সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুই চিকিৎসকের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মেডিকেল কলেজের দুজন সহযোগী অধ্যাপক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাতটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভেলান এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় চিকিৎসকদের বহনকারী মাইক্রোবাসের চালকও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন চিকিৎসকসহ আটজন।নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৈয়বুর রহমান (৫৫) ও মো. ইউসুফ আলী (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. সফিকুল ইসলাম (৪০)। তৈয়বুর রহমানের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি গ্রামে। ইউসুফ আলী রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা। মাইক্রোবাসের চালক সফিকুল ইসলামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার কাশিমপুর গ্রামে।দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন দিনাজপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক প্রধান মো. শামসুল আলম চৌধুরী, তাঁর শিশুপুত্র আযম (১০), সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান, সার্জারি বিভাগের চারজন রেজিস্ট্রার মো. তৌহিদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মো. শাহ্জাহান আলী ও মনজুর মুরশেদ এবং ট্রাকচালক রেজাউল ইসলাম (৪০)।আহত ব্যক্তিদের মধ্যে শামসুল আলম ও নুরুজ্জামানকে বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং চারজন চিকিৎসকসহ পাঁচজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সম্মেলনে যোগ দিতে ওই চিকিৎসকেরা দিনাজপুর থেকে রাজশাহীতে যাচ্ছিলেন। দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের ঘোড়াঘাটের বুলাকীপুর ইউনিয়নের ভেলান এলাকায় তাঁদের বহনকারী মাইক্রোবাসের (ঢাকা-চ ১৩-০৩৫৩) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা-ট ১৪-০৬৪৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। আহত হন আটজন।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের দ্রুত কে এইচ মেমোরিয়াল হাসপাতাল ও ঘোড়াঘাট ওসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ঘোড়াঘাট কে এইচ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ট্রাকচালক রেজাউল দাবি করেন, একটি রিকশা-ভ্যানকে বাঁচাতে গিয়ে মাইক্রোবাসটি তাঁর ট্রাকে সজোরে ধাক্কা খায়।গতকাল দুপুর ১২টায় দুই সহযোগী অধ্যাপকের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে নেওয়া হলে তাঁদের স্বজন এবং হাসপাতাল ও কলেজের চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা কান্নায় ভেঙে পড়েন।দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মওদুদ আলমগীর প্রথম আলোকে বলেন, দুই সহযোগী অধ্যাপক নিহত এবং চারজন চিকিৎসক আহত হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগ অচল হয়ে গেল। এই বিভাগে কনসালট্যান্ট মুস্তাফা জাহিদ ছাড়া চিকিৎসা দেওয়ার মতো আর কেউ নেই।গতকাল বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে নিহত তৈয়বুর রহমান ও ইউসুফ আলীর প্রথম জানাজা এবং পুরাতন হাসপাতাল চত্বরে দ্বিতীয় জানাজা হয়। এরপর ইউসুফ আলীর মরদেহ রংপুরের পীরগাছায় নেওয়া হয়। সেখানে জানাজা শেষে গতকাল বাদ এশা পারিবারিক কবরস্থানে ইউসুফ আলীকে দাফন করা হয়। তৈয়বুর রহমানের মৃতদেহ আজ রোববার সকালে নীলফামারীর ডোমারে তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হবে।নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, শামছুল আলম চৌধুরী ও নুরুজ্জামানকে গতকাল দুপুর ১২টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।শামসুল আলম এই হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান গোলাম মাহবুবের তত্ত্বাবধানে এবং নুরুজ্জামান নিউরো সার্জারি বিশেষজ্ঞ সুশান্ত কুমারের তত্ত্বাবধানে রয়েছেন। দুজনেরই মাথায় আঘাত লেগেছে। চিকিৎসক গোলাম মাহবুব গতকাল সন্ধ্যায় জানান, শামছুল আলম চৌধুরীর অবস্থা ভালো নয়। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।সেমিনার শোকসভায় পরিণত: নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, তৈয়বুর রহমান ও ইউসুফ আলীর মৃত্যুর খবরে গতকাল রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ এবং অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস অব বাংলাদেশ আয়োজিত সেমিনারটি মুহূর্তে শোকসভায় পরিণত হয়। আয়োজকেরা জানান, সকাল সাড়ে নয়টায় এই সেমিনার শুরু হওয়ার কথা ছিল। সকাল আটটার দিকেই আয়োজকেরা ওই দুজনের মৃত্যুর খবর পেয়ে সেমিনার বন্ধ করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম আবদুল হান্নানের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে শোকসভা হয়।বিভিন্ন সংগঠনের শোক: স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা গতকাল পৃথক শোকবার্তায় চিকিৎসক তৈয়বুর রহমান ও ইউসুফ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া দিনাজপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।