সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
সড়ক ও মহাসড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে জানমালের নিরাপত্তা রক্ষা এবং স্বাভাবিক যাতায়াতব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়।সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সড়কপথের ওপর চাপ কমানোর লক্ষ্যে বিকল্প হিসেবে রেলপথের উন্নয়ন ও সম্প্রসারণের সুপারিশ করা হয়। সভায় বলা হয়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই সড়ক-মহাসড়কগুলোতে বেহাল অবস্থা তৈরি হয়েছে। আর এতে করে জানমাল ঝুঁকির মধ্যে পড়ে গেছে।এ ছাড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা অর্থ ছাড়করণে জটিলতা দূরীকরণ, সর্বস্তরে দুর্নীতি বন্ধ, সুষ্ঠুভাবে দায়িত্ব পালন ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে অর্থের যথাযথ ব্যবহার ও অপচয় রোধের পরামর্শ দেওয়া হয়।বৈঠকে সম্প্রতি মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং গণমাধ্যম, সাংবাদিকতা ও সেলুলয়েড বিশেষজ্ঞ মিশুক মুনীরের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। সড়ক ও রেলপথ বিভাগের সামগ্রিক কর্মকাণ্ডের সাযুজ্য বিধানের লক্ষ্যে একটি মাস্টারপ্ল্যান তৈরির ওপর গুরুত্ব আরোপ করে সড়ক ও জনপথ খাতে ২০১০-২০১১ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পগুলোর অঞ্চলভিত্তিক বরাদ্দ ও ব্যয় এবং জুন ২০১১ পর্যন্ত কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল আকবর, হাফিজ আহমদ মজুমদার, মোস্তফা ফারুক মোহাম্মদ, এস কে আবু বাকের এবং মোহাম্মদ রফিকুলইসলাম বৈঠকে অংশ নেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।