সড়ক দুর্ঘটনা রোধে নতুন আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা রোধে নতুন আইন করতে যাচ্ছে সরকার। ‘রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাফিক অ্যাক্ট’ নামে প্রস্তাবিত এই আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত আইনে বেপরোয়া বা বিপজ্জনক গাড়ি চালানোর জন্য সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে। আর বর্তমানে প্রচলিত আইনে (মোটরযান অধ্যাদেশ ১৯৮৩) একই অপরাধের সর্বোচ্চ শাস্তি ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তবে দুর্ঘটনায় কেউ মারা গেলে আগের মতোই দণ্ডবিধির ৩০৪ ধারা অনুযায়ী বিচার হবে।প্রস্তাবিত আইনের খসড়া নিয়ে গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় সভা হয়। সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত খসড়ার বিভিন্ন বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সভায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, একই মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান, বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।‘ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট’ প্রকল্পের আওতায় প্রস্তাবিত আইনের খসড়াটি তৈরি করা হয়েছে। ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি) এই প্রকল্প বাস্তবায়ন করছে।অর্থমন্ত্রী বলেন, মানুষের মতামত নিতে এক সপ্তাহ পর প্রস্তাবিত আইনের খসড়া ওয়েবসাইটে দেওয়া হবে। এক মাস ধরে মতামত নেওয়া হবে। এরপর আরও ১৫ দিন সময় নিয়ে খসড়াটি আইনের জন্য প্রস্তুত করা হবে। তিনি বলেন, ‘আশা করছি, ডিসেম্বরের মধ্যে এটি মন্ত্রিসভায় অনুমোদন শেষে সংসদের আগামী জানুয়ারির অধিবেশনে উপস্থাপন করতে পারব।’অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, প্রচলিত আইনে ৫০টির মতো বিষয়কে অপরাধ হিসেবে ধরা হয়। আর প্রস্তাবিত আইনে ৩০০টির মতো বিষয় অপরাধ হিসেবে ধরা হবে। যেমন, এখন দুর্ঘটনার পর পালিয়ে গেলে অপরাধ হিসেবে ধরা হয় না। প্রস্তাবিত আইনে এটাকেও অপরাধ হিসেবে ধরা হবে। এ ছাড়া বেপরোয়া বা বিপজ্জনক গাড়ি চালানোর জন্য সর্বোচ্চ শাস্তি ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। প্রস্তাবিত আইনের খসড়ায় শাস্তি দুই বছরের কারাদণ্ড ও জরিমানা ১০ হাজার টাকা করা হয়েছে। অবশ্য অর্থমন্ত্রী মনে করেন, প্রস্তাবিত শাস্তি ও জরিমানা যথেষ্ট নয়। তাঁর মতে, এই শাস্তি হওয়া উচিত সাত বছর এবং জরিমানা হওয়া উচিত কয়েক লাখ টাকা। মতামত দেওয়ার সময় তিনি এই প্রস্তাব করবেন বলে সাংবাদিকদের জানান। তিনি আরও বলেন, গাড়ির চালকদের পড়তে ও লিখতে পারতে হবে। অর্থমন্ত্রী বলেন, মোটরযান অধ্যাদেশটি হয় ১৯৩৯ সালে। সংশোধনী হয় ১৯৮৩ সালে। এরপর ছোটখাটো কিছু সংশোধন হয়েছে। তার মানে মোটরযান আইনটি ১৯৩৯ সালের। এই আইন অত্যন্ত অপর্যাপ্ত। এ জন্য নতুন আইন করা হচ্ছে।