সৎভাবে ব্যবসা করা আমার সামাজিক দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতা মেনে সারাজীবন ব্যবসা করেছি। তরুণ প্রজন্মেরও উচিত, একইভাবে ব্যবসায় এগিয়ে আসা। সেটি হলে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দেশের সীমানা ছাড়িয়ে ব্যবসা করতে পারবে।’ব্যবসায় নোবেল-খ্যাত বিজনেস ফর পিস পুরস্কার-২০১২ পাওয়ার পর প্রথম আলো কার্যালয়ে দেওয়া এক সংবর্ধনায় এভাবেই অনুভূতি প্রকাশ করলেন লতিফুর রহমান। আজ বুধবার বিকেলে তাঁকে প্রথম আলোর পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।লতিফুর রহমান বলেন, ‘এই পুরস্কার পাওয়ার কথা যখন আমি প্রথম জানলাম, তখনো আমি এর গুরুত্ব ভালোভাবে জানতাম না। পরে ওয়েবসাইটে গিয়ে এর আগে যারা পুরস্কার পেয়েছে, তাদের নাম দেখে বুঝলাম, এই পুরস্কার অত্যন্ত সম্মানের।’লতিফুর রহমান বলেন, ‘ব্যবসায়ী হিসেবে সৎভাবে ব্যবসা করা আমার সামাজিক দায়িত্ব। ঠিকমতো কর দেওয়া আমার নৈতিকতা। আমি মনে করি, প্রতিদিন আমরা এই চর্চা করছি। যে পণ্যই আমরা মানুষকে দিচ্ছি, সেটি যেন সবচেয়ে ভালো হয়, সেটি আমরা মাথায় রাখি। এই পুরস্কার পাওয়ার পর সেই চাপটা আরও বেড়ে গেল। লোকজন এখন অনেক বেশি চাইবে।’লতিফুর রহমান বলেন, ‘বিশ্বায়নের এই যুগে আপনি কোথায় আছেন, সেটি বড় বিষয় নয়। অসলো হোক, নিউইয়র্ক হোক, যেখানেই মানুষ থাকুক, তিনি চান, আন্তর্জাতিক মান। কাজেই সেটি বজায় রাখতে হবে।, তিনি বলেন, ‘আজকে যদি ভারতের প্রতিষ্ঠান সব জায়গায় ব্যবসা করতে পারে, তাহলে বাংলাদেশি প্রতিষ্ঠান কেন পারবে না? বাংলাদেশের অনেক তরুণ এগিয়ে আসছে। নতুন নতুন কোম্পানি আসছে। আমার মনে হয়, তারা আন্তর্জাতিক মান ও নৈতিকতা বজায় রেখে ব্যবসা করে এগিয়ে যেতে পারবে।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘লতিফুর রহমানের এই পুরস্কার পাওয়া ট্রান্সকম গ্রুপের সব কর্মীর জন্য এটি অত্যন্ত আনন্দের। ব্যবসায়িক নৈতিকতা ও সামাজিক দায়িত্বশীলতার কারণে লতিফুর রহমান এই পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের মতো একটি দেশে একজন ব্যবসায়ী নৈতিকতার জন্য পুরস্কার পাচ্ছেন, এটি গর্বের। আমরা সবাই সম্মানিত বোধ করছি।’মতিউর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, সংবাদপত্রের মধ্যে প্রথম আলো ও ডেইলি স্টার সবচেয়ে বেশি কর দেয়। গত বছর কর ও মূল্য সংযোজন কর মিলিয়ে ট্রান্সকম গ্রুপ ৫৫১ কোটি টাকা কর দিয়েছে। ২০১১ সালে প্রথম আলো ৩৫ কোটি টাকা কর দিয়েছে। এই আইন কানুন মেনে চলা এটিই আমাদের সবচেয়ে বড় শক্তি।’ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ‘কিছু কিছু পুরস্কার আছে, বলার মধ্যেও আনন্দ আছে। এটি তেমনই একটি পুরস্কার। সততার জন্য পুরস্কার। হঠাৎ করে মেধাবী হওয়া যায় কিন্তু হঠাৎ করে সৎ বা নীতিবান হওয়া যায় না। এটি দীর্ঘদিনের প্রক্রিয়া।’অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমিন। বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপক সম্পাদক সাজ্জাদ শরিফ। লতিফুর রহমানের জীবনী তুলে ধরেন প্রথম আলোর বার্তা সম্পাদক শওকত হোসেন।