সড়ক খনন ও পুনর্নির্মাণ নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সড়ক খনন ও পুনর্নির্মাণের জন্য একটি নীতিমালা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় খুবই কম। অভিযোগ রয়েছে, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নিজেরা যেমন সুনির্দিষ্টভাবে এই নীতিমালা অনুসরণ করে না, তেমনি অন্য সেবা সংস্থাগুলোকেও তা মানানোর উদ্যোগ নেয় না। নীতিমালাটি যে কমই মানা হয়, তার একটি বড় প্রমাণ রাজধানীর বিভিন্ন সড়কে বর্ষা মৌসুমেও খননকাজ চলা। নাগরিক সমাজের অভিযোগের পাহাড় জমা এবং প্রচারমাধ্যমে বহুবার বিষয়টি উঠে আসার পরও এ ব্যাপারে বিশেষ অগ্রগতি নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক খনন সমস্যা কমিয়ে আনতে ২০০৩ সালে ঢাকার সড়ক খনন নিয়ন্ত্রণ ও পুনর্নির্মাণের জন্য একটি নীতিমালা প্রণীত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গঠিত ‘ঢাকা শহরে সুশাসন ও উন্নয়ন’ শীর্ষক সেলের পরামর্শক্রমে ওই নীতিমালাটি তৈরি হয়। কিন্তু গুরুত্বপূর্ণ হলেও নীতিমালাটি মানা দূরে থাক, সবগুলো সেবা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা তা পড়ে পর্যন্ত দেখেননি—এমন মন্তব্য করেছে এসব সংস্থার দায়িত্বশীল সূত্র। মাঝে মাঝে বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয় সভা হলেও এর বেশির ভাগ সিদ্ধান্তই বাস্তবায়ন করা হয় না।নীতিমালায় যা আছে: নীতিমালায় চোখ বুলালেই বোঝা যায় এটি মেনে চলা হলে রাজধানীতে অন্তত সড়ক খোঁড়াখুঁড়িজনিত ভোগান্তির অবসান হবে। নীতিমালায় সার্বিক বিষয়ের নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয়ভাবে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি ‘ওয়ান স্টপ’ সমন্বয় সেল এবং সিটি করপোরেশনের অঞ্চলভিত্তিক কয়েকটি ‘মনিটরিং সেল’ গঠন করার কথা বলা হয়। শুরুতে কিছুদিন এই নীতিমালা অনুযায়ী খনন কার্যক্রম পরিচালিত হলেও পরবর্তী সময়ে এটি একরকম হারিয়েই যায়। নীতিমালা অনুযায়ী খননের অনুমতি দেওয়ার সময় সড়কের নিচে পানি, পয়ঃ, গ্যাস, বিদ্যুৎ, ড্রেনেজ ইত্যাদি লাইন বা ব্যবস্থার পর্যালোচনা করে সংশ্লিষ্ট সংস্থাকে খননের সময় বেঁধে দেওয়া হয়। আবেদনকারীর জন্য সড়ক খননের পদ্ধতি, ব্যবহূত যন্ত্রপাতির বিবরণ, সময়সূচি, জননিরাপত্তা ব্যবস্থা, খননকৃত মাটি-রাবিশের অপসারণ ও প্রাথমিক পুনর্বাসন পরিকল্পনা এবং প্রযোজ্য ক্ষেত্রে অঙ্গীকারনামা জমা দেওয়ার বিধান রাখা হয়েছে। নীতিমালায় খনন শুরুর ১৫ দিন আগে এলাকায় মাইকিং ও লিফলেটের মাধ্যমে প্রচার করা, প্রয়োজনীয় জননিরাপত্তামূলক কার্যক্রম হাতে নেওয়া, সাইনবোর্ডে খননের উদ্দেশ্য এবং কাজ শুরু ও সমাপ্তির তারিখ প্রদর্শনের বাধ্যবাধকতা রাখা হয়। এতে বলা হয়, অনিবার্য না হলে খননকাজ শুধু রাতেই হবে এবং সকাল হওয়ার আগে খনন করা মাটি বা রাবিশ সরিয়ে নিতে হবে। নীতিমালার একটি গুরুত্বপূর্ণ বিধানে বলা হয়েছে, কোনো প্রধান সড়ক খননের জন্য একবার কোনো সংস্থাকে অনুমতি দেওয়ার পর অপরিহার্য না হলে পরবর্তী তিন বছরের মধ্যে ওই সড়কে আর কাউকে খননের অনুমতি দেওয়া হবে না।নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি: নীতিমালাটি যে বাস্তবে প্রত্যাশামতো মানা হয় না, তা নগরের সাধারণ বাসিন্দারাও বুঝতে পারেন। সরেজমিন পরিদর্শনেও এ ধারণার সত্যতা মেলে। ডিসিসির নীতিমালা অনুযায়ী ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করা নিষেধ। কিন্তু তা কখনোই পুরোপুরি মানা হয় না। ঘোর বর্ষায় গতকাল শনিবারও রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের পাশের সড়কে রাস্তা খোঁড়াখুঁড়ি করতে দেখা গেছে ওয়াসার শ্রমিকদের। সেখান দিয়ে যেতে থাকা স্থানীয় একটি স্কুলের দুই শিক্ষার্থী এ প্রতিবেদককে উদ্বেগের সঙ্গে প্রশ্ন করে, ‘পুরো বর্ষাই কি আমাদের এ অবস্থায় কাটাতে হবে?’ ধানমন্ডির শংকর এলাকায় চেয়ারম্যানের গলি খোঁড়া শুরুই হয় গত ৫ জুন—অর্থাৎ খনন বন্ধের মৌসুম শুরুর চার দিন পর। এ বিষয়ে গত ১৪ জুন প্রথম আলোয় খবর প্রকাশিত হওয়ার পর ঠিকাদারির সঙ্গে যুক্ত এক ব্যক্তি প্রথম আলোয় ফোন করে প্রবল আপত্তি জানান। তিনি রাগান্বিত স্বরে বলেন, ‘মন্ত্রীকে ম্যানেজ করে রাস্তা খোঁড়ার কাজ ধরছি। আপনারা এর বিরুদ্ধে লিখতে পারেন না। এবার এলাকায় এসে এর পক্ষে লিখতে হবে।’ পরে জানা যায়, ওই ঠিকাদার সরকারদলীয় স্থানীয় এক নেতা। তিনি অবশ্য কোন মন্ত্রীকে ‘ম্যানেজ করে’ কাজটি করেছেন, তা বলেননি। এলাকাবাসীর ভাষ্যমতে, চলতি বছর রাজধানীর কোথাও খননের আগে মাইকিং করা হয়নি। মিরপুর মাজার রোড এবং মোহাম্মদপুর, লালমাটিয়া, উত্তরা ইত্যাদি এলাকার বেশ কিছু রাস্তা এখনো বিধ্বস্ত অবস্থায়। প্রায় তিন মাস মোটা মোটা পাইপ পড়ে থেকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোড থেকে লালমাটিয়া মহিলা কলেজ পর্যন্ত সড়কটি সংকুচিত হয়ে ছিল। সম্প্রতি সেগুলো সরালেও রাস্তা এখনো মেরামত করা হয়নি। ডিসিসির বক্তব্য: ডিসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সড়ক খননবিষয়ক নীতিমালাটি অনুসরণ করা হয় না, এটা ঠিক না। “ওয়ান স্টপ”-এর বিষয়টিও নিয়মিত চর্চা করা হয়।’ তা হলে বিভিন্ন সংস্থা একই রাস্তা বিভিন্ন সময়ে খনন করে কেন—এমন প্রশ্নের জবাবে প্রধান প্রকৌশলী বলেন, ‘আমরা সময় বেঁধে দিয়েছিলাম, মে মাসের পর কেউ রাস্তা খোঁড়াখুঁড়ি করতে পারবে না। কেউ করছেও না।’ অনেক স্থানে জুন মাসের পরও খোঁড়ার কাজ ধরা হয়েছে —এ কথা মনে করিয়ে দিলে প্রধান প্রকৌশলী বলেন, ‘মোহাম্মদপুরের কথা আলাদা। সেখানে বিশ্বব্যাংকের টাকায় ওয়াসা দুই বছরের জন্য কাজ করছে। সেখানে আপত্তি করা যাচ্ছে না।’