সড়ক দুটির দশা নাজুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের রেলওয়ে স্টেশন ও তাজহাট বাবুপাড়া সড়কটির দশা খুবই নাজুক হয়ে পড়েছে। কার্পেটিং উঠে ছোট-বড় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে সড়ক দুটিতে। এই সড়ক দুটি দিয়ে যানবাহনসহ জনগণের চলাচলও কঠিন হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, সড়ক দুটিতে দীর্ঘ ১৫ বছরেও তেমন কোনো সংস্কার করা হয়নি। তবে মাঝেমধ্যে গর্তগুলোতে ইট-খোয়া ফেলে ভরাট করা হয়েছে। কিন্তু অল্প দিনেই তা উঠে সড়ক দুটি আগের অবস্থায় ফিরে যায়।সরেজমিনে দেখা গেছে, শহরের আলমনগরের খাদ্য গুদাম এলাকা থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত আধা কিলোমিটার সড়কে চলাই কঠিন। কিন্তু বিকল্প কোনো সড়ক না থাকায় পার্শ্ববর্তী পীরপুর, আলমনগর এলাকার লোকজন এবং স্টেশনগামী যাত্রীরা বাধ্য হয়ে এ পথেই চলছেন।স্থানীয় ব্যবসায়ী শমসের মিয়া বলেন, ‘সড়কের বেহাল দশা দূর করতে পৌরসভার কাছে কতবার দেন-দরবার করা হয়েছে। তারা শুধু বলে ‘ফান্ড নেই’। চাকরিজীবী এনায়েত হোসেন বলেন, ‘আমরা তো রাস্তা দুটি ঠিক করার জন্য বছরের পর বছর দাবি জানিয়ে আসছি। কিন্তু কে শোনে কার কথা।’এদিকে আলমনগর খাদ্য গুদাম মোড় থেকে তাজহাট বাবুপাড়া সড়কটির দশা আরও বেহাল। এই সড়ক দিয়ে পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয় ও তাজহাট এবং বাবুপাড়ার জনগণকে যেতে হয়। এ ছাড়া সড়কটির পাশে আরকে ফ্যান ইন্ডাস্ট্রিজসহ বড় বড় কয়েকটি গম ও আটার কারখানা রয়েছে। বাবুপাড়ার অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বলেন, এ রাস্তায় হাঁটাও কঠিন। আবার রিকশায় গেলেও অনেক দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় রিকশাই উল্টে যায়।সাতমাথা এলাকার রিকশাচালক হোসেন আলী বলেন, ‘ওই রাস্তাত রিকশা চালাইলে চাকার স্পক ভাঙ্গি যায়। আর বৃষ্টি হইলে তো ওই রাস্তাত একবারে যাওয়া যায় না।’ তাজহাট এলাকার ব্যবসায়ী সেকেন্দার আলী বলেন, রাতের বেলা মোটরসাইকেলে যেতে গিয়ে গর্তে পড়ে যাওয়ার ভয় কাজ করে। রাস্তাটা সংস্কার করা খুব জরুরি। পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় শহরের কয়েকটি সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে ওই সড়ক দুটিও রয়েছে। বরাদ্দ পেলেই সংস্কারকাজে হাত দেওয়া হবে।