সংসদে যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে সরকারি দল থেকেই। সরকারি দলের অভিজ্ঞ সদস্য তোফায়েল আহমেদ প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীকে অভিযুক্ত করে বলেন, বর্তমান সরকারের দুই বছরে দেশের রাস্তাঘাটের উন্নয়ন বা মেরামতের কোনো কাজ হয়নি। ফলে সারা দেশে রাস্তাঘাটের বেহাল অবস্থা। সরকারি দলের অধিকাংশ সাংসদ এ সময় টেবিল চাপড়ে তোফায়েল আহমেদের বক্তব্যের প্রতি সমর্থন জানান।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন তোফায়েল আহমেদের প্রশংসা করে প্রশ্নটি সামাল দেওয়ার চেষ্টা করলে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘মাননীয় মন্ত্রী, এটি শুধু তোফায়েল আহমেদের বক্তব্য নয়, এটি সকল সদস্যেরই কথা।’প্রশ্নোত্তর পর্বে শেষ প্রশ্নকর্তা ছিলেন তোফায়েল আহমেদ। এর আগে যোগাযোগমন্ত্রী তাঁর স্বভাবসুলভ ঠাট্টা-তামাশার ভঙ্গিতে অধিকাংশ প্রশ্নেরই জবাব দেন। এর আগে মাহাবুব আরা গিনি জানতে চান, তাঁর এলাকায় আরেকটি ট্রেন দেওয়া হবে কি না। জবাবে মন্ত্রী ঠাট্টাচ্ছলে বলেন, ‘যেখানে গিনি সোনা পাওয়া যায়, সেখানে ট্রেন যাবে না, তা হতে পারে না।’ শেষে তোফায়েল আহমেদের প্রশ্নের পর সংসদের পরিবেশ পাল্টে যায়।তোফায়েল আহমেদ প্রশ্নের শুরুতে বলেন, ‘গত দুই বছরে যোগাযোগ মন্ত্রণালয়ে কাজের কাজ কিছু হয়নি। সারা দেশে রাস্তাঘাট সব ভেঙে আছে, কোনো সংস্কার নেই। দুই বছর আগে ঢাকা-চট্টগ্রাম রাস্তা চার লেনে উন্নীত করার দরপত্র দেওয়ার কথা মন্ত্রী বললেও কোনো কাজ এখনো শুরু হয়নি। দুই বছর হয়ে গেলেও পদ্মা সেতুরও কোনো খবর নেই। পদ্মা সেতু ও এলিভেটেড রেলওয়ের ব্যাপারে যোগাযোগমন্ত্রীর সদিচ্ছা আছে কি না, জানতে চাই।’ক্ষুব্ধ কণ্ঠে তোফায়েল আহমেদ বলেন, ‘গত উপনির্বাচনের সময় ব্রাহ্মণবাড়িয়া গিয়ে ভাঙা রাস্তাঘাটের বেহাল দশা দেখে এসেছি। রাস্তার এমনই দুর্দশা যে ৪০ মাইল ঘুরে ঢাকায় ফিরতে হয়েছে।’ তিনি বলেন, ‘সারা দেশে কোথাও গত দুই বছরে রাস্তাঘাটের কোনো সংস্কারকাজ হয়নি। রাস্তাঘাটের এ বেহাল দশা দেখে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে মন খুবই খারাপ হয়েছে। দেশের জনগণের মনের কী অবস্থা, তা সহজেই অনুমেয়।’ তিনি বলেন, সরকারের দুই বছর চলে গেছে, সামনে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তিনি এসব বিষয়ে মন্ত্রীর জবাব চাইলে সংসদে উপস্থিত বেশির ভাগ সাংসদ টেবিল চাপড়ে তাঁকে সমর্থন জানান।জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ‘তোফায়েল আহমেদ আমার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁর প্রশ্নের জবাবে তাই বিষয়টি পরিষ্কারের সুযোগ পেয়েছি।’ তিনি বলেন, সড়ক সংস্কারের জন্য গত দুই বছরে তেমন কোনো বরাদ্দ পাওয়া যায়নি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রণালয় থেকে একটি প্রকল্প প্রস্তুত করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এটি অনুমোদন হলে পরবর্তী তিন মাসেই ব্যাপক সংস্কারকাজ চালানো সম্ভব হবে।প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, আইএমএফ, বিশ্বব্যাংককে সাক্ষী মেনে আবুল হোসেন বলেন, পদ্মা সেতু ও এলিভেটেড হাইওয়ের কাজ শুরু হয়েছে কোনো অর্থ বরাদ্দ ছাড়াই। পদ্মা সেতুর কাজ যখন শুরু হয়, তখন এ খাতে মন্ত্রণালয়ে একটি টাকাও ছিল না। তিনি এ দুটো প্রকল্পকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প আখ্যায়িত করে বলেন, কোনো মন্ত্রণালয় কোনো দিন এত বড় কাজ করেনি। এত বিশাল অঙ্কের অর্থ জোগাড় করাও একটি বিরাট কাজ।এর আগে মমতাজ বেগমের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, আগামী জুলাই মাসে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হতে পারে। ২০০১ সালের ৪ জুলাই মাওয়ার যে জায়গায় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, সেখানেই এবার এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা সম্ভব হতে পারে বলে আশা করা হচ্ছে।মন্ত্রী জানান, ইতিমধ্যে পদ্মা সেতুর নকশা চূড়ান্ত করা হয়েছে। ১১ জানুয়ারি তা একনেক সভায় অনুমোদিত হয়েছে। আগামী জুলাইয়ে ঠিকাদার নিয়োগ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন।হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতুতে সৃষ্ট ফাটল মেরামতের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। চলতি মাসেই মূল্যায়ন সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করা হবে। আর মেরামতকাজে ব্যয় হবে প্রায় ৩৫০ কোটি টাকা।জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কের কুতুবখালী পর্যন্ত ২৬ কিলোমিটার দীর্ঘ উড়ালসেতু নির্মাণের কাজ এপ্রিল মাসে শুরু হচ্ছে। নির্মাণ শেষ হবে ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে।এ বি এম আবুল কাসেমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। ২০১৩ সালের ডিসেম্বরে কাজ সম্পন্ন হবে।