে নিয়ে এসেছেন শাহবাগে। কেন এসেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা দেশকে জানুক। যুদ্ধাপরাধীদের সম্পর্কে জানুক।’ ওই কলেজের ছাত্র নজরুল ইসলাম, জাহিদ হাসান, নাছির হোসেনসহ আরও অনেকে জানালেন, তাঁরা এই আন্দোলনে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত। তবে তাঁদের একটাই দাবি, রাজাকারদের ফাঁসি দিতেই হবে। সাদা শার্টে সেন্ট যোসেফের একদল শিক্ষার্থী ছিল শাহবাগে। জাহিদ, আবির, রোহান, সিফাত জানাল, স্কুলের শিক্ষকদের সঙ্গেই তারা এখানে এসেছে। ঢাকা কলেজের একদল শিক্ষার্থী মূল মঞ্চের পেছনে স্লোগানে উজ্জীবিত। নিষ্পাপ মুখগুলোর জয় বাংলার চিৎকার যেন ভাসিয়ে নিয়ে যাবে সব অন্যায়। রেসিডেনসিয়াল মডেল স্কুলের একদল শিক্ষার্থী মূল মঞ্চের ভেতরেই ছিল। তাদেরই একজন নবম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ আলামিন বলে, ‘আমরা একদল বন্ধুবান্ধব নিজেরাই এখানে চলে এসেছি। আমরা একাত্তর দেখি নাই। এটিই আমোদের কাছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই আন্দোলনে অংশ নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।’ইস্কাটন গার্লস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী শিরিন আক্তার জানায়, তারা ক্লাস শেষে স্কুল থেকে অনেকে মিলে আন্দোলনে যোগ দিতে এসেছে। তার ভাষ্য, ‘আমরা শুধু কাদের মোল্লা নয়, সব যুদ্ধাপরাধীর বিচার চাই। যারা বিদেশে লুকিয়ে আছে, তাদের ডেকে এনে ফাঁসি দেওয়া হোক। আমরা যুদ্ধাপরাধী, রাজাকারমুক্ত বাংলাদেশ চাই।’ আজিজ সুপার মার্কেট থেকে শাহবাগ মোড়ে বিশাল আকারের ব্যানার বিছিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ। বিশাল আকারের এই ব্যানারটিতে গণস্বাক্ষরকারীরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঘৃণা প্রকাশ করেছেন। হলিক্রস, ভিকারুননিসা, সিটি কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হাবীবুল্লাহ বাহার কলেজ, নূর মোহাম্মদ রাইফেলস কলেজ, মুন্সী আবদুর রউফ রাইফেলস কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ, ইস্কাটন গার্ডেন গার্লস হাইস্কুল, প্রভাতি বিদ্যানিকেতন, কবি নজরুল সরকারি কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজসহ রাজধানীর প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীরা স্বতঃপ্রণোদিত হয়ে আন্দোলনে যোগ দিয়েছেন। শাহবাগের আন্দোলনে যোগ দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এস এম মিল্টন বলেন, ‘অনেকেই বলছেন শাহবাগে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন চলছে। কিন্তু বাস্তবতা হলো আমরা শাহবাগে নতুন এক দেশের স্বপ্ন নির্মাণ করছি। নির্মাণ করছি এক হাইওয়ে। এতে কারও সাময়িক অসুবিধা হলে আমরা দুঃখিত। তবে এই মহাযজ্ঞে যদি কেউ একবার যোগ দিয়ে ফেলেন তখন আর কারও কষ্ট লাগবে না।’ সপ্তম দিনের আন্দোলন: স্লোগানকন্যা হিসেবে খ্যাতি পাওয়া লাকী আক্তার অসুস্থ হয়ে এখনো বারডেম হাসপাতালেই চিকিৎসাধীন। তবে স্লোগানে স্লোগানে গতকাল সারা দিনই গণজাগরণের মঞ্চ উজ্জীবিত করে রাখেন ছাত্র মৈত্রীর সহসভাপতি শামীমা সুলতানা শাওন। প্রথম দিন থেকেই তিনি আছেন এই আন্দোলনে। গতকাল সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান এই আন্দোলনে এসে সংহতি প্রকাশ করে। দুপুর সাড়ে ১২টার দিকে সংহতি প্রকাশ করতে আসেন ভাষাসৈনিক আবদুল মতিন। তিনি এ সময় বলেন, ‘এমন গণজাগরণ আগে কখনো দেখিনি। আমি অভিভূত। আপনাদের পাশে আছি।’ এ সময় বায়ান্নর ভাষা আন্দোলনের স্মৃতিচারণাও করেন তিনি।ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির সংহতি প্রকাশ করতে এসে বলেন, ‘১৯৯২ সালে শহীদজননী জাহানারা ইমামের আন্দোলন থেকে আজকের এই আন্দোলন শুরু হয়েছিল। আজকের আন্দোলনকারীরা জাহানারা ইমামের সন্তান।’বিকেলে আন্দোলনমঞ্চ থেকে স্লোগান দেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এক হাতে ক্র্যাচ আরেক হাতে মাইক নিয়ে তিনি যখন জয় বাংলা বলে স্লোগান দিচ্ছিলেন তখন পুরো শাহবাগ যেন কেঁপে উঠছিল।বিকেল পাঁচটায় সংহতি প্রকাশ করতে যান লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ। তিনি এ সময় বলেন, ‘আমি কলকাতার বইমেলায় ছিলাম। সেখানে বাংলাদেশের সব শিক্ষার্থী এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এত দিন ধরে যে আন্দোলন আমরা করে আসছিলাম, তোমরা তরুণেরা তার চূড়ান্ত রূপ দিলে।’বিকেল পাঁচটা পাঁচ মিনিটে শাহবাগের গণজারণ চত্বরে টানানো হয় দৈর্ঘ্যে ৭০ ও প্রস্থে ৩৫ ফুটের লাল-সবুজের বিশাল একটি পতাকা। পতাকাটি টানানোর সময় গণজাগরণ মঞ্চের জনতা উল্লাসে ফেটে পড়েন। বিশাল এই পতাকাটি চারুকলার শিক্ষার্থীদের তত্ত্বাবধায়নে তৈরি হয়েছে।সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বক্তৃতা, আবৃত্তি, স্লোগানসহ নানা আয়োজন চলছে শাহবাগে। প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন স্লোগান। তবে দাবি সেই একটাই, ফাঁসি। শাহবাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত মল্লিক একটি গান লিখে সুর দিয়েছেন। ‘...আজ কাঁদতে আসিনি, ফাঁসির দাবিতে একাত্ম হয়েছি/ আজ হিসাব চাই এত দিন যত বঞ্চনা সয়েছি/ আবার একাত্তর-শাহবাগ জেগে ওঠো/ পথে এসো, হাত ধরো, ভুলে যাও যত ভয়../’। গানটি ছিল সবার মুখে। বিভিন্ন স্থান থেকে মাইকেও বাজানো হয় গানটি। এ ছাড়া শাহবাগ নিয়ে লেখা কবীর সুমনের নতুন গান ‘শাহবাগে রাতভোর’ও গতকাল মাইকে মাইকে বেজে ওঠে। আজ তিন মিনিট স্তব্ধ থাকবে দেশ: শাহবাগের নবজাগরণ মঞ্চ থেকে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ব্লগার ইমরান এইচ সরকার। তিনি বলেন, ‘যে যেখানে আছেন, কলকারখানা, গাড়ি বা রাস্তায়, মঙ্গলবার বিকেল চারটা থেকে চারটা তিন মিনিট পর্যন্ত দাঁড়িয়ে যাবেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বাংলাদেশকে স্তব্ধ করে দেন।’জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রী এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করায় এবং মন্ত্রিসভায় ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন পাওয়ায় এই আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে বলেও মন্তব্য করেন ইমরান। তিনি এ সময় বলেন, ‘অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের ঐক্য নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু কেউ বিভ্রান্ত হবেন না।’