সড়ক দুর্ঘটনা, ট্রাকচালকের ১০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক মোস্তফা মিয়ার (৩৮) ১০ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে তিনি এখনো পলাতক। গতকাল বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের প্রথম শ্রেণীর বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আলী আহসান এ রায় দেন। আসামি মোস্তফা মিয়ার বাড়ি কুমিল্লা জেলার হাজীগঞ্জ উপজেলার বাগুই গ্রামে। আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ১৭ জুন কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ব্রহ্মণকচুরি গ্রামের শাহ আবদুস সালাম, নূরুজ্জামান ও শহীদুল ইসলাম একটি রিকশায় করে বাড়ি থেকে শহরে যাচ্ছিলেন। সে সময় কিশোরগঞ্জ- ময়মনসিংহ সড়কের কাটাবাড়িয়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। ওই ট্রাকের চালক ছিলেন মোস্তফা মিয়া। এতে ঘটনাস্থলে নূরুজ্জামান মারা যান। পরে তত্কালীন পিজি হাসপাতালে শাহ আবদুস সালাম মারা যান। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। এ ব্যাপারে নিহত আবদুস সালামের ভাই শাহ আজিজুল হক বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্তের পর ১৯৯৩ সালের ৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।