সড়ক অবরোধে বেনাপোল বন্দর কার্যত অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-বেনাপোল সড়কে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শার্শা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সকাল থেকে এই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।লাগাতার সড়ক অবরোধের কারণে বেনাপোল স্থলবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। শত শত পণ্যবোঝাই ট্রাক গতকাল সকালে বন্দর থেকে মালামাল নিয়ে বের হলেও বন্দর এলাকা ছাড়তে পারেনি। দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করতে পারছে না। ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীরা যানবাহন না পেয়ে ভ্যান-রিকশায় করে বেনাপোল থেকে ১৫ কিলোমিটার দূরে নাভারন মোড় পৌঁছে যানবাহনে উঠছেন।গত বৃহস্পতিবার বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারিকুল আলমকে ঢাকা থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। তাঁকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধের কর্মসূচি পালন করা হচ্ছে। শার্শা উপজেলা আওয়ামী লীগ ও বেনাপোল পৌরসভার উদ্যোগে গতকাল বেনাপোলে পৃথক সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে পৌরসভার পক্ষে কাউন্সিলর শাহাব উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, তারিকুল আলমকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে সড়কে রাতে যানবহন চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। তা ছাড়া ছোটখাটো যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন। বেনোপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তারিকুল আলমকে উদ্ধারে শেরেবাংলা নগর থানা, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বেনাপোল থানার পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালানো হচ্ছে।