সড়ক ও জনপদ বিভাগের ৯ প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে নলকা-হাটিকুমরুল-বনপাড়া নতুন সড়ক নির্মাণ প্রকল্পে প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ রোববার রাজধানীর শাহবাগ থানায় দুদকের উপপরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বর্তমানে সাময়িক বরখাস্ত) সৈয়দ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ এস এম শফিউল ইসলাম (বর্তমানে খুলনা জোনে কর্মরত), প্রকল্পের উপ-দলনেতা এ এইচ এম রফিকুল সালেহীন, আবাসিক প্রকৌশলী মো. আবদুল ফাত্তাহ, আবাসিক প্রকৌশলী (কোয়ান্টিটি) নাজমুল হক খান, পেভমেন্ট ইঞ্জিনিয়ার বসির উদ্দিন খান, কোয়ালিটি কন্ট্রোলার আলতাফ হোসেন খান, ল্যাব টেকনিশিয়ান রুহুল সাইফুল ইসলাম ও জহুরুল ইসলামের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ১৯৯৮ সালে সওজের আর আর এম প্রকল্প-৩-এর আওতায় ৩১০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নলকা হাটিরকুমরুল-বনপাড়া নতুন সড়ক নির্মাণ প্রকল্প শুরু করে সরকার। ওই বছরের ১ ডিসেম্বর থেকে ২০০৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্মাণকাজ শেষ করা হয়।কিন্তু তিন বছর মেয়াদি নির্মাণকাজ শেষ না হতেই বিভিন্ন স্থানে ফাটল, কারপেটিংয়ের আস্তরণ উঠে গিয়ে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ বিষয়ে প্রচুর অভিযোগের পরে মামলার বাদী ও দুদকের উপপরিচালক আবদুল আজিজ ভূঁইয়ার নেতৃত্বে গঠিত অনুসন্ধান কমিটি ২০০৮ সালের শেষনাগাদ কমিশনে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়। দীর্ঘ তদন্ত শেষে গত বৃহস্পতিবার (২২ জুলাই) কমিশনের বৈঠকে মামলার অনুমোদন দেওয়া হয়।মামলায় বলা হয়েছে, সিরাজগঞ্জ-নাটোর এলাকায় সওজের অধীনে ৫৫ কিলোমিটার দীর্ঘ নলকা-হাটিকুমরুল-বনপাড়া নতুন সড়কের নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের ১৩ কোটি ৯০ লাখ নয় হাজার ৪৪৮ টাকা আত্মসাত্ করা হয়। প্রকল্পের চারটি কনট্রাক্ট প্যাকেজের মধ্যে প্যাকেজ-২-এর ২৫ কিলোমিটার (৪-২৯ কিলোমিটার অংশে) নির্মাণকাজে ঠিকাদার ও সওজের কর্মকর্তারা পরস্পর যোগসাজসে এই টাকা আত্মসাত্ করেছেন।