সৎ রাজনীতিবিদদের বিজয়ী করতে হবে
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সৎ লোকেরা রাজনীতি থেকে দূরে সরে গেলে অসৎ লোকেরা রাজনীতিতে ঢুকে পড়বে। তারা এমপি হবে, মন্ত্রী হবে। তাই দেশ বাঁচাতে সৎ রাজনীতিবিদদের বিজয়ী করতে হবে। আজ শনিবার বিকেলে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এ সরকার ক্ষমতায় এলেই যোগাযোগসহ সব ক্ষেত্রেই উন্নয়ন হয়। বাগেরহাটের বেহাল সড়কগুলোর উন্নয়নকাজও দ্রুত শেষ করা হবে বলে তিনি জানান। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন বলেন, শত আন্দোলন করেও যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা যাবে না। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। জনসভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা শেখ হারুন-অর-রশিদ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান, বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী প্রমুখ।জনসভায় সাংসদ শেখ হেলাল উদ্দিনের হাতে ফুলের তোড়া দিয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন।