সড়ক অবরোধ, গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগের মধ্য দিয়ে আজ সোমবার সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। আজ সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার সকাল ছয়টা পর্যন্ত।চাঁদপুর : আজ ভোর ছয়টা থেকে জেলার বিভিন্ন সড়ক অবরোধের মধ্য দিয়ে হরতাল শুরু হয়। জেলার চাঁদপুর-মতলব-পেন্নাই সড়কের কালীভাঙতি এলাকা, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দোয়াভাঙ্গা ও বাবুরহাট এলাকায়, ফরিদগঞ্জ-রায়পুর সড়কের গৃদকালিন্দিয়া এলাকাসহ বেশ কয়েকটি রাস্তায় গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে পিকেটাররা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধ সরিয়ে নেয় পুলিশ। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর প্রথম আলো ডটকমকে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।নোয়াখালী: ভোরে হরতালের সমর্থনে শহরের মাইজদী বাজার ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন দেয় পিকেটাররা। সকাল সাতটা থেকে শহরে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল হয়েছে। সকাল নয়টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজারের সামনে সমাবেশ করে।ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে বিশৃঙ্খলা সৃষ্টির তত্পরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রাতে ১৫ জনকে আটক করা হয়েছে।সিরাজগঞ্জ: ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় লবণ ও চুনাপাথরভর্তি দুটি ট্রাকে আগুন দেয় হরতালের সমর্থকেরা। পরে সিরাজগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে ট্রাক দুটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ আহমেদ প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।হরতালের সমর্থনে সকাল থেকে শহরের কোথাও মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। এদিকে হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহর, সদর তাড়াশ উল্লাপাড়া উপজেলার ১৫টি পয়েন্টে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে র্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবিকে টহল দিতে দেখা গেছে।