সড়ক উন্নয়ন-সংস্কারে ব্যয়ের প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট
গত পাঁচ বছরে সড়ক উন্নয়ন ও সংস্কারে বাজেট এবং ব্যয়সংক্রান্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নূরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।১৪ আগস্ট আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল¬্যাস্ট) রিট করে। প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ রুল জারিসহ এ নির্দেশ দেন।সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ওই ব্যর্থতার কারণে যেসব ঘটনা ঘটেছে সে ব্যাপারে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। আগামী ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত ১৮ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এ ছাড়া ১৫ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত ‘সড়ক নিরাপত্তা উপেক্ষিত: নৌমন্ত্রীর চাপে ২০০৯ সালে ১০ হাজার লাইসেন্স দেওয়া হয়েছিল পরীক্ষা ছাড়া, এবার চান সাড়ে ২৪ হাজার’—এ বিষয়ে যোগাযোগসচিব, হাইওয়ে বিভাগের সচিব, বিআরটিএয়ের চেয়ারম্যানের ভূমিকা ব্যাখ্যা করতে বলা হয়েছে।২০১০ ও ২০১১ সালে দুর্ঘটনার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্ত হয়েছে কি না সে বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। এ ছাড়া ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সনদ দেওয়ার ক্ষেত্রে শারীরিক ও মানসিক সক্ষমতার বিষয়ে জানাতে বলা হয়েছে।এ ছাড়া ২১৬টি চিহ্নিত স্থানে (ব্ল্যাকস্টপ) দুর্ঘটনা এড়াতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানাতে বলা হয়েছে। সড়ক নিরাপত্তা কাউন্সিল কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে জানাতে বলেছেন আদালত।আদালতে আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম শুনানিতে অংশ নেন। সঙ্গে ছিলেন আইনজীবী সারা হোসেন ও ইকবাল কবির লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।