সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগর ও দেশের সর্বত্র সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডিইউজেএ) প্রধান উপদেষ্টা অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত্ করে।এ সময় তাঁদের সঙ্গে আলোচনাকালে প্রধানমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনার কারণ খুঁজে বের করার পাশাপাশি এটা রোধ করার উদ্যোগ নিতে হবে। চালকদের ট্রাফিক আইনের ওপর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নিতে তিনি সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দুর্ঘটনার প্রবণতা রুখতে এই ব্যবস্থাগুলো নিতে হবে।সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।বৈঠককালে প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আসন্ন রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করেন। প্রতিনিধিদল সমিতির কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিত করে।প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন। তাঁদের সমস্যার বিষয় দেখবেন বলেও আশ্বাস দেন।বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব মোল্ল¬া ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।পরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইটিইউ) উপাচার্য অধ্যাপক এম ইমতিয়াজ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক এম নূরুল¬ আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। —বাসস