স্লোভেনিয়ার সড়ক থেকে মুছে গেল টিটোর নাম
স্লোভেনিয়ার একটি সড়ক থেকে যুগোস্লাভিয়ার সাবেক একনায়ক জোসেফ মার্শাল টিটোর নাম মুছে দেওয়া হলো। দেশটির একটি আদালত গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত এক আদেশ জারি করেছেন। রক্ষণশীল নিউ স্লোভেনিয়া পার্টির পক্ষ থেকে টিটোর নামে রাস্তাটির নামকরণ প্রত্যাহারের জন্য সাংবিধানিক আদালতে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, টিটোর শাসনকালে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়া স্লোভেনিয়ার রাজধানী লুবজানায় টিটোর নামে একটি রাস্তা ছিল। গতকাল স্লোভেনিয়ার একটি সাংবিধানিক আদালত এক রায়ে বলেন, টিটো কমিউনিস্ট শাসনের প্রতীক, যে শাসনব্যবস্থায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আদালত আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিক্রিয়াশীল শাসনব্যবস্থা থেকে স্লোভেনিয়াকে স্বাধীন করার ক্ষেত্রে টিটো যেমন অগ্রনায়ক ছিলেন, তেমনি তিনি একনায়ক কমিউনিস্ট শাসনের মাধ্যমে মানুষের স্বাধীনতা ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছেন।’লুবজানা শহরের মেয়র জোরান জাঙ্কোভিচ বাম ঘরানার মানুষ। তিনি ২০০৯ সালে টিটোর নামে এই শহরের একটি রাস্তার নামকরণ করেছিলেন। জোরান জাঙ্কোভিচ বলেন, ‘জোসেফ মার্শাল টিটো ছিলেন গুরুত্বপূর্ণ এক ঐতিহাসিক চরিত্র।’ তবে শহর কর্তৃপক্ষ সাংবিধানিক আদালতের এ নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।জোসেফ মার্শাল টিটো ১৯৪৫ থেকে ১৯৮০ সালে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত সাবেক যুগোস্লাভিয়ার শাসক ছিলেন। যুগোস্লাভিয়ার কাছ থেকে স্লোভেনিয়া ১৯৯১ সালে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত তাঁর নামে অনেক রাস্তার নামকরণ করা হয়। স্বাধীনতার পর এ রাস্তাগুলোর মধ্যে অনেকগুলোরই নতুন নামকরণ করা হয়।২০ লাখ মানুষের দেশ স্লোভেনিয়া। সাবেক যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হয়ে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়া এটাই একমাত্র দেশ। রয়টার্স।